বাংলাভিশনে আজ রাতে দেখানো হবে সেলিব্রিটি টক শো আমার আমি। উপস্থাপনা করেছেন মুনমুন। অনুষ্ঠানের আজকের অতিথি ইমন ও নিপুণ। কথা হলো ইমনের সঙ্গে।দেশের বাইরে কোথাও গিয়েছিলেন?হ্যাঁ, কলকাতায়। ওখানে ওয়ালটনের একটি টিভির বিজ্ঞাপনচিত্রে কাজ করেছি। ওখানে কাজ করেছিলাম টেকনিশিয়ান স্টুডিওতে। আমার সঙ্গে শখও ছিলেন। মজার ব্যাপার হলো, ওখানে আমি যে কক্ষে মেকআপ নিয়েছি, সেখানে মেকআপ নিতেন উত্তম কুমার। আর শখ যে কক্ষে মেকআপ নিয়েছেন, সেখানে সুচিত্রা সেন। আমাদের দুজনের জন্যই এটা খুব স্মরণীয় ঘটনা।ওখানে আর কোনো কাজ করেছেন?বিশ্বকাপ ক্রিকেটের ওপর ওয়ালটন যে থিম সং তৈরি করছে, ওই গানের কিছু অংশের শুটিং হয়েছে কলকাতায়। এখানে আমার সঙ্গে আরও ছিলেন ফেরদৌস, নিপুণ, শখ ও পিয়াসা। গানটিতে কয়েকজন ক্রিকেট তারকাও অংশ নিয়েছেন। তাঁরা হলেন, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াজ, মুশফিকুর রহিম ও শাহাদাৎ হোসেন। তাঁরা অবশ্য আগেই কাজ করেছেন; তাঁদের অংশের শুটিং হয়েছে ঢাকায়। শিগগিরই গানটি বিভিন্ন টিভি চ্যানেলে দেখানো হবে।ওখানে কদিন ছিলেন?সাত দিন। পুরো সময়টা দারুণ উপভোগ করেছি। ফেরদৌস ভাইয়ের সঙ্গে বের হয়েছিলাম। তিনি তো ওখানে দারুণ জনপ্রিয়। এক জায়গায় গাড়ি থামিয়ে তিনি বললেন, ‘এখানে হঠাৎ বৃষ্টি ছবির প্রথম শট্ দিয়েছিলাম প্রিয়াঙ্কা আর আমি।’ এরপর তিনি বললেন, ‘চলো, তোমাকে একটা সারপ্রাইজ দেব।’ তিনি আমাকে নিয়ে গেলেন বাসু চ্যাটার্জির বাসায়। বাসু চ্যাটার্জির নাম অনেক শুনেছি। এবার পরিচয় হলো। তিনি আমাকে আশীর্বাদ করলেন।‘আমার আমি’ অনুষ্ঠানটি নিয়ে কিছু বলুন।এই অনুষ্ঠানে আমার সঙ্গে আরও ছিলেন নিপুণ। সামনেই আমরা এই তো ভালোবাসা ছবিতে একসঙ্গে কাজ করব। তা নিয়ে কথা হয়েছে। এ ছাড়া আরও অনেক বিষয়। তবে অনেক মজা হয়েছিল।আপনার নতুন ছবির খবর কী?গত শুক্রবার মায়ের জন্য পাগল ছবিটি মুক্তি পেয়েছে। এখানে আমার মা ববিতা, আর বাবা সোহেল রানা। আর আমার বিপরীতে অভিনয় করেছেন পূর্ণিমা। আশা করছি, আমার অভিনীত এ ছবিটিও দর্শক পছন্দ করবে। বিনোদন প্রতিবেদক