রাজধানীর অদূরে টঙ্গীর তুরাগ নদের তীরে কাল শুক্রবার তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে। ইজতেমা উপলক্ষে টঙ্গী এখন লাখো মুসল্লির পদচারণে মুখর। ইতিমধ্যে বিশ্বের শতাধিক দেশ থেকে পাঁচ সহস্রাধিক মেহমান ইজতেমা ময়দানে সমবেত হয়েছেন। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মুসল্লিরা প্রয়োজনীয় শীতবস্ত্র ও রান্না করে খাওয়ার সরঞ্জাম নিয়ে ইজতেমা মাঠে জড়ো হচ্ছেন। ২৪ জানুয়ারি রোববার পর্যন্ত টঙ্গীতে ধর্মপ্রাণ মুসল্লিদের সমাগম অব্যাহত থাকবে। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা শেষ হবে।আনুষ্ঠানিকভাবে শুক্রবার শুরু হলেও আজ বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকেই বয়ান শুরু হচ্ছে। ইতিমধ্যে ইজতেমা ময়দানের সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে। পশ্চিম পাশ দিয়ে মাঠে যাতে মুসল্লিরা প্রবেশ করতে পারেন, এ জন্য সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা তুরাগ নদে আটটি ভাসমান পন্টুন (সেতু) তৈরি করেছেন। ১৬৫ একর জমির ওপর বিশাল প্যান্ডেল নির্মাণের পর খুঁটি নম্বর, খিত্তা নম্বর, হালকা নম্বর বসানোর মতো কর্মযজ্ঞ শেষ হয়েছে।ইজতেমা উপলক্ষে টঙ্গীর তুরাগ তীরের বিশাল ময়দানকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। ইজতেমা ময়দানে র্যাবের ছয়টি ও পুলিশের তিনটি পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ করা হয়েছে। বিশ্ব ইজতেমার প্রবেশপথে ও গুরুত্বপূর্ণ স্থানে ১৫ হাজার পুলিশ সদস্যসহ র্যাব, সাদা পোশাকধারী পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন করা হয়েছে। বিশ্ব ইজতেমায় মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে ৩৩টি খিত্তার (জেলাওয়ারি অবস্থান) প্রতিটিতে মুসল্লি বেশে দুজন করে গোয়েন্দা সংস্থার সদস্য নিয়োজিত থাকবেন। মুসল্লি বেশে গোয়েন্দা সদস্যরা কোনো ধরনের নাশকতার টের পেলে তাদের কাছে থাকা মুঠোফোনের মাধ্যমে কন্ট্রোল রুমে বিশেষ বার্তা পাঠাবেন। ইজতেমা শুরুর আগেই পুরো ময়দানের কাজ সম্পন্ন করা হয়েছে। সীমান্ত এলাকা দিয়ে যাতে কোনো জঙ্গি দেশে ঢুকতে না পারে, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে। ইজতেমা ময়দান এবং এর ১৮টি প্রবেশদ্বারসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ৬০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। র্যাব সদস্যরা তাঁদের নির্মিত পর্যবেক্ষণ টাওয়ার থেকে ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় নজর রাখছেন। আকাশে টহল দিচ্ছে র্যাবের নিরাপত্তা হেলিকপ্টার।গতকাল বুধবার বিকেলে পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ইজতেমা মাঠে আসেন। তিনি গৃহীত নিরাপত্তাব্যবস্থার খুঁটিনাটি দেখেন।ইজতেমা উপলক্ষে পুরো মাঠে বিদ্যুতায়নের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। ময়দানে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহের জন্য দ্বিমুখী সংযোগ লাইন স্থাপন ছাড়াও উচ্চক্ষমতাসম্পন্ন চারটি জেনারেটর প্রস্তুত রাখা হয়েছে।ইজতেমা ময়দানে আগত মুসল্লিদের যাতায়াতের জন্য ময়দানের সব রাস্তা পাকা ও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে শুক্র থেকে শনিবার পর্যন্ত তিনটি এবং ২৪ জানুয়ারি আখেরি মোনাজাতের দিন ২২টি বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা নিয়েছে। বিআরটিসির ৫০টি বাস ও সদরঘাট থেকে ইজতেমাস্থল পর্যন্ত শাটল লঞ্চ চলাচল করবে। এ ছাড়া সব আন্তনগর ট্রেন টঙ্গী জংশনে যাত্রাবিরতি করবে। এদিকে আখেরি মোনাজাতের দিন যানজট রোধকল্পে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর চৌরাস্তা থেকে ঢাকা, আশুলিয়া থেকে জিরানী পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। তবে মুসল্লিদের যাতায়াতের জন্য ৮-১০টি শাটল বাস সার্ভিস চালু রাখা হবে।গাজীপুরের সিভিল সার্জন সাইদুর রহমান ভূঁইয়া জানান, বিশ্ব ইজতেমায় মুসল্লিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে টঙ্গীর ৫০ শয্যার সরকারি হাসপাতালে আরও ৫০টি শয্যা বাড়ানো হয়েছে। এখানে নিয়মিত চিকিত্সাসেবা ছাড়াও বিশেষজ্ঞ চিকিত্সক দল ছাড়াও ডায়রিয়া, বার্ন, অ্যাজমা, কার্ডিয়াক, অর্থোপেডিক ইউনিট ২৪ ঘণ্টা খোলা থাকবে। গুরুতর রোগীদের ঢাকাসহ আশপাশের হাসপাতালগুলোতে স্থানান্তরের জন্য ১২টি সরকারি অ্যাম্বুলেন্স ছাড়াও বিভিন্ন বেসরকারি সংস্থা এবং হাসপাতালের নিজস্ব অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। এ ছাড়া ইজতেমা মাঠসংলগ্ন এলাকায় সরকারি-বেসরকারি উদ্যোগে ৪২টি ফ্রি মেডিকেল ক্যাম্প খোলা হয়েছে।মুসল্লিদের সর্বোচ্চ চাহিদার কথা বিবেচনা করে প্রতিদিন ৬০ লাখ গ্যালন পানি সরবরাহের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বছর নতুন আরও দুটি পানির পাম্প বসানো হয়েছে। আগের আটটি ও নতুন দুটি, ওয়াসার দুটিসহ মোট ১২টি পাম্পের মাধ্যমে ইজতেমাস্থলে নিরবচ্ছিন্নভাবে পানি সরবরাহ করা হবে। ইজতেমা মাঠের চারদিকে আনুপাতিক হারে এক হাজার ৭৬৮টি পাকা, দুই হাজার ৫০০টি আধা পাকা এবং তিন হাজার অস্থায়ী টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে স্থায়ীভাবে আরও ৪২৬টি পাকা টয়লেট নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে। পানি ও স্যানিটেশনের জন্য সার্বক্ষণিক তদারকিতে রয়েছেন জনস্বাস্থ্য ও প্রকৌশল বিভাগ গাজীপুরের নির্বাহী প্রকৌশলী মো. ফরহাদ হোসেন। তিনি জানান, এবার পানি ও স্যানিটেশনে কোনো সমস্যা হবে না।গত বছর ইজতেমার খিত্তা ছিল ৩২টি। এ বছর আরও অধিকসংখ্যক মুসল্লির সমাগমের কথা চিন্তা করে ইজতেমা ময়দানকে ৩৩ খিত্তায় উন্নীত করা হয়েছে।