বিশ্ব ইজতেমা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা আজ শুক্রবার শুরু হয়েছে। ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। লাখো মুসল্লির ‘আল্লাহু আকবর’ ধ্বনিতে মুখর শিল্প শহর টঙ্গী।পুরো মাঠের ৩৩টি খিত্তায় জেলাওয়ারি তাবলিগ জামাতের মুসল্লিরা বৃহস্পতিবার রাত থেকে অবস্থান নিয়েছেন। গতকাল সারা দিনই দলে দলে মুসল্লিদের ইজতেমা ময়দানে প্রবেশ করতে দেখা গেছে।তিন দিনব্যাপী এই সমাবেশে আসা মুসল্লিদের জন্য টঙ্গীর তুরাগ নদের তীরে ১৬০ একর খোলা জমিনের ওপর সুবিশাল চটের শামিয়ানা তৈরি করা হয়েছে। আগামী রোববার জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা শেষ হবে।রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী: বিশ্ব ইজতেমা উপলক্ষে গতকাল দেওয়া বাণীতে রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেন, ইজতেমার মধ্য দিয়ে মুসলিম উম্মাহর সব সদস্যের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা এবং ইসলামের শিক্ষা সম্প্রসারণের মাধ্যমে মুসলিম বিশ্বের সংহতি সুদৃঢ় হবে। মহান আল্লাহর দরবারে ইজতেমায় অংশগ্রহণকারী সবার ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ কামনা করেন রাষ্ট্রপতি।প্রধানমন্ত্রী বিশ্ব ইজতেমা উপলক্ষে দেওয়া পৃথক বাণীতে এই ধর্মীয় সমাবেশ দেশ ও বিশ্বের সর্বস্তরের মানুষ ও মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন। তিনি ইজতেমায় আসা বিদেশি মেহমানদের মাধ্যমে আবহমানকাল ধরে আমাদের লালিত অকৃত্রিম সরলতা, অতিথিপরায়ণতা ও সহিষ্ণুতার আলোকবার্তা বিশ্ব দরবারে পৌঁছে যাবে বলেও আশা করেন। বয়ান: গতকাল বাদ জোহর ভারতের মাওলানা শওকত হোসেন, কাকরাইল মসজিদের ইমাম মাওলানা যোবায়ের, ভারতের আহম্মেদ লাট আগত মুসল্লিদের উদ্দেশে বয়ান করেন। প্রতিবছরের মতো এবারও উর্দু ভাষায় বয়ান করা হচ্ছে। বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লিদের সুবিধার্থে বয়ানের সঙ্গে সঙ্গে বাংলা, ইংরেজি, আরবি, মালয়, তামিল, ফরাসি, তুর্কি ও থাই ভাষায় তর্জমা করা হচ্ছে।গতকাল ইজতেমা মাঠ পরিদর্শন করেন ধর্ম প্রতিমন্ত্রী শাহ্জাহান মিয়া, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মজিবর রহমান ফকির ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তাঁরা ইজতেমার সার্বিক কার্যক্রমের খোঁজ-খবর নেন। প্রতিমন্ত্রী শাহ্জাহান মিয়া ও মজিবর রহমান ফকির মুসল্লিদের বিনা মূল্যে চিকিত্সাসেবা প্রদানের জন্য স্থাপিত স্বাস্থ্য অধিদপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন। এ সময় ভূমি মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল, ধর্মসচিব আবদুর রব হাওলাদার, গাজীপুরের জেলা প্রশাসক কামাল উদ্দিন তালুকদার, টঙ্গীর পৌর মেয়র আজমত উল্লাহ খান, জেলা পুলিশ সুপার মাহফুজুল হক নুরুজ্জামান, জেলা সিভিল সার্জন সাইদুর রহমান ভূঁইয়াসহ ইজতেমার শীর্ষস্থানীয় মুরুব্বি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।