বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বেও মুসল্লির ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিন গতকাল শুক্রবার আবার লাখ লাখ মুসল্লির সমাগমে মুখরিত টঙ্গীর তুরাগতীর। জুমার দিন বলে রাজধানী ও এর আশপাশের জেলাগুলো থেকে লাখো মুসল্লি ইজতেমা মাঠে জড়ো হন। তবে তাঁদের অনেকেই নামাজ শেষে বাড়ি ফিরে যান।মুসল্লিদের ভিড়ের চাপে বেলা ১১টা থেকে বেলা তিনটা পর্যন্ত টঙ্গী ও এর আশপাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল প্রায় বন্ধ থাকে। লাখো মুসল্লির সঙ্গে সুবিশাল জামাতে জুমার নামাজ পড়ার লক্ষ্যেই গতকাল এত বেশি মানুষ সমবেত হন বলে আয়োজকেরা জানান। ইজতেমা মাঠ ছাপিয়ে জুমার জামাত বিস্তৃত হয় তুরাগের পশ্চিম পাড় ও ময়মনসিংহ মহাসড়ক পর্যন্ত। জামাতে ইমামতি করেন কাকরাইল মসজিদের খতিব হাফেজ মাওলানা জুবায়ের।অংশগ্রহণকারীদের সংখ্যার বিচারে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ হিসেবে পরিচিত বিশ্ব ইজতেমা এবারই প্রথম দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে। আয়োজক তাবলিগ জামায়াত কর্তৃপক্ষ ব্যবস্থাপনার সুবিধার্থে এবার থেকে দুই পর্বে ধর্মীয় জমায়েতটি অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে। এতে দুবারে দেশের ৩২টি করে জেলার বাসিন্দারা অংশ নিচ্ছেন।গতকাল ফজরের নামাজের পর যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ইজতেমার দ্বিতীয় পর্ব। ভারত থেকে আসা তাবলিগ জামাতের ‘মুরব্বি’ মাওলানা মো. শামিম আহমেদের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমা। জুমার নামাজের পর মাওলানা আবদুস সাত্তার (ভারত), আসরের পর মাওলানা যুবায়েরুল হাসান (ভারত) এবং মাগরিবের পর তাবলিগ জামাতের প্রবীণ ‘মুরব্বি’ পাকিস্তানের মাওলানা সা’দ বয়ান করেন। উর্দু ভাষায় করা তাঁদের বয়ান বিভিন্ন ভাষায় তরজমা করে শোনানো হয়। বয়ানের ভাষ্য: গতকাল প্রথম দিনে মুরব্বিরা তাবলিগের ছয় ‘ওছুলের’ মধ্যে দীনের দাওয়াতের জন্য পরিশ্রমের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, সাহাবিদের বেঁচে থাকার উদ্দেশ্য ছিল দীন বা ধর্মকে বাঁচিয়ে রাখা। তাঁরা সর্বক্ষণ দীনের জন্য মেহনত করতেন। ‘দ্বীনের ডাক এলে’ তাঁরা যে যেখানে যে অবস্থায় থাকতেন, দীনের তাগাদা পূরণের জন্য তাৎক্ষণিকভাবে বেরিয়ে যেতেন।আগামী রোববার বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে।দুজনের মৃত্যু: গত বৃহস্পতিবার রাতে ইজতেমা ময়দানের ১৫ নম্বর খিত্তায় নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার কাঁচপুর গ্রামের আজিম উদ্দিন (৬২) এবং ৩৩ নম্বর খিত্তায় খুলনার ডুমুরিয়া থানার আরাজি গ্রামের খোকন সরদার (৭০) হূদেরাগজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।বিদেশি মেহমান: গতকাল ইজতেমায় উপস্থিত ছিলেন দুই হাজার বিদেশি মুসলমান। প্রথম পর্বে অংশ নেওয়া বিদেশিদের অধিকাংশই নিজ নিজ দেশে ফিরে গেছেন। বিদেশিদের মধ্যে যাঁরা চিল্লায় বের হচ্ছেন, মূলত তাঁরাও দ্বিতীয় পর্বে অংশ নিচ্ছেন। ইজতেমা শেষে তাঁরা দীনের আহ্বান জানাতে দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চলের উদ্দেশে রওনা হবেন। গতকাল ইজতেমা ময়দানের আন্তর্জাতিক নিবাস এলাকা ঘুরে দেখা গেছে, এখনো রয়ে যাওয়া বিদেশি মুসল্লিদের বেশির ভাগই দক্ষিণ আফ্রিকার নাগরিক।অসুস্থতা: গতকাল বিভিন্ন মেডিকেল ক্যাম্পে খোঁজ নিয়ে জানা যায়, বিপুলসংখ্যক মুসল্লি চিকিৎসা নিচ্ছেন। তাঁদের অধিকাংশই ডায়রিয়া, আমাশয়, সর্দি-কাশি, জ্বর, হাঁপানি ও হূদেরাগে আক্রান্ত। বিশুদ্ধ খাবার পানির অভাব এবং অত্যধিক ধুলোবালির কারণে মুসল্লিরা এসব রোগে আক্রান্ত হচ্ছেন বলে সংশ্লিষ্টরা মনে করেন।সুবিধা বাড়ানোর উদ্যোগ: জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গাজীপুরের প্রধান প্রকৌশলী মো. নুরুজ্জামান জানান, বিশ্ব ইজতেমা মাঠে বর্তমানে ১১টি উৎপাদন নলকূপের মাধ্যমে প্রতি ঘণ্টায় দুই লাখ ৫০ হাজার গ্যালন পানি সরবরাহ করা হচ্ছে। বর্ধিত চাহিদার কারণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ১১৪ কোটি টাকার একটি প্রকল্পের চাহিদা দেওয়া হয়েছে। প্রকল্পটি গৃহীত হলে ভবিষ্যতে ১০ হাজার পাকা শৌচাগার ও বাড়তি অজু-গোসলখানার ব্যবস্থা করা যাবে। বর্তমানে বিশ্ব ইজতেমা মাঠে দুই হাজার ৩৪০টি টয়লেট, ২৫টি বড় অজুখানা ও ১০৪টি গোসলখানা রয়েছে।২৪টি মোবাইল কোর্ট: ইজতেমাস্থলে স্থাপিত গাজীপুর জেলা প্রশাসনের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা যায়, ইজতেমার আশপাশের হোটেল-রেস্তোরাঁয় বিশুদ্ধ খাবার সরবরাহ নিশ্চিত করতে ২৪টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছেন। এ ছাড়া আদালত এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পকেটমার ও ছিনতাইকারীদের তাৎক্ষণিক বিচারও করছেন। গতকাল শুক্রবার তিনটি ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ ও বেকারির বিরুদ্ধে ১২টি মামলাসহ ৫৮ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেন। ইজতেমা ময়দান ও আশপাশে ২৪টি ভ্রাম্যমাণ আদালত পালাক্রমে দায়িত্ব পালন করছেন।