বিশ্বকাপ-আক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটামুটি সবার গল্পটাই এক রকম, কেউ জন্মেছেন ভুল সময়ে, কেউবা ভুল দেশে। কখনোই বিশ্বকাপে না-খেলা সর্বকালের অন্যতম সেরা এবং অবশ্যই হতভাগা কয়েকজন ফুটবলারের নিয়ে একপ্রস্থ ডিক্সি ডিন (ইংল্যান্ড)প্রথম তিনটি বিশ্বকাপে অংশ নিতে অস্বীকৃতি জানায় ইংল্যান্ড। ফুটবলের মহাউৎসব থেকে নিজেদের এই দূরে সরিয়ে রাখায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফুটবলারটির নাম সম্ভবত ডিক্সি ডিন। ক্যারিয়ার শুরু হয়েছিল ১৯২৩ সালে, শেষ হয়েছিল ১৯৩৯-এ। ১৬ বছরের এই ক্যারিয়ারে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাত্র ১৬টি। ওই ১৬ ম্যাচেই ১৮ গোল করে চিনিয়ে দিয়েছিলেন নিজের জাত। এভারটনের হয়ে ৪৩৩ ম্যাচে তাঁর ৩৮৩ গোলই বলে দেয়, বিশ্বকাপে খেললে ‘বাদ পড়াদের’ নয়, ডিন হয়তো ঠাঁই পেতেন বিশ্বকাপের কিংবদন্তিদের তালিকাতেই। লিভারপুলের সাবেক কোচ বিল শ্যাঙ্কলি একবার বলেছিলেন, ‘বিঠোফেন, শেক্সপিয়ার আর রেমব্র্যান্টের মতো অসাধারণ গ্রেটদের তালিকায় থাকার যোগ্য ও।’ভ্যালেন্তিনো মাজোলা (ইতালি)১৯৪৯ সালে সুপারগা বিমান দুর্ঘটনায় যখন নিহত হন, মাজোলার বয়স মাত্র ৩০ বছর। ওই দুর্ঘটনায় তুরিনো দলের বেশির ভাগই মারা যান, যে দলটা পরিচিত ছিল ‘গ্র্যান্ডে তুরিনো’ (দ্য গ্রেট তুরিনো) নামে। ওই দুর্ঘটনাতেই নিহত মারিও রিগামন্টি একবার মাজোলা সম্পর্কে বলেছিলেন, ‘ও একাই পুরো দলের অর্ধেক’। বিশ্বকাপ খেলার স্বপ্ন অপূর্ণই থেকে গেছে তাঁর, ১৯৩৮ থেকে ১৯৫০-এর আগ পর্যন্ত বিশ্বকাপ বন্ধ থাকায়।আলফ্রেডো ডি স্টেফানো (আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন)তিনটি ভিন্ন ভিন্ন দেশের হয়ে খেলেছেন। কিন্তু বিশ্বকাপে খেলার স্বপ্ন কখনোই পূরণ হয়নি সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের। যাঁর সম্পর্কে ম্যারাডোনা বলেছিলেন, ‘আমি জানি না, পেলের চেয়ে আমি সেরা কি না। তবে এটা নিশ্চিত জানি, ডি স্টেফানো পেলের চেয়ে অবশ্যই সেরা।’ বিভিন্ন কারণে তাঁর বিশ্বকাপ যাত্রাপথে বাধার দেয়াল উঠেছে। ১৯৫০ আর ১৯৫৪ বিশ্বকাপে জন্মভূমি আর্জেন্টিনা বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি জানায়। ১৯৫৪-তে কলম্বিয়ার হয়ে খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু বাদ সাধে ফিফা। ১৯৫৪-এর পর থেকে নিয়মিত স্পেনের হয়ে খেলেছেন। ১৯৫৮ বিশ্বকাপে স্পেন কোয়ালিফাই করতেই পারেনি। আর চার বছর পর স্পেন যখন বিশ্বকাপে গেল, চোট নিয়ে মাঠের বাইরে ডি স্টেফানো! লাজলো কুবালা (চেকোস্লোভাকিয়া, হাঙ্গেরি, স্পেন) বার্সেলোনার এই কিংবদন্তি ১৮৬ ম্যাচে করেছিলেন ১৩১ গোল। জন্মেছিলেন হাঙ্গেরিতে। কিন্তু স্লোভান ব্রাতিস্লাভার হয়ে খেলার সময় প্রেমে পড়ে যান চেকোস্লোভাকিয়ার। সাবেক সমাজতান্ত্রিক দেশটির হয়ে বেশ কটি ম্যাচেও খেলেছেন। বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ এড়াতে শেষ পর্যন্ত অবশ্য নাড়িপোঁতা দেশটিতেই ফেরেন। হাঙ্গেরিও সমাজতান্ত্রিক দেশ হয়ে গেলে কুবালা ঠাঁই নেন স্পেনে। ফলে হাঙ্গেরির পঞ্চাশের দশকের সোনালি প্রজন্মের হয়ে খেলা হয়নি তাঁর। খেলা হয়নি স্পেনের হয়েও। কারণটা ডি স্টেফানোই ভালো বুঝবেন। তাঁর গল্পটাও যে একই রকম!