বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস আজ
আজ ২৮ এপ্রিল বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস। কর্মক্ষেত্রে শ্রমিকদের জীবনে ঘটে যাওয়া নানা দুর্ঘটনার স্মরণে দিনটি শ্রমিকের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস হিসেবে পালন করা হয়। দিবসটির মূল উদ্দেশ্য, কর্মক্ষেত্রে পরিবেশের উন্নয়ন ঘটিয়ে দুর্ঘটনা কমিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্বুদ্ধ করা। ১৯৮৪ সালে দিবসটির সূচনা করে কানাডিয়ান ইউনিয়ন অব পাবলিক এমপ্লয়িজ। কানাডায় শ্রমিকদের ক্ষতিপূরণ আইনটি কার্যকর হওয়ার দিনটিকেই (২৮ এপ্রিল) তখন শ্রমিক স্মরণ দিবস হিসেবে কানাডিয়ান লেবার কংগ্রেস ঘোষণা দেয়। পরে আন্তর্জাতিক শ্রম সংস্থাসহ অন্যান্য সংগঠন দিবসটির স্বীকৃতি দেয়। বাংলাদেশে সরকার এখনো দিবসটির স্বীকৃতি দেয়নি। তবে শ্রমিক স্বার্থ নিয়ে কর্মরত বিভিন্ন বেসরকারি সংগঠন আজ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করবে। বাংলাদেশ অক্যুপেশনাল সেইফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (ওশি) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারের আয়োজন করেছে।