নিরাপত্তা: ইজতেমা ময়দানসহ শিল্প শহর টঙ্গী ও আশপাশের এলাকাকে নিরাপত্তা বলয়ে নিয়ে আসা হয়েছে। ইজতেমা মাঠের নিরাপত্তার জন্য বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৮ হাজার ৫০০ সদস্য মোতায়েন করা হয়েছে। মাঠের প্রবেশপথগুলোতে মেটাল ডিটেক্টর দিয়ে শরীর তল্লাশি করা হচ্ছে। প্রবেশদ্বারগুলোতে ইজতেমার আয়োজকদের পক্ষ থেকেও পৃথক নিরাপত্তাকর্মীদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।খিত্তাওয়ারি অবস্থান: বিশ্ব ইজতেমা মাঠের ১৬০ একর জমিতে নির্মিত বিশাল চটের শামিয়ানাকে জেলাওয়ারি ৩৩টি খিত্তায় ভাগ করা হয়েছে। নির্দিষ্ট খিত্তায় নির্দিষ্ট জেলার মুসল্লিরা অবস্থান করছেন। মাঠের দক্ষিণ প্রান্ত নদের পাড় থেকে খিত্তা নম্বর শুরু হয়েছে। খিত্তাগুলো হচ্ছে: খিত্তা নম্বর ১ ঢাকার সাভার থানা; খিত্তা-২ ধামরাই; খিত্তা-৩ ঢাকার হালকা; খিত্তা-৪ দোহার; খিত্তা-৫ নবাবগঞ্জ; খিত্তা-৬ ঢাকার হালকা; খিত্তা-৭ টাঙ্গাইল; খিত্তা-৮ দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়; খিত্তা-৯ পাবনা; খিত্তা-১০ সিরাজগঞ্জ; খিত্তা-১১ নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ; খিত্তা-১২ রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্দা ও লালমনিরহাট; খিত্তা-১৩ যশোহর, মাগুরা, নড়াইল ও ঝিনাইদহ; খিত্তা-১৪ বগুড়া ও জয়পুরহাট; খিত্তা-১৫ মুন্সিগঞ্জ; খিত্তা-১৬ নরসিংদী; খিত্তা-১৭ নারায়ণগঞ্জ; খিত্তা-১৮ পিরোজপুর, বরিশাল ও ঝালকাঠি; খিত্তা-১৯ ভোলা; খিত্তা-২০ বরগুনা ও পটুয়াখালী; খিত্তা-২১ খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট; খিত্তা-২২ জামালপুর ও শেরপুর; খিত্তা-২৩ কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা; খিত্তা-২৪ ময়মনসিংহ; খিত্তা-২৫ নেত্রকোনা; খিত্তা-২৬ কিশোরগঞ্জ; খিত্তা-২৭ ফরিদপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী; খিত্তা-২৮ শরীয়তপুর ও মাদারীপুর; খিত্তা-২৯ গাজীপুর ও মানিকগঞ্জ; খিত্তা-৩০ সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার; খিত্তা-৩১ চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি; খিত্তা-৩২ নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর; খিত্তা-৩৩ কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া।ফ্রি চিকিত্সা ক্যাম্প: সরকারি-বেসরকারি পর্যায়ে ৪৩টি ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং টঙ্গী সরকারি হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে। এ ছাড়া ১২টি অ্যাম্বুলেন্স জরুরি ভিত্তিতে রোগীদের আনা-নেওয়ার জন্য রাখা হয়েছে। গতকাল থেকেই সরকারি-বেসরকারি পর্যায়ের প্রায় সবগুলো ফ্রি মেডিকেল ক্যাম্প চালু হয়েছে। এসব মেডিকেল ক্যাম্প থেকে মুসল্লিদের চিকিেসবা ও ওষুধপত্র বিনা মূল্যে দেওয়া হচ্ছে। ইজতেমায় মৃত্যু: টঙ্গী স্টেশন রোড এলাকায় দায়িত্বরত অবস্থায় গতকাল পুলিশের এক সদস্যের মৃত্যু হয়। মহাসড়কে চলাচলকারী একটি বাস পেছন দিক থেকে ধাক্কা দিলে আ. ছাত্তার (৪৫) নামে পুলিশের এই সদস্য মারা যান। তিনি রাজশাহী রেঞ্জ থেকে ইজতেমা মাঠের দায়িত্ব পালন করতে আসেন। তাঁর বাড়ি দিনাজপুর জেলায়।