জর্জ বেস্ট (উত্তর আয়ারল্যান্ড)‘পেলে আমাকে একবার বিশ্বের শ্রেষ্ঠ খেলোয়াড় বলেছিলেন। আমার ক্যারিয়ারে এটাই সবচেয়ে বড় পাওয়া।’ আত্মশ্লাঘা নিয়েই মন্তব্য করেছিলেন জর্জ বেস্ট। ১৯৪৬ সালে বেলফাস্টে জন্ম নেওয়া তাঁর প্রজন্মের সেরা এই প্রতিভাবান খেলোয়াড়ের বিশ্বকাপ স্বপ্ন অধরাই থেকে গেছে। ১৯৫৮ সালে আয়ারল্যান্ড তাদের প্রথম বিশ্বকাপ খেলল যখন, বেস্ট নেহাতই ১২ বছর বয়সী এক কিশোর। আর দীর্ঘ বিরতির পর আয়ারল্যান্ড আবারও ১৯৮২ বিশ্বকাপে জায়গা করে নিল যখন, ততদিনে মদের নেশায় প্রায় ফুরিয়ে গেছেন ৩৬ বছর বয়সী বেস্ট!আবেদি পেলে (ঘানা)বড় ভুল সময়ে জন্মেছিলেন টানা তিনবার আফ্রিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হওয়া পেলে। ইউরোপীয় ফুটবলে আজকের দ্রগবা-আদেবায়োরদের যে এত দাপট, সেটা আবেদি পেলে পথ দেখিয়েছিলেন বলেই। ১৯৮২ সালে জিতেছেন আফ্রিকান নেশনস কাপ। ১৯৯৩ সালে ফরাসি ক্লাব মার্শেইয়ের হয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ শিরোপা। কিন্তু ক্যারিয়ারে একটা খেদ থেকেই গেছে তাঁর। বিশ্বকাপ! ২০০৬ সালে ঘানা খেলেছে তাদের প্রথম বিশ্বকাপ, তারও আট বছর আগে অবসর নিয়ে ফেলেছেন পেলে।এরিক ক্যান্টেনা (ফ্রান্স)মোটামুটি সবার গল্পটাই এক রকম, কেউ জন্মেছেন ভুল সময়ে, কেউবা ভুল দেশে। তবে এরিক ক্যান্টোনার গল্পটায় অন্য মাত্রা যোগ করেছে তাঁর সেই ‘বিখ্যাত’ মেজাজ! ম্যানইউয়ের সর্বকালের অন্যতম সেরা এই সাবেক ১৯৮৭ সালে জাতীয় দলের অভিষেকের এক বছরের মাথাতেই তখনকার কোচ অঁরি মিশেল সম্পর্কে মন্তব্য করেছিলেন ‘এক ব্যাগ বর্জ্য’! ১৯৯০ বিশ্বকাপে ফ্রান্স অবশ্য জায়গা করে নিতে পারেনি, পারলেও ক্যান্টোনার জায়গা তাতে হতো কি না, বলা মুশকিল। ১৯৯৪ বিশ্বকাপের বাছাই পর্বের দলে ছিলেন। কিন্তু নাটকীয়ভাবে টানা দ্বিতীয়বার টিকিট পেতে ব্যর্থ ফ্রান্স। এর পর তো সেই ‘বিখ্যাত’ ফ্লাইং কিক আন্তর্জাতিক ক্যারিয়ারটাই শেষ করে দিয়েছে তাঁর।জর্জ উইয়াহ্ (লাইবেরিয়া)একমাত্র ফিফা বর্ষসেরা খেলোয়াড়, কখনোই বিশ্বকাপ খেলা হয়নি যাঁর—উইয়াহ্ হয়তো এই আক্ষেপ নিয়ে বেঁচে থাকবেন আজীবন। নব্বইয়ের দশকে প্রতিপক্ষের রক্ষণভাগে ত্রাস জাগানিয়া ভয়ংকর এক ফরোয়ার্ড ছিলেন। মনাকো, প্যারিস সেন্ট জার্মেই, এসি মিলান, চেলসির মতো ক্লাবে খেলেছেন সাফল্যের সঙ্গে। প্রতি দুই ম্যাচে এক গোল—এই হচ্ছে তাঁর গড়। গত শতাব্দীর আফ্রিকার সবচেয়ে সফল খেলোয়াড়ও মনে করা হয় তাঁকে। ২০০২ বিশ্বকাপের বাছাই পর্বে মাত্র এক পয়েন্টের জন্য চূড়ান্ত পর্বের টিকিট পাওয়া হয়নি। ‘হয়তো এটি কখনোই হওয়ার নয়’—উইয়াহ্র আপ্তবাক্য।রায়ান গিগস (ওয়েলস)জর্জ বেস্ট, এরিক ক্যান্টোনার মতোই ম্যানইউয়ের আরেক ‘গ্রেট’ রায়ান গিগসেরও এই আক্ষেপ চিরসঙ্গী হয়ে থাকবে। একটা সময় গুঞ্জন উঠেছিল, ওয়েলসের এই মিডফিল্ডার হয়তো জাতীয় দল হিসেবে বেছে নেবেন ইংল্যান্ডকে। কিন্তু ‘আমি আদ্যোপান্ত ওয়েলশ’ ঘোষণা দিয়ে গিগস জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের স্বপ্ন পূরণ করতে গিয়ে জন্মভূমিকে অস্বীকার করা তাঁর পক্ষে সম্ভব নয়। দুই বারের চ্যাম্পিয়নস লিগ জয়ী তাই বিশ্বকাপ তো দূর অস্ত, বড় কোনো টুর্নামেন্টেই খেলতে পারেননি জাতীয় দলের হয়ে। এই ৩৬ বছর বয়সে সেই আশা তিনি আর করেনও না। জাতীয় দল থেকে অবসর নিয়ে নিয়েছেন আগেই।