বিশ্ব মায়ের আঁচল পাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর গানের ব্যাপারে তিনি বলেছিলেন, ‘আমার গান তোমাদের গাইতেই হবে।’ হয়েছেও তাই। যুগে যুগে কবিগুরুর গান বাঙালির অন্তরে বেজে ওঠে বারবার। তাঁর গানে বাউল সুরের যেমন প্রভাব আছে, তেমন আছে বিদেশি সুরের প্রভাব। আছে কীর্তন, পূজা, প্রেম, স্বদেশসহ বিচিত্র বিষয়ের সমাহার। শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলায় কবিগুরুর বিচিত্র আঙ্গিকের গানের স্বাদ পাওয়া গেল। বৃহস্পতিবার সন্ধ্যায় ‘বিশ্ব মায়ের আঁচল পাতা’ শীর্ষক কবিগুরুর গানের এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ। সংগঠনের নতুন কার্যক্রম দর্শনীর বিনিময়ে গানের অনুষ্ঠানের গতকাল ছিল দশম আয়োজন। নগরবাসী এশিয়া কাপ ক্রিকেট-জ্বরে আক্রান্ত হওয়ায় দর্শক সমাগম তেমন ছিল না। রবীন্দ্রনাথের গানের অল্প কিছু অনুরাগীই আগ্রহ নিয়ে হাজির হয়েছিলেন অনুষ্ঠানে। তাঁদের গান শুনিয়েছেন রবিরশ্মির শিল্পীরা। রবিরশ্মির শিল্পীদের সম্মেলক কণ্ঠে ‘ও আমার দেশের মাটি/ তোমার পরে ঠেকাই মাথা’ গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ছিল কীর্তন সুরে প্রভাবিত গানের পরিবেশনা। সম্মেলক কণ্ঠে গীত হয় ‘আমি জেনে শুনে তবু ভুলে আছি’, ‘যদি ঝড়ের মেঘের মতো আমি ধাই’ গানগুলো। একই ধারার সুরে একক কণ্ঠে পরিবেশিত গান ‘ওলো সই ওলো সই’ ও ‘না চাহিলে যারে পাওয়া যায়’ গানগুলো।এরপর পাশ্চাত্য সুরের প্রভাবিত গান ‘আমি চিনি গো চিনি তোমারে’, ‘কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া’, ‘প্রাণ চায় চক্ষু না চায়’ এবং ‘ওহে দয়াময় নিখিল আশ্রয়’। এরপর পরিবেশিত হয় বাউল সুরে প্রভাবিত গান। এ পর্যায়ের গানের মধ্যে ছিল ‘তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে’ ও ‘আমি মারের সাগর পাড়ি দেব’, ‘ভেঙে মোর ঘরের চাবি’ গান। দুই পর্বে বিভক্ত এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সাজানো হয় রবীন্দ্রনাথের বসন্ত পর্যায়ের গান দিয়ে। এ পর্বে পরিবেশিত সম্মেলক কণ্ঠের গানে ছিল ‘আজি দখিন দুয়ার খোলা’, ‘আমি পথভোলা এক পথিক এসেছি’, ‘মধুর বসন্ত এসেছে’, ‘মাধবী হঠাৎ কোথা হতে’ এবং ‘যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও’সহ বেশ কয়েকটি গান। একক কণ্ঠে গীত হয় ‘আমার মল্ল্লিকা বনে’, ‘একটুকু ছোঁওয়া লাগে’, ‘যদি তারে নাই চিনি গো’, ‘আমার চাঁদের আলো’, ‘না, যেয়ো না’ গানগুলো। অনুষ্ঠানে একক গান পরিবেশন করেন শিল্পী মহাদেব ঘোষ, রাবেয়া আক্তার, মোরশেদ আলম, আঁখি হালদার, প্রদীপ বিশ্বাস, অরুণা সরকার, সুস্মিতা সাহা প্রমুখ। এ ছাড়া সম্মেলক গানে অংশ নেন শিল্পী সঞ্জীব সরকার, দীপ্তি চৌধুরী, শামীমা আরা বেগম, ফাতেমা বেগম রুবা, তন্বী বিশ্বাস, মাকসুদা জামিল তুলি, সৃষ্টি সরকার ও দেবযানী সেন।