বিশ্ব নাট্য দিবস সম্মাননা পাচ্ছেন সৈয়দ শামসুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন প্রতিবছরের মতো এ বছরও আইটিআই, বাংলাদেশ পথ নাটক পরিষদ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সঙ্গে যৌথভাবে উদযাপন করছে যাচ্ছে বিশ্ব নাট্য দিবস। এবারের বিশ্ব নাট্য দিবস সম্মাননা দেওয়া হচ্ছে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে।আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় শুরু হবে বিশ্ব নাট্য দিবসের অনুষ্ঠানমালা। অনুষ্ঠানমালায় থাকছে আনন্দ শোভাযাত্রা, প্রীতি সম্মিলন ও আপ্যায়ন, আইটিআই বিশ্ব কংগ্রেসের ওপর তথ্যচিত্র প্রদর্শনী, বিশ্ব নাট্য দিবস বক্তৃতা, সম্মাননা, আলোচনা পর্ব, ১০টি নাট্যদলের গান ও নৃত্যানুষ্ঠান। আজ বিকেল পাঁচটায় আনন্দ শোভাযাত্রাটি গাইড হাউসের সামনে থেকে শুরু হয়ে শেষ হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় এসে। শোভাযাত্রায় শেষে প্রীতি সম্মিলন ও আপ্যায়ন। সন্ধ্যা ছয়টায় জাতীয় নাট্যশালার লবিতে আইটিআই বিশ্ব কংগ্রেসের ওপর তথ্যচিত্র প্রদর্শনী, সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে মূল হলে বিশ্ব নাট্য দিবস বাণী পাঠ, বিশ্ব নাট্য দিবস বক্তৃতা, সম্মাননা প্রদান, আলোচনা পর্ব, ১০টি নাট্যদলের পরিবেশনায় গান ও নৃত্যানুষ্ঠান। আরও থাকছে নিথর মাহবুবের পরিবেশনায় মাইম।বিশ্ব নাট্য দিবস উপলক্ষে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী বলেন, ‘এ ধরনের একটি আয়োজন সংস্কৃতিকর্মীদের মাঝে অন্য রকম একটা বন্ধন তৈরি করে। এতে করে নাট্যদল এবং নাট্যকর্মীদের মধ্যে খুব দ্রুত আত্মিক যোগাযোগ বাড়ে। যা আসলে এ উত্সবের অন্যতম একটা ইতিবাচক দিক।’এবারের বিশ্ব নাট্য দিবসের বাণী দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাট্যকার ও নির্দেশক জন মালকোভিচ। বিশ্ব নাট্য দিবস বক্তৃতা করবেন আইটিআই বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার, আলোচনা করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দেবনাথ, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী। সভাপতিত্ব করবেন আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ।এবারের বিশ্ব নাট্য দিবসের বাণী পাঠ করবেন জয়শ্রী কর জয়া। আর সম্মানিত ব্যক্তির ওপর আলোচনা করবেন নূনা আফরোজ।বিশ্ব নাট্য দিবসের অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আহমেদ গিয়াস ও মীর জাহিদ।