বিশ্ব বাজারে তেল ও মুদ্রার দাম নিম্নমুখী
বিশ্ব বাজারে তেল ও লাভজনক মুদ্রাসমূহ আজ মঙ্গলবার গত কয়েক সপ্তাহব্যাপী চলমান মূল্যবৃদ্ধির প্রবণতা হারিয়েছে। একই সঙ্গে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ কেনা বন্ধ করে দেওয়ায় এশিয়ার বাজারগুলোর শেয়ার দাম হারাচ্ছে। জাপানকে বাদ দিয়ে অন্যান্য এশীয় শেয়ারবাজারগুলোর গড় সূচক এমএসসিআই (মরগান স্ট্যানলি ক্যাপিটাল ইন্টারন্যাশনাল) গত সপ্তাহের উত্সাহব্যঞ্জক মার্কিন অর্থনৈতিক উপাত্তে উদ্বুদ্ধ হয়ে গতকাল আগের ছয় সপ্তাহের সর্বোচ্চ স্তরে পৌঁছানোর পর আজ ০.৩ শতাংশ পয়েন্ট হারিয়েছে। পণ্যের বাজারও আজ নিস্তেজ। মঙ্গলবারে আট সপ্তাহের সর্বোচ্চ স্তর ৮২.৪১ ডলারে উঠে নিউইয়র্কের বাজারে আজ অপরিশোধিত তেলের দাম ০.৫ শতাংশ বা ব্যারেলপ্রতি ৩০ সেন্ট কমে ৮১.৫৭ ডলারে নেমে গেছে। কেননা, বিনিয়োগকারীরা আশা করছে আসন্ন শিল্প-সম্পর্কিত উপাত্ত মার্কিন অপরিশোধিত তেলের মজুদের পরিমাণ অনেক বেশি বলে প্রমাণ করবে। টোকিওতেও আগের দিন ছয় সপ্তাহের সর্বোচ্চ স্তরে পৌঁছানোর পর নিক্কেই স্টক সূচক আজ স্থবিরতায় ভুগছে। নিক্কেই গড় সূচক আজ সকালে ০.৩ শতাংশ অর্থাত্ ২৭.৮৮ পয়েন্ট কমে এখন ১০,৫৫৮.০৪ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ব্যাপকতর টোপিক্স সূচকও ০.৩ শতাংশ হারিয়ে এখন ৯২.৮১ পয়েন্টে নেমে এসেছে। বিনিয়োগকারীদের পছন্দের ঝুঁকিপূর্ণ মুদ্রা অস্ট্রেলিয়ান ডলারের দাম মাত্র ১.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সেই তুলনায় নিরাপদ মুদ্রাগুলোর মধ্যে ইয়েনের দাম বেড়েছে ৩.১ শতাংশ। আর সিঙ্গাপুরের স্থানীয় সময় আটটা ৩৫ মিনিটে স্বর্ণের দাম ২.৫ শতাংশ বেড়ে দাঁড়ায় আউন্সপ্রতি ১,১২৩.৪৫ ডলারে। মার্কিন ডলারের সূচক আজ সামান্য বেড়ে ৮০.৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডলারের বিপরীতে ইয়েনের দাম ৯০.১৭ ইয়েনের দৃঢ় অবস্থানে আছে। অন্যদিকে গ্রিসের আর্থিক সংকটের প্রভাবে ইউরোর দাম কমে আজ ১.৩৬২৭ ডলারে নেমে এসেছে।— রয়টার্স।