বিশ্ব ভ্রমণকারীর জন্য আন্দোলন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব ভ্রমণকারী আবদুস সাত্তারের জন্য আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ব ভ্রমণকারীর গাড়িটি চট্টগ্রাম বন্দর থেকে দ্রুত ছাড়ার দাবিতে তাঁরা মানববন্ধন, অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের পর্যটন বিভাগের শিক্ষার্থীরা তাঁদের কর্মসূচির কথা জানান। সংবাদ সম্মেলনে আবদুস সাত্তার বলেন, ‘একদিন দেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম। দীর্ঘদিন পর বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে এসেছিলাম প্রিয় দেশে। কিন্তু পৃথিবীর কোথাও ঝামেলা না হলেও নিজের দেশে আমলাতন্ত্রের কারণে আমার গাড়িটি চট্টগ্রাম বন্দরে আটকে রাখা হয়েছে। তাঁরা এই গাড়িটি ছাড়ের জন্য এক কোটি টাকা চাইছে। কিন্তু এত টাকা আমি কোথা থেকে দেব?’সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্য পড়েন সাইফুল ইসলাম ওরফে বাবুল। তিনি বলেন, ‘একজন মুক্তিযোদ্ধা, যিনি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ছিলেন, আজ তাঁকে আমলাতন্ত্রের কারণে হারতে হচ্ছে। কোনো কারণ ছাড়াই চট্টগ্রাম বন্দরে তাঁর গাড়িটি এক বছর ধরে আটকে রাখা হয়েছে। এ লজ্জা আমাদের সবার। আমরা তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধ করিনি, কিন্তু একজন মুক্তিযোদ্ধার পাশে থাকব।’ সংবাদ সম্মেলনে ছাত্ররা গাড়িটি ছেড়ে দেওয়া, এক বছরে গাড়িটির যে শুল্ক ও কর হয়েছে, তা প্রত্যাহার এবং আবদুস সাত্তারকে অভ্যর্থনা জানিয়ে আবার বিশ্ব ভ্রমণের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন। শিক্ষার্থীরা বলেন, দাবি আদায়ের জন্য আগামীকাল রোববার তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে থেকে শোভাযাত্রা করে প্রেসক্লাব পর্যন্ত যাবেন এবং বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবেন। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ারও ঘোষণা দেন শিক্ষার্থীরা। ৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানা হলে তাঁরা প্রতীকী অনশন করবেন।