বিশ্ব ইজতেমা শুরু আজ
বিশ্ব ইজতেমার সব আয়োজন সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা আসতে শুরু করেছেন। শুরু থেকে এ পর্যন্ত একবারে ইজতেমা হলেও এবারের ৪৫তম ইজতেমা হবে দুই পর্বে। ইজতেমার প্রথম দিন আজ শুক্রবার হওয়ায় ইজতেমা মাঠে বড় জমায়েত হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রতিবছরই জুমার দিন ইজতেমা মাঠ ও আশপাশে বিপুল মুসল্লির সমাবেশ হয়।আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্ব শেষ হবে। প্রথম পর্বে ৩৩ জেলার মুসল্লিরা অংশ নেবেন। এ জন্য মাঠকে ৪৪টি খিত্তায় (ভাগে) ভাগ করা হয়েছে। চার দিনের বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব শুরু হবে ২৮ জানুয়ারি শুক্রবার, শেষ হবে ৩০ জানুয়ারি। মাঠে জায়গা না হওয়ায় এবার দুই দফায় ইজতেমার আয়োজন করা হয়। অবশ্য গতকাল বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা অনানুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। ফজরের নামাজের পর দিল্লির মাওলানা শওকত আলী ও জোহরের নামাজের পর কাকরাইলের মুরব্বি মাওলানা যোবায়ের বয়ান করেন।১৯৪৬ সালে প্রথম কাকরাইল মসজিদে ইজতেমার আয়োজন করা হয়। ১৯৪৮ সালে চট্টগ্রামের হাজি ক্যাম্পে এবং ১৯৫৮ সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একবার ইজতেমা অনুষ্ঠিত হয়। প্রতিবছর মুসল্লি বাড়তে থাকায় ১৯৬৬ সালে তা টঙ্গীর তুরাগ নদের তীরে স্থানান্তর করা হয়। পরে সরকার তুরাগ তীরের ১৬০ একর জমি স্থায়ীভাবে ইজতেমার জন্য বরাদ্দ দেয়।গত বুধবার সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকেই মুসল্লিদের অগ্রবর্তী দল মাঠে আসতে শুরু করে। এই দলগুলো মসজিদওয়ারি জামাত নামে পরিচিত। ময়দানে আসা লোকজন কীভাবে বয়ান শুনবেন, আল্লাহর পথে কীভাবে নিজেকে বিলিয়ে দেওয়া যাবে—এসব বিষয়ে মুসল্লিদের নানা পরামর্শ দেবে এই দলগুলো। প্রথম পর্বে যেসব জেলার মুসল্লি আসবেন: ইজতেমার প্রথম পর্বে ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, নরসিংদী, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শেরপুর, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর; চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, ফেনী, চাঁদপুর; সিলেট বিভাগের সিলেট, হবিগঞ্জ; রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, জয়পুরহাট; খুলনা বিভাগের বাগেরহাট, যশোর, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা; বরিশাল বিভাগের ঝালকাঠি, ভোলা ও বরগুনা জেলার মুসল্লিরা অংশ নেবেন। সব প্রস্তুতি শেষ: ইজতেমা মাঠে মুসল্লিদের জন্য নির্মিত প্যান্ডেলের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। মাঠে বয়ানের জন্য পশ্চিম প্রান্তে মঞ্চ নির্মাণের কাজও শেষ। ইজতেমাস্থলে ওয়াসার তিনটি, ইজতেমার নিজস্ব একটি ছাড়া আরও ১০টি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। এ ছাড়া একটি ওভারহেড ট্যাংকে এক লাখ গ্যালন পানি মজুত থাকবে। টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্লা খান জানান, টঙ্গী ও উত্তরার ডেসকো ১৩২ কেভি ক্ষমতাসম্পন্ন উৎস থেকে তিনটি (১১ কেভি) ফিডারের মাধ্যমে ইজতেমাস্থলে বিদ্যুৎ সরবরাহ করছে। এ ছাড়া সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের জন্য চারটি উচ্চক্ষমতাসম্পন্ন জেনারেটর এবং পাঁচটি ট্রলি (মাউন্ডেড ট্রান্সফরমার) অপেক্ষমাণ রাখা হয়েছে। সাধারণ মুসল্লির রান্নাবান্নার স্থায়ী ব্যবস্থা না থাকলেও মাঠের পশ্চিম-উত্তর কোণায় টিনশেডের উন্নত আবাসনে বিদেশি মুসল্লিদের রান্নার জন্য গ্যাসসহ বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ এবং আধুনিক সুবিধা রয়েছে।এসব ঘরে পানি ও বিদ্যুতের সংযোগ দেওয়ার কাজও সম্পন্ন হয়েছে। বিদেশি মেহমানদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা ইজতেমায় আসা এ দেশের বিভিন্ন দল করবে বলে প্রস্তুতি কমিটির এক সদস্য জানিয়েছেন। বিদেশী এই টেন্ট দেশের ভিআইপি আর ভিভিআইপিদের জন্যও উন্মুক্ত থাকবে।আখেরি মোনাজাতের দিন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রীর জন্য বসার ব্যবস্থা করা হয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন। তাঁরা জানান, এ বছরও সৌদি আরব, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বিভন্ন দেশের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদেরা বয়ান করবেন। এসব বক্তব্য মুসল্লিদের বোধগম্য করার জন্য দোভাষীরও ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তা: ইজতেমা উপলক্ষে টঙ্গীতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী শাজাহান মিয়া গতকাল ইজতেমা মাঠ পরিদর্শন করেন। তিনি মাঠ ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন। ইজতেমার নিরাপত্তার জন্য নিরাপত্তা সংস্থাগুলোর ১২ হাজার ৩০০ সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি রয়েছেন তাবলিগের স্বেচ্ছাসেবকেরা। বাঁশের লাঠি হাতে সর্বত্র অগণন স্বেচ্ছাসেবক লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং উচ্চ স্বরে বলছেন, ‘যার যার ডাইনে চলি ভাই, জিকিরে-ফিকিরে চলি ভাই’। র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান গতকাল সকালে ইজতেমাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের জানান, ইজতেমা এলাকায় র্যাব পাঁচটি সেক্টরে ভাগ হয়ে নিরাপত্তা দেবে। ইজতেমা মাঠের প্রবেশপথে ও আশপাশে ৬০টি সিসি টিভিতে সার্বিক কার্যক্রমের চিত্র ধারণ করা হচ্ছে। সজাগ থাকছে র্যাবের স্ট্রাইকিং ফোর্স।যান চলাচলে কিছুটা নিয়ন্ত্রণ: গাজীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন তালুকদার জানান, ইজতেমা উপলক্ষে টঙ্গীর আশপাশ, ঢাকা মহানগর, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচলে কিছু নিয়ন্ত্রণ আনা হয়েছে। ইজতেমার ছয় দিন ঢাকা-সিলেট রুটের যানবাহন টঙ্গী স্টেশন রোডের বদলে কাঁচপুর/যাত্রাবাড়ী হয়ে চলাচল করবে। কালীগঞ্জ থেকে ঢাকাগামী যান টঙ্গীর মরকুন পর্যন্ত চলাচল করবে। ধউড় সেতু থেকে আবদুল্লাহপুর হয়ে প্রগতি সরণি এবং টঙ্গী সেতু থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত বিমানযাত্রী, বিমান ক্রু বহনকারী যানবাহন ও অ্যাম্বুলেন্স ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। পুলিশ কনস্টেবলের মৃত্যু: গতকাল ভোরে টঙ্গী সরকারি কলেজে স্থাপিত অস্থায়ী পুলিশ ক্যাম্পে হূদযন্ত্রের অসুখে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। তাঁর নাম আশরাফ আলী (৫৫)। তিনি ময়মনসিংহ জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি জামালপুরের কম্পপুর গ্রামে। ভোরে তিনি অসুস্থবোধ করলে সহকর্মীরা তাঁকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। গাড়িচাপায় মুসল্লির মৃত্যু: গতকাল দুপুরে টঙ্গীর স্টেশন রোডে গাড়িচাপায় জামাল হোসেন (৪৫) নামের এক মুসল্লি মারা গেছেন। পুলিশ জানিয়েছে, বেলা সোয়া দুইটায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্টেশন রোড এলাকায় সড়ক পারাপারের সময় ওই মুসল্লিকে একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি টঙ্গীর মুদাফা গ্রামে। বাণী: বিশ্ব ইজতেমার সফলতা কামনা করে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, ‘যুগ যুগ ধরে বাংলাদেশ শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমার আয়োজন করে মুসলিম বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।’প্রধানমন্ত্রী তাঁর বাণীতে আশা প্রকাশ করেন, এই মহান ধর্মীয় সমাবেশ দেশ ও বিশ্বের সর্বস্তরের মানুষ ও মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে বিশ্বশান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখবে।