বিশ্ব স্বাস্থ্য দিবসে হবিগঞ্জ সদর হাসপাতালে যা দেখা গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৭ এপ্রিল ছিল বিশ্ব স্বাস্থ্য দিবস। এ নিয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল কর্তৃপক্ষ শোভাযাত্রা ও আলোচনা সভা নিয়ে ব্যস্ত থাকলেও হাসপাতালে আসা রোগী বা ভর্তিকৃত রোগীদের সেবা নিয়ে কোনো চিকিৎসককে ভাবতে হয়নি। দু-একজন চিকিৎসক ছাড়া ওই দিন পুরো হাসপাতালই ছিল চিকিৎসকশূন্য। রোগীদের ভোগান্তি অন্যদিনের চেয়ে ছিল আরও একটু বেশি।ওই দিন দুপুরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে গিয়ে দেখা যায়, বহির্বিভাগে অসংখ্য রোগী চিকিৎসা নিতে এসেছে। হাসপাতালের নানা দুর্গন্ধে সেখানকার পরিবেশ দুর্বিষহ হয়ে উঠেছে। এই পরিবেশেই হাসপাতালের নিচতলা ও দোতলায় রোগীদের ধৈর্যহারা অপেক্ষা ছিল চিকিৎসকের জন্য।একমাত্র শিশুরোগ বিশেষজ্ঞ আবু সুফিয়ানকে দেখা গেল দোতলায় তাঁর কক্ষে আসা শিশুদের চিকিৎসা দিচ্ছেন। পাশাপাশি দন্ত চিকিৎসক সাজ্জাতুল মামুন ও চিকিৎসা কর্মকর্তা নাজমা আরা বেগমকে দেখা গেছে নিজ নিজ কক্ষে রোগী দেখছেন। এ ছাড়া দায়িত্বরত আর কোনো চিকিৎসককে দেখা যায়নি হাসপাতালে।দোতলায় অপেক্ষমাণ হবিগঞ্জ সদর উপজেলার আশেরা গ্রামের আইয়ুব হোসেন জানান, অনেকক্ষণ ধরে তিনি সার্জারি চিকিৎসক মোস্তাফিজুর রহমানকে তাঁর কক্ষে না পেয়ে অপেক্ষা করছেন। একই অপেক্ষার কথা জানালেন শহরের মহনপুর এলাকার খাদিজা বেগম। শহরের উমেদনগর গ্রামের লাভলী বেগম জানান, তিনি গাইনি চিকিৎসক আরশাদ আলীর জন্য অপেক্ষা করছেন দেড় ঘণ্টা ধরে। আরশাদ আলীও তাঁর কক্ষে নেই। বহির্বিভাগের এই দৃশ্যের পাশাপাশি ১০০ শয্যার হাসপাতালের ভেতরে গিয়ে দেখা গেল আরও করুণ দৃশ্য। বিশেষ করে শিশু ওয়ার্ডটি নাজুক পরিস্থিতিতে গিয়ে ঠেকেছে। ২০ শয্যার এই ওয়ার্ডে গিয়ে দেখা গেল দুই শতাধিক শিশু নানা রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। বেশির ভাগ রোগীর সঙ্গে আছেন দ্বিগুণেরও বেশি অভিভাবক। আর এতগুলো রোগীকে সামাল দিচ্ছেন মাত্র একজন সেবিকা।হাসপাতালের গাইনি সার্জারি মেডিসিনসহ অন্যান্য ওয়ার্ডে গিয়ে দেখা গেছে একই অবস্থা। চারদিকের দুর্গন্ধে রোগীরা আরও বেশি কাহিল হয়ে যাচ্ছে। মেডিসিন বিভাগের রোগী আয়শা বেগম ও সার্জারি বিভাগের রোগীর অভিভাবক কামাল মিয়া বলেন, এখানে চিকিৎসককে খুঁজে পাওয়া দূরের কথা, একজন সেবিকাকেও খুঁজে আনতে অনেক বেগ পেতে হয়।এ বিষয়ে হবিগঞ্জের সিভিল সার্জন সুবিমল সিংহ চৌধুরী বলেন, ‘আমি একা কী করব। মানুষের দৃষ্টিকোণ যদি না বদলায়, হাসপাতালের পরিবেশ ফিরিয়ে আনা কঠিন।’ তিনি শিশু ওয়ার্ডসহ অন্যান্য ওয়ার্ডের সমস্যার সত্যতা স্বীকার করে বলেন, রোগী যেমন-তেমন, রোগীর সঙ্গে আসা লোকজন এখানকার এই পরিবেশের জন্য দায়ী। পুলিশের সাহায্য চেয়েও পরিবর্তন আনা সম্ভব হচ্ছে না। অফিস চলাকালে চিকিৎসক না থাকার বিষয়ে সিভিল সার্জন বলেন, ‘আমাকে কেউ যদি ফোন করে বিষটি জানাত তাহলে সরেজমিনে হাতেনাতে ধরতে পারতাম।’ তিনি পুনরায় সবার দৃষ্টিভঙ্গি পরিবর্তনের দাবি জানান।