বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টঙ্গীতে তুরাগ নদের তীরে আজ শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এই পর্বে ৩১ জেলার মুসল্লিরা অংশ নেবেন। ৩০ জানুয়ারি মোনাজাতের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের ইজতেমা শেষ হবে।২৩ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের সমাপ্তি হয়। প্রথম পর্বের ইজতেমা শুরু হয়েছিল ২১ জানুয়ারি।মুসল্লিরা গতকাল বৃহস্পতিবার থেকে নিজ নিজ জেলার খিত্তায় অবস্থান নিচ্ছেন। আজ ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হবে। গতকালও ফজরের নামাজের পর তাবলিগের মুরব্বিরা বয়ান করেন।তাবলিগ জামাতের অন্যতম মুরব্বি মো. গিয়াস উদ্দিন জানান, প্রথম পর্বে ইজতেমা যেভাবে শুরু ও শেষ হয়, এবারও তার ব্যতিক্রম হবে না। তিনি জানান, রোববার জোহরের নামাজের আগে মোনাজাতের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শেষ হবে।দ্বিতীয় পর্বের ইজতেমায় যেসব জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন সেগুলো হলো: ঢাকা (আংশিক), মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, টাঙ্গাইল, জামালপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, সুনামগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী, বগুড়া, সাতক্ষীরা, ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর, বরিশাল, পিরোজপুর ও পটুয়াখালী।গতকাল ইজতেমার ময়দান ঘুরে দেখা গেছে, দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিতে প্রথম পর্বের বিপুলসংখ্যক মুসল্লি সেখানে অবস্থান করছেন। রাজশাহীর জামাতবন্দী মুসল্লি আবদুল গফুর জানান, তাঁরা প্রথম পর্বের ইজতেমায় অংশ নিয়েছিলেন এবং এবারও আগামী তিন দিনের ইজতেমা শেষ করে ফিরবেন।আন্তর্জাতিক নিবাসে ভিক্ষুকদের উৎপাত: টঙ্গী বিশ্ব ইজতেমায় ভিক্ষুকদের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছেন বিদেশি মুসল্লিরা। আন্তর্জাতিক নিবাস থেকে বের হওয়া মাত্রই ভিক্ষুকেরা বিদেশি মেহমানদের ঘিরে ধরে। ভিক্ষুকদের এই উৎপাতে তাঁদের বিব্রত হতে দেখা গেছে। গতকাল ইজতেমা ময়দানের আন্তর্জাতিক নিবাসের প্রবেশদ্বারে গিয়ে দেখা গেছে, দল বেঁধে ভিক্ষুকেরা বিদেশি মুসল্লিদের জন্য অপেক্ষা করছে। বিদেশি মেহমানরা ফটক দিয়ে আসা-যাওয়ার সময় ভিক্ষুকেরা তাঁদের পথ আগলে ধরছে। র‌্যাবের সদস্যরা কিছুক্ষণ পরপর ভিক্ষুকদের তাড়া করলেও আবার সেখানে জড়ো হচ্ছে তারা।অস্থায়ী বাজার: ইজতেমা উপলক্ষে গড়ে ওঠা অস্থায়ী বাজারগুলোতে কেনাকাটার ধুম পড়েছে। দোকানগুলোতে জায়নামাজ, তসবি, টুপি, পাঞ্জাবি, আতর, কার্পেট, কম্বল, শীতের কাপড়, ইসলামি বই, বোরকা, শাড়ি, ওড়না, রান্নার সরঞ্জাম, স্থানীয়ভাবে তৈরি নকশি কাঁথাসহ নানা ধরনের সামগ্রী কিনতে ক্রেতাদের ভিড় ছিল লক্ষণীয়। অস্থায়ী দোকানের কারণে রাস্তাগুলোতে যানজটের সৃষ্টিসহ সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে।নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বমূল্য: টঙ্গী আউচপাড়ার গৃহিণী রোকেয়া বেগম জানান, ইজতেমার কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়িয়ে দিয়েছেন কাঁচাবাজারের ব্যবসায়ীরা। সেখানে ১৫ টাকার ফুলকপি-বাঁধাকপি কিনতে হচ্ছে ৩০ টাকায়। ডিমের দাম বেড়ে গেছে। শিম, লাউ, আলু ও টমেটোর দামও বেড়েছে। গরুর মাংস কেজিতে ১০ থেকে ২০ টাকা বেশি। ব্রয়লার মুরগির দামও বেড়েছে।