বিশ্বকাপ কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা
বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট, সেরা বোলিং, এক আসরে সর্বোচ্চ শিকার—সব রেকর্ডই গ্লেন ম্যাকগ্রার দখলে। আন্তর্জাতিক ক্রিকেটে সাবেক হয়ে যাওয়া অস্ট্রেলীয় পেসারের ভয়ংকর রূপটি আরেকটি বিশ্বকাপের আগে মনে করিয়ে দিচ্ছেন আরিফুল ইসলাম‘খেয়াল করে দেখলাম, বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় আমি দুইয়ে...’ এটুকু বলতেই যা বোঝার সবাই বুঝে গেল। বুঝে গেল এবার গ্লেন ম্যাকগ্রার লক্ষ্য তালিকার শীর্ষে ওঠা। ঘটনা ২০০৭ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচের আগের দিন। বড় সিরিজ বা টুর্নামেন্টের আগে লক্ষ্য ঠিক করার অভ্যাস তাঁর পুরোনো এবং ব্যর্থ খুব একটা হননি। ধারা বজায় থাকল সেবারও। ওয়াসিম আকরামকে টপকে শীর্ষে ওঠার জন্য প্রয়োজন ছিল ১১ উইকেট, ম্যাকগ্রা নিলেন ২৬টি!অথচ বিশ্বকাপের আগে ম্যাকগ্রাকে নিয়ে কত কথা। ক্যানসার-আক্রান্ত স্ত্রীর পাশে থাকার জন্য আগের বছরের আটটি মাস ক্রিকেট থেকে পুরোপুরি দূরে ছিলেন। ফিরে অ্যাশেজে দুর্দান্ত বোলিং করে টেস্ট ক্রিকেটকে বিদায় দিলেন। জানিয়েও দিলেন, ওয়ানডেতেও বিশ্বকাপই তাঁর শেষ টুর্নামেন্ট। কিন্তু সিবি সিরিজের শেষ ভাগটা ভালো গেল না, খারাপ করলেন নিউজিল্যান্ডে চ্যাপেল-হ্যাডলি ট্রফিতেও। প্রশ্ন উঠে গেল দলে জায়গা নিয়ে। বয়স হয়ে গেছে ৩৭, তাঁর চেয়ে তরুণ একজনকে বিশ্বকাপে নিয়ে গেলে দল উপকৃত হবে, চারদিকে এমন নানা কথা। নির্বাচকেরা তবু আস্থা রাখলেন অভিজ্ঞ সেনানীর ওপর। সমালোচকদের মুখে কিছু বললেন না ম্যাকগ্রা, অপেক্ষা করছিলেন বল হাতেই জবাব দেওয়ার।বিশ্বকাপের প্রথম ম্যাচেই ১৪ রানে ৩ উইকেট, গুঞ্জন থামল। এরপর দেখালেন ক্যারিয়ার-জুড়েই দেখিয়ে আসা ধারাবাহিকতার শেষ প্রদর্শনী। কোনো ম্যাচেই ৪/৫ উইকেট নেই, কিন্তু উইকেট আছে প্রতি ম্যাচেই। ১১ ম্যাচের ছয়টিতেই পেলেন ৩ উইকেট করে! ওয়াসিম আকরামকে ছুঁলেন বাংলাদেশের বিপক্ষে ম্যাচে শাহরিয়ার নাফীসকে আউট করে, ছাড়ালেন আফতাব আহমেদকে আউট করে। মনে করা হচ্ছিল, সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবচেয়ে বড় চ্যালেঞ্জটার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। কিসের কী? ম্যাকগ্রার ৫ ওভারের প্রথম স্পেলেই শেষ দক্ষিণ আফ্রিকা! এক বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড ভাঙলেন ওই ম্যাচেই। ফাইনালে ১ উইকেট নিয়ে রেকর্ডটাকে বাড়িয়ে করলেন ২৬। বিশ্বকাপ শেষে দেখা গেল, তিনি বোলিংয়ের ‘টেন্ডুলকার’। বিশ্বকাপের বোলিং রেকর্ডের প্রায় সবই তাঁর দখলে!