ক্রিকেটারের বিশ্বকাপ স্মৃতিচারণা শোনার আগ্রহ থাকতে পারে, সাংবাদিকেরটা কে শুনতে চায়? এই লেখায় তাই বিরক্তি উৎপাদনের ঝুঁকি থাকছেই। থাকলে থাকুক। সাংবাদিকের জন্যও কি বিশ্বকাপ কম রোমাঞ্চের নাম! তাঁর সেটি বলতে ইচ্ছা করবে না! একটা জায়গায় তো ক্রিকেটারদের চেয়ে সাংবাদিকেরাই এগিয়ে! জাভেদ মিয়াঁদাদ প্রথম ৬টি বিশ্বকাপেই খেলেছেন। শচীন টেন্ডুলকারও খেলতে যাচ্ছেন টানা ষষ্ঠ বিশ্বকাপ। এসব তথ্য আপনার জানা থাকারই কথা। কিন্তু এটা নিশ্চয়ই জানা নেই যে রেকর্ডটা আসলে মিয়াঁদাদ-টেন্ডুলকার কারোরই নয়! কেপটাউনের নিউল্যান্ডসে ২০০৩ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান চলছে। প্রেসবক্সে আড্ডা চলছে কামার আহমেদের সঙ্গে। লন্ডন প্রবাসী পাকিস্তানি সাংবাদিক। প্রায় সারা জীবনই ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেছেন। মিয়াঁদাদের সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলার প্রসঙ্গে হেসে বললেন, ‘আরে, রেকর্ডটা তো ওর নয়। আমি, ক্রিস্টোফার মার্টিন জেনকিন্স, প্যাট্রিক এগার আর...(আরেকটা কী নাম বলেছিলেন মনে পড়ছে না) সব কটি বিশ্বকাপই কাভার করেছি। এটা আমাদের অষ্টম বিশ্বকাপ।’অবশ্যই রসিকতা। বিশ্বকাপে খেলা আর বিশ্বকাপ কাভার করা কি এক হলো নাকি! এক না হতে পারে, তবে একটা স্বীকৃতি বোধ হয় কামার আহমেদদেরও প্রাপ্য। বিশ্বকাপ ক্রিকেটারদের চেয়ে সাংবাদিকদের পরীক্ষা তো একটু বেশিই নেয়। সেটি ফুটবল-ক্রিকেট দুই বিশ্বকাপের ক্ষেত্রেই সত্যি। তবে ক্রিকেটের পরীক্ষাটা বোধ হয় একটু বেশিই কঠিন। এই জিনিস যে দেড় মাসেরও বেশি সময় ধরে চলে!২০০৭ বিশ্বকাপে কামার ছিলেন কি না মনে পড়ছে না। মার্টিন জেনকিন্সই কি ছিলেন? প্যাট্রিক এগার ছিলেন, তাঁর সঙ্গে অনেকবারই দেখা হয়েছে। ক্রিকেট ফটোগ্রাফির সবচেয়ে বিখ্যাত এই শিল্পী অবসর নিয়েছেন কিছুদিন আগে। তাঁর রেকর্ডটা কি তা হলে দশ বিশ্বকাপেই থেমে গেল? আমার ধারণা, ১৭ ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানের সময় ঠিকই বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্যামেরা তাক করে বসে থাকতে দেখা যাবে প্যাট্রিক এগারকে। অবসর নিয়ে ফেলেছেন তাতে কি, বিশ্বকাপ মহাক্লান্তিকর হলেও নেশার মতো। অপ্রতিরোধ্য এর টান।সেই টানের সঙ্গে আমার প্রথম প্রত্যক্ষ পরিচয় ১৯৯৬ বিশ্বকাপে। সাংবাদিকতা ক্যারিয়ারে প্রথম বিশ্বকাপ ক্রিকেট এটি নয়। সেটি ইমরান খানের বিশ্বকাপ। মানে ১৯৯২। এর বছর খানেক আগেই জীবনের মোড় ক্রীড়া সাংবাদিকতার দিকে ঘুরে গেছে। তবে সেই বিশ্বকাপে বাংলাদেশের অন্য দশজন দর্শকের সঙ্গে আমার পার্থক্য বলতে বাকিরা টেলিভিশনে খেলা দেখে আলোচনা করেছেন। আর আমি খেলা দেখে লিখেছি। সশরীরে মাঠে গিয়ে বিশ্বকাপ কাভার করায় অভিষেক ১৯৯৬ বিশ্বকাপে। উপমহাদেশে দ্বিতীয় বিশ্বকাপ। এবারের মতো সেবারও তিন দেশ মিলিয়ে আয়োজন। পার্থক্য বলতে বাংলাদেশের বদলে পাকিস্তান। কলকাতায় উদ্বোধনী অনুষ্ঠান কাভার করার পর সেই পাকিস্তানেই ছিলাম বিশ্বকাপের প্রায় পুরোটা সময়। মাত্রই পনের বছর! অথচ এই সময়ে ক্রিকেটের পৃথিবী এমনই বদলে গেছে যে মনে হয় যেন ক...