বিশ্ব ইজতেমায় যোগ দিতে এসেছেন বিপুলসংখ্যক বিদেশি
বিশ্ব ইজতেমায় যোগ দিতে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিভিন্ন দেশ থেকে ইতিমধ্যে বিপুলসংখ্যক বিদেশিরা বাংলাদেশে আসছেন। আজ শুক্রবার শুরু হওয়া বিশ্ব ইজতেমায় গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দুই হাজারেরও বেশি বিদেশি মেহমান এসেছেন। এর মধ্যে ভারতীয়দের সংখ্যা বেশি।অন্য যেসব দেশ থেকে মেহমানেরা এসেছেন সেসব দেশের মধ্যে রয়েছে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, নেদারল্যান্ড, জাম্বিয়া, চীন, চাদ, কিরঘিজস্তান, তাজাকিস্তান, আজারবাইজান, রাশিয়া, সেনেগাল, ইরাক, ফিলিস্তিন, সিরিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, জর্দান, মালয়েশিয়া, সুদান, সৌদি আরব, ইয়েমেন, ফ্রান্স, তিউনিসিয়া, ফুজি, ফিলিপাইন, সোমালিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইথিওপিয়া, মরক্কো, মোজাম্বিক, ইউক্রেন, মিসর, বেলজিয়াম, কাতার, মালে, লেবানন, নেপাল, কেনিয়া, সুইডেন, তুরস্ক, ক্যামেরুন ও আইভেরি কোস্ট।রোববার আখেরি মোনাজাতের আগের দিন পর্যন্ত আরও বিদেশি মেহমান আসবেন বলে ইমিগ্রেশন সূত্রে জানা গেছে।বিদেশি মেহমানদের অভ্যর্থনা জানানো, থাকা-খাওয়া ও ঢাকায় পাঠানোসহ সব কাজ দ্রুত করার জন্য তাবলিগ জামাতের ঢাকার কাকরাইল মসজিদ থেকে ৩০ সদস্যের একটি প্রতিনিধিদল বেনাপোলে অবস্থান করে প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত কাজ করে যাচ্ছে। মেহমানদের সার্বিক সহযোগিতা করেছেন বেনাপোল চেকপোস্ট জামিয়া আরাবিয়া বাগ-এ-জান্নাত কওমি মাদ্রাসা ও এতিমখানার নেতারা। বিশ্ব ইজতেমায় আসা বিদেশি মেহমানসহ মুসল্লি¬দের থাকা ও খাওয়ার জন্য এ মাদ্রাসায় বিশেষ ব্যবস্থা রয়েছে।এদিকে পরিবহন স্বল্পতার কারণে বিদেশ থেকে আসা মুসল্লিরা নানা দুর্ভোগের মধ্যে পড়ছেন। বিশেষ করে কুয়াশার কারণে এখানে নির্ধারিত সময়ের মধ্যে পরিবহনগুলো না আসায় সমস্যা প্রকট হচ্ছে।এ ছাড়া অনেক বিদেশি মেহমানের ভ্রমণকর বাবদ ৩০০ টাকা পরিশোধের ব্যাপারে ধারণা না থাকায় নানা সমস্যায় পড়ছেন। টঙ্গীর বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা ভারতীয় নাগরিক মো. আবদুল্লাহ আল মাহামুদ জানান, শত শত বিদেশি শুধু ধর্মীয় কাজে যোগ দিতে এ দেশে এসেছেন। সরকারের উচিত ইজতেমায় আসা বিদেশি মেহমানদের ভ্রমণকর মওফুক করে দেওয়া।বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আজম জানান, বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা বিদেশিদের দ্রুততার সঙ্গে পাসপোর্টের কাজ সম্পন্ন করা হচ্ছে। এ জন্য অতিরিক্ত লোকবল নিয়োগ দেওয়া হয়েছে।—বাসস