বিশ্ব ইজতেমায় আজ আখেরি মোনাজাত
লাখো মুসল্লির অংশগ্রহণে গতকাল শনিবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে তিন দিনের ইজতেমা। গতকালও দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বাস-ট্রাক-ট্রেন-লঞ্চে করে মুসল্লিরা টঙ্গীতে এসেছেন। তবে শুরুর দিনই মাঠ কানায় কানায় পূর্ণ হওয়ায় এখন যাঁরা আসছেন তাঁরা জায়গা পাচ্ছেন না। আশপাশের সড়ক, বেশ কয়েকটি বন্ধ কলকারখানার ভেতরে ও ফাঁকা মাঠে মুসল্লিরা অবস্থান নিয়েছেন।আজ আখেরি মোনাজাতে অংশ নিতে আরও কয়েক লাখ মুসল্লি টঙ্গীতে আসবেন। আয়োজকেরা জানান, দুপুর ১২টায় আখেরি মোনাজাত শুরু হবে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, মন্ত্রী ও বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকেরা এতে অংশ নেবেন। তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বি দিল্লির মাওলানা জোবায়রুল হাসান আখেরি মোনাজাত পরিচালনা করবেন।ইজতেমা ময়দানে বিপুলসংখ্যক মুসল্লির সমাগম হওয়ায় টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দানে অজু, গোসল ও খাওয়ার পানির সংকট দেখা দিয়েছে। নদীর পানি দূষিত হওয়ায় মুসল্লিদের ওই পানি ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। কিন্তু মুসল্লিরা বাধ্য হয়ে তা ব্যবহার করছেন।সাতক্ষীরা থেকে আসা মুসল্লি নুরুল ইসলাম বলেন, পানির অভাবে দুই দিন গোসল করতে পারছেন না। তুরাগের পানি এমনই দূষিত যে গায়ে লাগলে শরীর নাপাক হয়ে যাবে। আরও বেশি করে পানির ব্যবস্থা না করলে গণহারে মানুষ অসুস্থ হয়ে পড়বে। দূষিত পানি পান করায় ও ধুলার কারণে ইজতেমা ময়দানে আসা মুসল্লিদের অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। ডায়রিয়া, পেট ব্যথা, অ্যাজমা, কলেরা এবং অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা বেশি দেখা দিচ্ছে।টঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল দুপুর নাগাদ ৩০০ মুসল্লি হাসপাতালে চিকিত্সা নিতে আসেন। টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন বেসরকারি হাসপাতালেও প্রায় ৫০০ জন চিকিত্সা নিয়ে গেছেন বলে জানা গেছে। টঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিত্সক মাহবুবুর রহমান জানান, ১০০ জনের অবস্থা বেশি খারাপ হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বক্ষব্যাধি হাসপাতাল, হূদরোগ ইনস্টিটিউটসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। ইজতেমা ময়দানে ঢাকা ও গাজীপুর জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে চারটি চিকিত্সা ক্যাম্প স্থাপন করা হয়েছে। সেখানে সারি ধরে মুসল্লিদের ওষুধ নিতে দেখা গেছে। চিকিত্সক জসিম উদ্দিন বলেন, প্রবেশপথের পাশের ক্যাম্প থেকেই গতকাল প্রায় দুই হাজার মুসল্লি চিকিত্সা ও ওষুধ নিয়ে গেছেন।বিদেশিদের বিশেষ ব্যবস্থা: গতকাল পর্যন্ত ৮০টি দেশের ২৪ হাজার ৯৪২ জন বিদেশি মেহমান ইজতেমায় আসেন। তাঁদের জন্য নির্ধারিত স্থানে কঠোর নিরাপত্তাব্যবস্থা লক্ষ করা গেছে। খাওয়ার জন্য চেয়ার টেবিলের ব্যবস্থাও রয়েছে। শীতবস্ত্র, জায়নামাজ, মোবাইল ফোনের সিমসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে দোকানের ব্যবস্থাও করা হয়েছে।মুসল্লির মৃত্যু: ইজতেমা মাঠে শুক্রবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন কক্সবাজারের মহেশখালীর মাথাভাড়ি গ্রামের হাজী নাজিম উদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৬৫), ময়মনসিংহ সদরের হরেকৃষ্ণ সড়কের হাজী মকবুল (৬৫), রংপুরের সাহার আলী মোল্লা (৭০), বরিশালের মেহেন্দীগঞ্জের রইছ উদ্দিন আকন্দ (৬২), ময়মনসিংহের মাসকান্দা এলাকার শামসুদ্দিন (৬০)। যৌতুকবিহীন বিয়ে: গতকাল বাদ আসর ১৬৯টি যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়। ইজতেমা ময়দানের মূল মঞ্চে বর-কনের অভিভাবকদের উপস্থিতিতে এই বিয়ে পড়ান মাওলানা জোবায়রুল হাসান। প্রতি বছরই ইজতেমার দ্বিতীয় দিনে যৌতুকবিহীন বিয়ে পড়ানো হয়।কে কোথায় মোনাজাত করবেন: আজ আখেরি মোনাজাতে রাষ্ট্রপতি জিল্লুর রহমান মূল মঞ্চে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাটা কোম্পানির ভেতরে, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া এটলাস হোন্ডা কোম্পানির ভেতরে স্থাপিত মঞ্চ থেকে মোনাজাতে অংশ নেবেন।বয়ান: গতকাল বাদ ফজর ভারতের মাওলানা জামশেদ আলী, বাদ জোহর বাংলাদেশের মাওলানা আবদুল কাদের, বাদ আসর বয়ান করেন ভারতের মাওলানা জোবায়রুল হাসান, বাদ মাগরিব পাকিস্তানের মাওলানা আবদুল ওয়াহাব বয়ান করেন।আইনশৃঙ্খলা: বিভিন্ন অপরাধে শুক্রবার সকাল থেকে শনিবার দুপুর পর্যন্ত ইজতেমা ময়দানের মূল প্যান্ডেল ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে পকেটমারসহ ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়। ভেজাল ও নিম্নমানের খাবার বিক্রি বন্ধ করতে ইজতেমা ময়দানসংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।