বিশ্ব নেতারাও বুঁদ বায়ার্ন-চেলসি মহারণে
ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের মহারণ হয়ে গেল গত শনিবার রাতে। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল ভক্তের চোখ আটকে ছিল টেলিভিশনের পর্দায়। নাটকের চেয়েও নাটকীয় ম্যাচে তারা দেখেছে বায়ার্ন মিউনিখের মাঠে চেলসির শিরোপা জয়ের উল্লাস-নৃত্য। এ শ্বাসরুদ্ধকর খেলার দর্শকদের তালিকা থেকে বাদ যাননি বিশ্বেরবিবিসি অনলাইন জানিয়েছে, ওই দিন যুক্তরাষ্ট্রের ক্যাম্প ডেভিডে জি-৮ সম্মেলন উপলক্ষে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদসহ অন্য নেতারা। তবে তাঁরা অর্থনৈতিক সংকট সম্পর্কিত আলোচনার মধ্যেই ডুবে থাকেননি। তন্ময় হয়ে তাঁরা উপভোগ করেছেন ফুটবলে ইউরোপ-সেরা হওয়ার এই লড়াই। ১২০ মিনিটে অমীমাংসিত থাকা ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে চেলসির আইভরিয়ান স্ট্রাইকার দ্রগবার শটে নাটকের শেষ অধ্যায় রচিত হওয়ার পরপরই উল্লাসে ফেটে পড়েন ক্যামেরন। শূন্যে হাত ছুড়ে চেলসির বিজয় উদযাপন করেন তিনি। শুধু তা-ই নয়, চেলসির বিজয় নিশ্চিত হওয়ার পরপরই জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে কোলাকুলি করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।ক্যামেরনের পাশেই দাঁড়ানো ছিল ওবামা। তিনি অবশ্য ছিলেন নিরপেক্ষ দর্শক। ক্যামেরনের চেলসি কিংবা মেরকেলের বায়ার্ন—কোনো দিকেই ঝোঁকেননি চতুর ওবামা। কিন্তু তাই বলে টানটান উত্তেজনার ফাইনালের আনন্দ থেকে নিজেকে বঞ্চিতও করেননি তিনি।উল্লেখ্য, গত শনিবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে ১-১ গোলে অমীমাংসিত থাকা ম্যাচ টাইব্রেকারে ৪-৩-এ জিতে নেয় চেলসি।