বিশ্ব রেকর্ড দেখার রোমাঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব রেকর্ড ভাঙতে দেখার মধ্যে একটা রোমাঞ্চ আছে। মানবজাতির ইতিহাসে কোনো দিন কেউ যা করতে পারেনি, এই মাত্র কেউ তা করে ফেললেন। বলুন, এটা কি রোমাঞ্চ জাগানোর মতো ব্যাপার নয়!এবারের অলিম্পিকে সেই রোমাঞ্চ-জাগানিয়া অনুভূতির প্রথম স্বাদ পেলাম গত পরশু। সাঁতারের পরপর দুটি ইভেন্টে বিশ্ব রেকর্ড। এর মধ্যে মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাই ইতিহাসে এই প্রথম কেউ ৫৬ সেকেন্ডের নিচে সাঁতরালেন। রজার ব্যানিস্টারের এক মাইল দৌড়ে চার মিনিটের ব্যারিয়ার ভাঙা, বব বিমনের ২৯ ফুট পেরোনো প্রথম লাফ বা ১০ সেকেন্ডের কমে প্রথম জিম হিনেসের ১০০ মিটার দৌড়ানোর মতো মাইলফলক হয়তো নয়, কিন্তু যেকোনো ব্যারিয়ার ভাঙাই তো মানুষের অসীম ক্ষমতার আরেকটি প্রমাণ। নিজেকে ছাড়িয়ে যাওয়ার অন্তহীন চেষ্টার আরেকটি অধ্যায়। অলিম্পিকে যে খেলাই দেখি, আমার শুধু একটা কথাই বারবার মনে হয়। এই যে চোখের সামনে মানবীয় ক্ষমতার চূড়ান্ত প্রকাশ দেখছি, সেটির পেছনে কত শত-কত হাজার ঘণ্টার পরিশ্রম লুকিয়ে। একটা সেকেন্ড সময় কমানোর জন্য কত কোটি-কোটি সেকেন্ড নিজেকে উজাড় করে দিতে হয়!অলিম্পিকে কোনো ইভেন্টে বিশ্ব রেকর্ড হওয়ার পর চারপাশের পরিবেশটাও কেমন যেন পাল্টে যায়! যে রোমাঞ্চের কথা বললাম, সেটি যেন উড়ে বেড়ায় বাতাসে। ইতিহাসের সাক্ষী হতে পারার আনন্দ কিছুক্ষণের জন্য হলেও দর্শকদের নিয়ে যায় অমৃতলোকে। আবার এই অনুভূতির স্বাদ পাওয়াটা অবশ্য একেবারেই কপালগুণে। অলিম্পিকে অ্যাক্রিডিটেশন কার্ড থাকলে প্রায় সব ভেন্যুতেই প্রবেশাধিকার নিশ্চিত। ‘প্রায়’ শব্দটা লাগছে, কারণ কিছু খেলায় চাহিদা ও জোগানের সূত্র প্রয়োগ হয়। সাঁতারের ফাইনাল তাঁর মধ্যে একটি। সকালে সব হিট, সন্ধ্যায় (এখানে অবশ্য তখনো বিকেল) সেমিফাইনাল আর ফাইনাল। হিট সবার জন্য উন্মুক্ত। কিন্তু ফাইনাল দেখতে শুধু অ্যাক্রিডিটেশন কার্ডই যথেষ্ট নয়, টিকিটও লাগে। দেশওয়ারি সেই টিকিট বরাদ্দ এবং বাংলাদেশের জন্য একটিও নয়।আইওসির টিকেটিং কর্মকর্তা যে ভদ্রমহিলা, তিনি খুব সদালাপী। প্রথম দিন টিকিটের ‘আবদার’টা এমনভাবে ফিরিয়ে দিলেন যে রাগ করার কোনো উপায় থাকল না। ‘দেখো, যেসব দেশের সাঁতারুরা ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করছে, সেসব দেশের সাংবাদিকদের বাদ দিয়ে তোমাকে কীভাবে টিকিট দিই? প্রেসবক্সে সিট তো মাত্র তিন শ।’ একটা সুযোগ অবশ্য থাকে এর পরও। টিকিট বাড়তি হলে নির্দিষ্ট সময়ে সেগুলো আগ্রহী সাংবাদিকদের মধ্যে ‘আগে আসিলে আগে পাইবেন’ ভিত্তিতে বিতরণ করা হয়। এভাবেই পরশু সাঁতারের ফাইনালের টিকিট জুটল। এক দিনেই দুটি বিশ্ব রেকর্ড ও একটি অলিম্পিক রেকর্ডের সাক্ষী হয়ে টিকিটের জন্য অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার কষ্টটাও উধাও হয়ে গেল।শুধু সাঁতার দেখেই না, সাঁতারুদের দেখেও। ফেল্প্স-লোকিটদের এর আগে যে দেখিনি, তা নয়। তবে ওঁদের যত দেখি, ততই বিস্ময় লাগে। কী শরীর একেকজনের! পুরুষ সাঁতারুদের প্রায় সবাই ছয় ফুটের ওপর লম্বা। প্রশস্ত কাঁধ, সরু কোমর, নির্মেদ-নির্লোম শরীর—মাঝেমধ্যে ওদের ‘মেনিকেন’-এর মতো লাগে!অলিম্পিকে সব ভেন্যুতেই মিক্সড জোন নামে একটা জায়গা আছে। প্রতিযোগিতা শেষে অ্যাথলেটরা এখান দিয়েই ফেরেন আর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। পরশু অনেকক্ষণ মিক্সড জোনে দাঁড়িয়ে নানা ভাষার কলকাকলি শুনলাম। হাতে যখন সময় আছেই, সংবাদ সম্মেলনেও গেলাম এরপর। একেকটা ইভেন্টের পদকজয়ীরা আসছেন। এর আগেও সাঁতারের সংবাদ সম্মেলনে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছিল, এবারও তা-ই হলো। পুলে যত প্রতিদ্বন্দ্বিতাই থাক, পুল থেকে ওঠার পর সাঁতারুরা সবাই বন্ধু। কে যেন বলেছিলেন, অলিম্পিকে কেউ রুপা জেতে না, সোনা হারে। অথচ রুপা-ব্রোঞ্জজয়ী সাঁতারুরাও দেখলাম দারুণ খুশি। একে অন্যকে এমন প্রশংসায় ভাসাতে শুরু করলেন, মনে হলো কী যেন একটা বিনি সুতার মালায় গাঁথা তারা সবাই। সেটি কি জলের সঙ্গে মিতালি!