বিশ্ব শেক্সপিয়ার উৎসবে ঢাকা থিয়েটার ও ‘টেমপেস্ট’
বিশ্বখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের শত বছরের পুরোনো ঐতিহাসিক গ্লোব থিয়েটার আয়োজন করছে ‘বিশ্ব শেক্সপিয়ার উৎসব’। লন্ডনে আগামী গ্রীষ্মে অনুষ্ঠেয়এই উৎসবে অংশ নেওয়ার জন্য গ্লোব থিয়েটার বিশ্বের ৩৭টি ভাষার ৩৭টি নাট্যদল এবং ৩৭জন নির্দেশককে আমন্ত্রণ জানিয়েছে। বাংলা ভাষার নাটক মঞ্চস্থ করার জন্য আমন্ত্রণ জানিয়েছে ঢাকা থিয়েটার ও নির্দেশক নাসির উদ্দিন ইউসুফকে। জানা গেছে, ঢাকা থিয়েটার এই উৎসবে টেমপেস্ট নাটকের প্রদর্শনী করবে। লন্ডনে এবার আয়োজন করা হচ্ছে বিশ্ব অলিম্পিক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাকে নানাভাবে আকর্ষণীয় করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে ‘বিশ্ব শেক্সপিয়ার উৎসব’। এরই মধ্যে ঢাকা থিয়েটার থেকে টেমপেস্ট নাটকটি তৈরির ব্যাপারে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। এই নাটকে অভিনয়ের জন্য ঢাকা থিয়েটারের অভিনয়শিল্পীদের পাশাপাশি বিভিন্ন লোকশিল্পীকে আমন্ত্রণ জানানো হবে।