বিশ্ব দ্রব্যমূল্য-জ্বরে ভুগছে : বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, চাল, চিনি, ভোজ্যতেলসহ যেসব নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে, সরকার বিভিন্ন রকম উদ্যোগ নিয়ে তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। পাশের দেশ ভারতসহ সারা বিশ্ব দ্রব্যমূল্য-জ্বরে ভুগছে আর এর পরিপ্রেক্ষিতে সরকারের পদত্যাগের কোনো কারণ নেই।আজ শনিবার গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার এস জে হাইস্কুল প্রাঙ্গণে একটি বেসরকারি উন্নয়ন সংগঠন আয়োজিত চিকিত্সাশিবির পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। সরকারকে পদত্যাগ করতে বিরোধীদলীয় নেতার আহ্বান প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে বিরোধীদলীয় নেতার কথা বলার অধিকার অবশ্যই আছে। তবে তাঁর সঙ্গে দলের দুই-একজন ছাড়া কেউ একমত হবেন কি না, সন্দেহ আছে।মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান রবিউল আলম সিকদার, ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রানী দুর্গাসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।