বিশ্বকবি আমাদের সাহস ও অনুপ্রেরণার উৎসস্থল
আলোচনা, সংগীতানুষ্ঠান, আবৃত্তি ও গীতি আলেখ্যের মধ্য দিয়ে খুলনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৬৯তম মহাপ্রয়াণ দিবস পালিত হয়েছে। ৬ আগস্ট সন্ধ্যায় নগরের উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরিতে ‘জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ’ খুলনা এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা শাখার সভাপতি মইন উদ্দীন আহমেদ।অনুষ্ঠানে সরকারি বিএল কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শংকর কুমার মল্লিক বলেন, ‘বাঙালির চিন্তা, চেতনা, মেধা ও মননের সব ক্ষেত্রেই রবীন্দ্রনাথ এবং তাঁর লেখা প্রাসঙ্গিক। আমাদের লড়াই, সংগ্রাম, প্রেম, বিরহ প্রতিটি ক্ষেত্রেই রবীন্দ্রনাথ মিশে আছেন। বিশ্বকবি আমাদের সাহস ও অনুপ্রেরণার উৎসস্থল।’অনুষ্ঠানে সংগঠনের শিল্পীরা দলীয় গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন। একক সংগীত পরিবেশন করেন সাধন রঞ্জন ঘোষ। শেষ অংশে সংগঠনের খুলনা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় সংগঠনের শিল্পীরা গীতি আলেখ্য পরিবেশন করেন।