রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, মুসল্লিদের কষ্ট কমাতে এবারের বিশ্ব ইজতেমায় বিগত সময়ের তুলনায় বিভিন্ন সুযোগসুবিধা বাড়ানো হয়েছে। ১০ টাকা দিয়ে মুসল্লিরা একই সঙ্গে টিকিট কেটে ঢাকা থেকে টঙ্গী যাওয়া-আসার সুযোগ পাবেন।আজ বৃহস্পতিবার রেল ভবনে বিশ্ব ইজতেমার সুযোগসুবিধা জানানোর উদ্দেশে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন। যাত্রীদের সুবিধায় টিকিট কাউন্টার বাড়ানোসহ ভ্রাম্যমাণ টিকিট-বিক্রেতা নিয়োগের কথাও জানান মন্ত্রী।সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, ১৩ থেকে ১৫ জানুয়ারি ইজতেমার প্রথম পর্বে আখেরি মোনাজাতের দিন (১৫ জানুয়ারি) ঢাকা-টঙ্গী, টঙ্গী-ঢাকা, টঙ্গী-লাকসাম, টঙ্গী-আখাউড়া, টঙ্গী-ময়মনসিংহ এবং টঙ্গী-ঈশ্বরদী পর্যন্ত মোট ২২টি বিশেষ ট্রেন চলাচল করবে। একইভাবে ২০ থেকে ২২ জানুয়ারি ইজতেমার দ্বিতীয় পর্বে আখেরি মোনাজাতের দিন (২২ জানুয়ারি) ঢাকা-টঙ্গী দুটি বিশেষ ট্রেন চলবে। এ ছাড়া ইজতেমার সময় সব ট্রেন টঙ্গী স্টেশনে দুই মিনিট থামবে।সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, দুই পর্বের ইজতেমায় জামালপুর, সিলেট, আখাউড়া, লাকসাম থেকে টঙ্গী পর্যন্ত বিশেষ ট্রেন থাকবে। ইজতেমা শুরুর তিন দিন আগে থেকে সব ট্রেনে যথাসম্ভব অতিরিক্ত কোচ সংযোজনের ব্যবস্থা করা হবে। মুসল্লিদের সুবিধার জন্য ১০ জানুয়ারি দুপুর থেকে ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের আগ পর্যন্ত এবং ১৮ জানুয়ারি দুপুর থেকে ২২ জানুয়ারি মোনাজাতের আগ পর্যন্ত ঢাকাগামী সব ট্রেন টঙ্গী স্টেশনে থামবে।টঙ্গী স্টেশনে একসঙ্গে ৪০ জনের ওজুর ব্যবস্থা, ৩০টি টয়লেটের ব্যবস্থা, ৬০ জন মুসল্লির বিশ্রামের জন্য অস্থায়ী বিশ্রামাগার, ৬০ জনের জন্য অস্থায়ী নামাজের ঘর, মুসল্লিদের সহায়তা করার জন্য নিয়োজিত কর্মচারীদের থাকার জন্য দুটি অস্থায়ী ব্যারাক, একটি চিকিত্সা কেন্দ্রসহ বিভিন্ন সুযোগসুবিধা মুসল্লিরা পাবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। দুই পর্বের আখেরি মোনাজাতের দিন টঙ্গী রেলগেটের ইন্টারলকিং সিস্টেম সাময়িক বন্ধ রেখে নন ইন্টারলকিং পদ্ধতিতে ট্রেন চালানোর ব্যবস্থা করা হবে।বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আবু তাহের, রেল বিভাগের সচিব ফজলে কবীর, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মোহাম্মদ শাহজাহান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। তাঁরা গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।