বিশ্ব শান্তির কনসার্টে গাইবেন অমিতাভ বচ্চন
অভিনেতা পরিচয়ের পাশাপাশি সংগীতশিল্পী হিসেবেও অমিতাভ বচ্চনের খ্যাতি রয়েছে। এবারে কনসার্টে গাইবেন তিনি। আন্তর্জাতিক পপতারকা একনের সঙ্গে একই মঞ্চে গাইতে দেখা যাবে তাঁকে। আগামী মার্চ মাসে মুম্বাই এবং নিউইয়র্কে আয়োজিত দুটি কনসার্টে অমিতাভ-একনকে কনসার্টে পারফর্ম করতে দেখা যাবে বলেই টাইমস অব ইন্ডিয়া সূত্র জানিয়েছে।‘শান্তির জন্য কনসার্ট’ আয়োজনে কাজ করেছেন সংগীতব্যক্তিত্ব আদেশ শ্রীবাস্তব। এ বিষয়ে আদেশ শ্রীবাস্তব বলেন, ‘পরিকল্পনা বাস্তবায়ন করতে আমি আন্তরিকভাবে কাজ করছি। এটা ব্যর্থ হওয়ার কোনো আশঙ্কা নেই। কারণটি অনেক বড়। অমিতজি এবং একন দুজনই শান্তির জন্য কাজ করছেন।’আদেশ আরও বলেন, ‘অমিতজির কণ্ঠে শান্তির বার্তা অনেক বেশি প্রভাব ফেলবে। যখন তিনি কথা বলেন তখন সবাই শোনে। আর তিনি যখন গাইবেন তখন পুরো বিশ্ব শুনবে। একই কথা একনের ক্ষেত্রেও। তিনি আমার বন্ধু হিসেবেই আমার সঙ্গে কাজ করবেন।’সম্প্রতি টুইটারে এক টুইটে অমিতাভ বচ্চনও কনসার্ট নিয়ে আদেশ শ্রীবাস্তবের সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন।