১৯৫৭ সালের ৪ অক্টোবর মানুষের তৈরি প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক মহাকাশে উৎক্ষিপ্ত হয়। শুরু হয় নতুন মহাকাশ যুগের। ১৯৬৭ সালের ১০ অক্টোবর মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারের ব্যাপারে একমত হয় বিশ্বের উন্নত দেশগুলো। এই দুই দিনকে সামনে রেখে ২০০৭ সাল থেকে প্রতিবছর ৪ থেকে ১০ অক্টোবর পালিত হয় বিশ্ব মহাকাশ সপ্তাহ (World Space Week) হিসেবে। মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে মানবজাতির উন্নয়নই এই সপ্তাহ পালনের উদ্দেশ্য। এ বছর ৫৫টি দেশে এই সপ্তাহ পালিত হবে। এ বছরের প্রতিপাদ্য বিষয় ‘মহাকাশের রহস্য’। বাংলাদেশে বিশ্ব মহাকাশ সপ্তাহ কার্যক্রমের সমন্বয়কারী এবং বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক এফ আর সরকার জানান, আলোচনা, সেমিনার, ওয়াটার রকেট উৎক্ষেপণ, শোভাযাত্রা, কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইত্যাদির মাধ্যমে বাংলাদেশে বিশ্ব মহাকাশ সপ্তাহ উদ্যাপিত হবে। ৪ অক্টোবর বিকেল সাড়ে পাঁচটায় ঢাকার ফ্রেপড মিলনায়তনে হবে বিশ্ব মহাকাশ সপ্তাহ পালনের উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে একুশ শতকের জ্যোতির্বিজ্ঞান শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে। উল্লেখ্য, এ এম হারুন-অর-রশীদ ও মুনির হাসান সম্পাদিত এই গ্রন্থে বাংলাদেশের প্রবীণ ও নবীন জ্যোতির্বিজ্ঞান লেখকদের রচনা সংকলিত হয়েছে। সংকলনে জামাল নজরুল ইসলাম, এ এম হারুন-অর-রশীদ, আলী আসগর, শিশির কুমার ভট্টাচার্য, রেজাউর রহমান, মুহম্মদ জাফর ইকবাল, এফ আর সরকার, মুনির হাসান, ফারসীম মান্নান মোহাম্মদী, শাহজাহান মৃধা প্রমুখের নিবন্ধ সংকলিত হয়েছে। আগামী ৬ ও ৭ অক্টোবর সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে মহাকাশ ভবনে দুই দিনব্যাপী কুইজ, চিত্রাঙ্কন, শোভাযাত্রা, আলোচনা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে। ৬ অক্টোবর ঢাকার জামিল সারোয়ার ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে বিশেষ মহাকাশবিষয়ক আলোচনা।বিজ্ঞান প্রজন্ম ডেস্ক