ত যুগ আগে ফিরে যাচ্ছি! ক্রিকেট তখনো খেলার চেয়ে বেশি বাণিজ্য হয়ে ওঠেনি। অ্যামবুশ মার্কেটিংয়ের নামও কেউ শোনেনি। আইসিসির অফিসিয়াল পার্টনার বলতেও কিছু ছিল না। তবে কোকাকোলা আর পেপসির মধ্যে মজার একটা লড়াই হয়েছিল। সম্ভবত সেই বিশ্বকাপেই প্রথম ‘অফিসিয়াল ড্রিংক অব দ্য ওয়ার্ল্ড কাপ’-এর প্রবর্তন। সেই বিশ্বকাপ দিয়েই পাকিস্তানের বাজারে ঢুকেছিল কোক। এর আগ পর্যন্ত সেখানে ছিল পেপসির একাধিপত্য। কোকাকোলা অফিসিয়াল ড্রিংক হয়ে যাওয়ায় পেপসির বিজ্ঞাপনী সংস্থা ভেবেচিন্তে দুর্দান্ত একটা লাইন বের করল—পেপসি, নাথিং অফিসিয়াল অ্যাবাউট ইট। এটি এমনই জনপ্রিয় হয়েছিল যে মানুষের মুখে মুখে ফিরেছে। কোনো ব্যাপারে হয়তো ভাসা-ভাসা কিছু শোনা যাচ্ছে। ঘটনাটা এখনো নিশ্চিত নয় বোঝাতে বলা হতো—নাথিং অফিসিয়াল অ্যাবাউট ইট।১৯৯৬ বিশ্বকাপটা বাংলাদেশের জন্য খুব দুঃখের ছিল। বাংলাদেশ খেলেইনি, সেটি আবার দুঃখের হয় কীভাবে? খেলেনি বলেই তো দুঃখ। সেই বিশ্বকাপেই প্রথম টেস্টখেলুড়ে দেশগুলোর সঙ্গে আইসিসির তিনটি সহযোগী সদস্যদেশের খেলার সুযোগ ছিল। জিম্বাবুয়ে তত দিনে টেস্ট স্ট্যাটাস পেয়ে গেছে। ১৯৯৪ আইসিসি ট্রফিতে বাংলাদেশের তাই সেরা তিন দলের মধ্যে থাকার আশাটা একটুও বাড়াবাড়ি ছিল না। কিন্তু বাংলাদেশ পারেনি। কেনিয়ার সেই আইসিসি ট্রফি হয়ে যায় বাংলাদেশের ক্রিকেটে চিরকালীন এক দুঃখের নাম। বিশ্বকাপে কেনিয়া, সংযুক্ত আরব আমিরাত আর হল্যান্ডকে খেলতে দেখে পুরো বাংলাদেশই তাই দীর্ঘশ্বাস ফেলেছে।আমি তো ফেলেছিই। তবে এ নিয়ে একটা মজাও হয়েছিল। দুবাইয়ের খালিজ টাইমস-এ কাজ করতেন চেরিয়ান টমাস নামের এক ভারতীয় সাংবাদিক। ১৯৯৫ সালে দুবার শারজার টুর্নামেন্ট কাভার করতে গিয়ে পরিচয়। খুব ভালো লিখত। করাচিতে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা কোয়ার্টার ফাইনালের সময় সংযুক্ত আরব আমিরাত নিয়ে ওর সঙ্গে খোঁচাখুঁচি চলছে। কী একটা প্রসঙ্গে আমি হঠাৎ ঘোষণা করলাম, ‘আমি এই বিশ্বকাপের একমাত্র নিরপেক্ষ সাংবাদিক। কারণ এখানে আমার নিজের দেশ নেই।’ টমাস কথাটাতে খুব মজা পেল। তবে ও যে এটি ওর ‘বিশ্বকাপ ডায়েরি’তে লিখে দেবে, এটা আর বলেনি। তখন তো আর ইন্টারনেটের যুগ নয়। কয়েক দিন পর দেখা হতেই খালিজ টাইমস-এর একটা সংখ্যা হাতে দিয়ে বলল, ‘ডায়েরিটা পড়ো।’ পড়ে তো চমকিত—‘উৎপল শুভ্র ডিক্লেয়ারস হিমসেল্ফ অ্যাজ দ্য অনলি নিউট্রাল জার্নালিস্ট অব দ্য ওয়ার্ল্ড কাপ’...ইত্যাদি ইত্যাদি। সেই প্রথম বুঝেছিলাম, নিজের লেখার শুরুতে যত বড় পয়েন্টেই নাম ছাপা হোক না কেন, অন্যের লেখায় নিজের নাম মুদ্রিত দেখাটা আসলেই খুব আনন্দের!