বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানিতে অনুষ্ঠেয় বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দিতে পাঁচ দিনের সরকারি সফরে আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভোর ছয়টা ১৫ মিনিটে যাত্রা করেন। খবর বাসসের।বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বিমান ও পর্যটনমন্ত্রী জি এম কাদের, চিফ হুইপ আবদুস শহীদ, মন্ত্রিপরিষদ সচিব ও তিন বাহিনী প্রধান। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা বার্লিনের পথে দুবাইয়ে দেড় ঘণ্টা যাত্রাবিরতি করবেন। শেখ হাসিনা একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। দলে রয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।খবরে আরও জানানো হয়, প্রধানমন্ত্রীর সফরকালে দুটি যৌথ ঘোষণা আসতে পারে। এর মধ্যে একটি জলবায়ু পরিবর্তনবিষয়ক অভিযোজন ও প্রশমন। আর অপরটি স্বাস্থ্য খাতে সহযোগিতাবিষয়ক।