বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যাচ্ছেন সু চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের ব্যাংককে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে অংশ নেবেন গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। এ সফরের মধ্য দিয়ে দীর্ঘ ২৪ বছর পর প্রথমবারের মতো মিয়ানমারের বাইরে পা রাখবেন তিনি। বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়। সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত তিন দিনের ওই শীর্ষ সম্মেলনে যোগ দেবেন সু চি। মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনেরও ওই সম্মেলনে যোগ দেওয়ার কথা। এ ছাড়া আগামী মাসে ইউরোপ সফরের পরিকল্পনা রয়েছে সু চির। ১৬ জুন নরওয়ের অসলো সফর করবেন তিনি। যেখানে ১৯৯১ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন সু চি। ২১ জুন যুক্তরাজ্য সফরকালে ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ দেওয়ার জন্য ডেভিড ক্যামেরনের আমন্ত্রণও গ্রহণ করেছেন তিনি। পরে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর পরিদর্শনের কথা রয়েছে তাঁর। রাজবন্দী হিসেবে আটক হওয়ার পর গত দুই দশকের বেশির ভাগ সময় গৃহবন্দী ছিলেন সু চি। ২০১০ সালের শেষ দিকে মিয়ানমারে সংস্কার প্রক্রিয়া চলাকালে তিনি গৃহবন্দিত্ব থেকে মুক্তি পান। গত এপ্রিলে অনুষ্ঠিত উপনির্বাচনে জয়লাভ করেন তিনি।