অথচ বিশ্বকাপে তাঁর শুরুটা ছিল জঘন্য! ১৯৯৬ বিশ্বকাপের ঠিক আগে দেশের মাটিতে আচ্ছা ধোলাই হলেন জয়াসুরিয়া-কালুভিথারানার হাতে। প্রথম বিশ্বকাপে গিয়েও অবস্থা তথৈবচ, ৭ ম্যাচে মোটে ৬ উইকেট! শুরুতে তাঁকে ভাবা হয়েছিল ক্রেইগ ম্যাকডারমটের উত্তরসূরি। কিন্তু ওই বিশ্বকাপের পর সবার মনে হতে থাকল ভুল তুলনা। পরে তিনিই আবার সবাইকে ভুল প্রমাণিত করলেন। নিখুঁত লাইন-লেন্থে বলের পর বল করে যাওয়ার জন্য একসময় নাম হয়ে গেল রোবট। পরে দেখা গেল তিনি মোটেও ‘রোবট’ নন, মাথাটাও যে দারুণভাবে খাটাতে জানেন! ব্যাটসম্যানের দুর্বলতা পড়ে ফেলতে পারেন দ্রুত। সব মিলিয়ে ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন বিশ্ব ক্রিকেটের শীর্ষ বোলারদের একজন হিসেবে।কিন্তু আবার বিশ্বকাপ আসতেই সেই আগের অবস্থা। দলীয় পরিকল্পনার অংশ হিসেবে নতুন বল পাচ্ছিলেন না। এতে কার্যকারিতা কমে গেল। তাঁরও শুরুটা হলো ভীষণ বাজে, দলেরও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জীবন-মরণ ম্যাচে নতুন বল হাতে পেয়েই অসাধারণ বোলিং (৫/১৪) করে জেতালেন দলকে। এরপর তিনিও আর পেছনে ফিরে তাকাননি, দলও না। একের পর এক ম্যাচ জিততে থাকল অস্ট্রেলিয়া, তিনিও নিজেকে নিয়ে গেলেন নতুন নতুন উচ্চতায়। ওয়ানডেতে যে ১৫ বার ম্যাচসেরা হয়েছেন, এর ছয়বারই বিশ্বকাপে। ’৯৯ বিশ্বকাপেই আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম স্পেলেই গুঁড়িয়ে দিয়েছিলেন ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ উইকেট নিয়ে দলের শিরোপা জয়ে রাখলেন বড় অবদান। পরের বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে ১৫ রানে ৭ উইকেট নিয়ে গড়লেন টুর্নামেন্টের নতুন রেকর্ড (ম্যাচে সেরা বোলিং)। দলের শিরোপা জয়ের পথে এবার ২১ উইকেট, ওই বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ।২০০৭ বিশ্বকাপের কথা তো আগেই জানলেন। ফাইনালের পর রিকি পন্টিং বলেছিলেন, শেষ ওভারটা ম্যাকগ্রাকে দিয়েই করাতে চেয়েছিলেন। তাহলে হয়তো ওয়ানডে ক্যারিয়ারের শেষ ওভারে বা শেষ বলে উইকেট নেওয়ার একটা সুযোগ থাকত। কিন্তু বাজে আবহাওয়া, প্রায় অন্ধকারে খেলা—সব মিলিয়ে ৭ ওভারের পর আর বলই হাতে পাননি ম্যাকগ্রা। কিন্তু তাতে কী? টেস্ট ক্যারিয়ারের শেষ বলে উইকেট পেয়েছেন, পেয়েছেন দেশের মাটিতে ওয়ানডের শেষ বলেও। বিদায় নিলেন বিশ্বকাপে এক আসরে ও সব মিলিয়ে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়ে এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়ে। দল জিতল টানা তৃতীয় শিরোপা। বিদায়বেলায় মন খারাপ করার সুযোগই পেলেন না। বিদায়ের পাণ্ডুলিপিটা যেন নিজ হাতেই লিখেছিলেন ম্যাকগ্রা!