বিশ্ব জলবায়ু সম্মেলন শুরু, ‘সাপের বাসা’ কানকুনে
পৃথিবীর প্রাচীন সভ্যতার অন্যতম মেক্সিকোর মায়া সভ্যতা। মায়া সভ্যতায় কানকুনকে বলা হতো ‘মায়ান রিভেইরা’। বাংলায় এর অর্থ ‘সাপের বাসা’। মেক্সিকোর ইস্টমট প্রদেশের উপকূলঘেঁষা এই নয়নাভিরাম শহরকে পর্যটকেরা বলেন পৃথিবীর স্বর্গ। আইলা ও সিডরে বিধ্বস্ত বাংলাদেশের উপকূলের বিপরীত চিত্র এখানে। প্রকৃতি আর আধুনিক প্রযুক্তি কানকুনে মিলেমিশে একাকার। এই কানকুনে বসেছে জাতিসংঘের ১৬তম জলবায়ু সম্মেলন।পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। পৃথিবীকে রক্ষায় তাই বিশ্বের ১৯৩টি দেশের ১৫ হাজার প্রতিনিধি এখানে জড়ো হয়েছেন। ভিন্নমতের দেশ ও গোষ্ঠীকে এক পথে এনে তাপমাত্রা কমানোর লক্ষ্যে সম্মেলনের আয়োজন করেছে জাতিসংঘ।২৯ নভেম্বর স্থানীয় সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) মেক্সিকোর প্রেসিডেন্ট ফেলিপে কালদেরন সম্মেলনের উদ্বোধন করেন। উদ্বোধনের পরপরই উন্নত দেশগুলো ২০১২ সালের পর কী পরিমাণ কার্বন নিঃসরণ কমাবে, তা নিয়ে চারটি পৃথক সভা শুরু হয়। অনেক আলোচনা, সভা আর বক্তৃতার পর ১০ ডিসেম্বর এই সম্মেলন শেষ হবে।গত বছর ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত সম্মেলনে বিশ্বের বেশির ভাগ দেশের রাষ্ট্রপ্রধান যোগ দিয়েছিলেন। কানকুনে তেমনটি হচ্ছে না। মেক্সিকো জানিয়েছে, তাদের সবাইকে আমন্ত্রণও জানানো হয়নি। জানা গেছে, গতকাল মঙ্গলবার হঠাৎ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইউরোপের কয়েকটি দেশ ও লাতিন আমেরিকার কয়েকজন রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মিহির কান্তি মজুমদার জানান, অভিযোজনবিষয়ক একটি আলোচনায় যোগ দিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।আপসের আহ্বান: এই সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় জলবায়ু তহবিলের বণ্টন। তাপমাত্রা না বাড়াতে কোন দেশ কী অঙ্গীকার করবে, তা নিয়েও এখানে কথা হবে। উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কার্বন নিঃসরণের পরিমাণ কমানো ও বনায়নের মাধ্যমে কার্বন ধরে রাখার মাধ্যমে বিশ্বে কার্বন নিঃসরণে ভারসাম্য নিয়ে আসার বিষয়ও আলোচনায় গুরুত্ব পাবে।ফেলিপে কালদেরন বলেন, ‘বিশ্বকে বাঁচাতে হলে আমাদের আপস করতে হবে।’ মেক্সিকো ও পাকিস্তানের বন্যা এবং রাশিয়ার দাবানলের প্রসঙ্গ তুলে তিনি বলেন, স্বল্পোন্নত দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্বকে বাঁচাতে একটি চুক্তি করা ছাড়া কোনো বিকল্প নেই।একই মঞ্চে ইউনাইটেড ন্যাশনস ফ্রেমওয়ার্ক ফর ক্লাইমেট চেঞ্জের (ইউএনএফসিসি) নির্বাহী সেক্রেটারি ক্রিস্টিয়ানা ফিগুইরা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ধনী দেশগুলো ২৮ বিলিয়ন মার্কিন ডলার জাতিসংঘ তহবিলে জমা দেওয়ার ঘোষণা দিয়েছে। এই অর্থ সময়মতো ও স্বচ্ছতার সঙ্গে বণ্টন করার আহ্বান জানান তিনি।দৃষ্টি বাংলাদেশের দিকে: যুক্তরাষ্ট্র ও জার্মানির দুটি প্রতিষ্ঠান বাংলাদেশকে বিপন্ন ও ঝুঁকিতে থাকা দেশের তালিকার শীর্ষে রেখেছে। শিল্পোন্নত ও উন্নয়নশীল দেশের দৃষ্টিও বাংলাদেশের দিকে। সম্মেলনে আসা বিভিন্ন দেশের প্রতিনিধি ও সাংবাদিক কারও সঙ্গে এই প্রতিনিধির পরিচয় বা কথা হলেই তাঁরা বাংলাদেশের ঝুঁকির বিষয়টি আলোচনায় তুলছেন।দেশভিত্তিক প্ল্যানারি আলোচনায় বাংলাদেশের অবস্থান ও বক্তব্য তুলে ধরেন মিহির কান্তি মজুমদার। তিনি এই শতাব্দীর মধ্যে বিশ্বের তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়তে না দেওয়ার অঙ্গীকার বাস্তবায়নে আইনি বাধ্যবাধকতা ও চুক্তি সম্পাদনের দাবি জানান।কড়া নিরাপত্তা: কানকুনের মোড়ে মোড়ে পুলিশের পাশাপাশি সেনাসদস্যরা অস্ত্র হাতে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছেন। সাগরে টহল দিচ্ছে সমর নৌযান। সম্মেলনকেন্দ্র মুন প্যালেসের বিভিন্ন স্থানে অস্ত্র তাক করে সেনাসদস্যরা টহলে ব্যস্ত। জানা গেছে, মাদক ব্যবসা ও মাফিয়াদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত মেক্সিকোর কয়েকটি শহরে সম্প্রতি সন্ত্রাসী হামলায় প্রায় ৭০ জন মারা যাওয়ার পর কানকুনে নিরাপত্তা টহল বাড়ানো হয়েছে।মেক্সিকো ঘোষণা করেছে, সম্মেলনটি পরিবেশসম্মতভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনের গাড়িগুলো জৈব জ্বালানি দিয়ে চালানো হচ্ছে। সম্মেলনকেন্দ্রে বায়ুচালিত বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে। সম্মেলন থেকে চার হাজার টন কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন হবে। ওই পরিমাণ কার্বন ধরে রাখার জন্য দেশটির আদিবাসী প্রধান মিক্সি ও চিনান অঞ্চলে বনায়নের উদ্যোগ নিয়েছে মেক্সিকো সরকার।