বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে তিন দেশি সাংস্কৃতিক অনুষ্ঠান
আমি বাংলায় দেখি স্বপ্ন/ বাংলায় বাঁধি সুর/ আমি এই বাংলার মায়া ভরা পথে/ হেঁটেছি এতটা দূর...। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের শিল্পী প্রীতম গানটি গাইছিলেন, তখন হাজার হাজার তরুণ দুলছিলেন সুরে সুরে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ‘ত্রিদেশীয় বিগ শো’। বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার শিল্পীদের অংশগ্রহণে বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষে এ কনসার্টের আয়োজন করা হয়। জাঁকজমক এই আয়োজনে বাংলাদেশের শিল্পী ফরিদা পারভীন, কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার প্রমুখের গানের পাশাপাশি ছিল চিত্রনায়ক শাকিব খানের নৃত্য। তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন বলিউডের নায়ক সালমান খান, অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, আনুশকারা। রাত সাড়ে ১২টায় ক্যাটরিনা কাইফ, সালমান খান, অক্ষয় কুমার ও আনুশকা শর্মার চোখ ধাঁধানো পরিবেশনা দেখে বাড়ি ফিরলেন হাজারো দর্শক।বিকেলে অনুষ্ঠান শুরু হয় নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পর। সন্ধ্যা সাতটায় অনুষ্ঠানের শুরুতে শুভ্র দেব ক্রিকেট নিয়ে কয়েকটি গান পরিবেশন করেন। ফরিদা পারভীন পরিবেশন করেন ‘অপার হয়ে বসে আছি’, ‘মিলন হবে কত দিনে’সহ কয়েকটি গান। আরও গান করেন কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, ইভা রহমান প্রমুখ। এরপর সুপরিচিত কিছু বাংলা গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন শাকিব খান। এরপর শ্রীলঙ্কার শিল্পীরা সংগীত পরিবেশন করেন। শেষ ছিল বলিউডের শিল্পীদের পরিবেশনা। আনুশকা ‘বদমাশ কোম্পানি’ সিনেমার গান ও ‘রব নে বানাদে জোড়ি’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। সংগীত পরিবেশন করেন প্রীতম।এরপর ক্যাটরিনা কাইফ ‘শিলা কি জওয়ানি’ গানের সঙ্গে নেচে দর্শকদের মাতিয়ে তোলেন। তারপর মঞ্চে আসেন অক্ষয় কুমার। ‘ম্যায় বারিশ ক্যর দু’ গানের সঙ্গে একটি ক্রেনে করে তিনি মঞ্চে আসেন। নিচে নেমে দর্শকদের অভিবাদন জানিয়ে বলেন, ‘জয় বাংলা’। এরপর তিনি তাঁর অভিনীত সিনেমার জনপ্রিয় বেশ কটি গানের সঙ্গে নেচে মন ভরিয়ে দেন দর্শকদের। এ ছাড়া আনুশকার সঙ্গেও কয়েকটি নাচে অংশ নেন তিনি। একপর্যায়ে অক্ষয় জানালেন, ২৭ বছর আগে তিনি বাংলাদেশে এসেছিলেন। তখন পূর্বাণী হোটেলে চাকরি করতেন তিনি।রাত ১২টায় মঞ্চে আসেন সালমান খান। ‘আ আ জানে জানা’ এ দিয়ে শুরু করেন নাচ। এরপর ‘জওয়ানি ফির না আয়ে’সহ কয়েকটি গানের মিশ্রণে একটি নৃত্য পরিবেশন করেন। আতশবাজির মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।পুরো অনুষ্ঠানজুড়ে ছিল অব্যবস্থাপনা। দীর্ঘ সময়ের এই ক্লান্তিকর অনুষ্ঠানে দর্শকেরা বেশ নাজেহাল হয়েছেন। মাঝেমধ্যে অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। একপর্যায়ে অক্ষয় কুমারের পরিবেশনার সময় নিরাপত্তা রক্ষার জন্য পুলিশ মঞ্চে এসে তাঁকে ঘিরে রেখেছিলেন। ডেসটিনি গ্রুপের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে এটিএন ইভেন্ট।