বিশ্বকাপ ক্রিকেটের সময় সর্বোচ্চ নিরাপত্তা দেবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালে বাংলাদেশে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেট খেলার সময় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চাহিদা অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তা দেবে সরকার। একই সঙ্গে ওই সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে একটি জাতীয় নিরাপত্তা কমিটিও গঠন করা হবে।আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন বিশ্বকাপ ক্রিকেটের নিরাপত্তাবিষয়ক এক আন্তমন্ত্রণালয়ের বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের এ কথা বলেন।বৈঠকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আ হ ম মোস্তফা কামাল, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার, র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকারসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বকাপ খেলতে বিভিন্ন দেশ থেকে আগত খেলোয়াড় ও বিশ্বকাপ দেখতে আসা আগত দর্শকসহ সংশ্লিষ্ট সবার নিরাপত্তায় সেনাবাহিনীসহ সব আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়োজিত করা হবে।আগামী বছরের ১৭ ফেব্রুয়ারি থেকে শ্রীলঙ্কা ও ভারতের সঙ্গে যৌথ আয়োজনে বাংলাদেশে বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। চলবে ২৬ মার্চ পর্যন্ত।এর আগে ৬ ফেব্রুয়ারি থেকে খেলোয়াড়, কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও দর্শকেরা বাংলাদেশে আসতে শুরু করবেন। এ জন্য তাঁদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও হয়েছে এ বৈঠকে।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ক্রিকেট বোর্ডের সভাপতি মোস্তফা কামাল জানিয়েছেন, আগত খেলোয়াড়, দর্শক ও অতিথিদের নিরাপত্তায় কোনো ধরনের নাশকতার হুমকি রয়েছে বলে তাঁরা মনে করছেন না। এ ব্যাপারে তাঁরা রাজধানীতে সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখছেন।