বিশ্বকাপ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার সুপারিশ
আসন্ন বিশ্বকাপ ক্রিকেট চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সতর্ক ও তত্পর থাকার সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি।আজ রোববার জাতীয় সংসদ ভবনে কমিটির এক সভায় এ সুপারিশ করা হয়।সভায় বলা হয়, বিশ্বকাপ ক্রিকেটের সময় সারা বিশ্বের দৃষ্টি থাকবে ঢাকার দিকে। বিশ্বের বড় বড় সব গণমাধ্যমের প্রতিনিধি ঢাকায় থাকবেন। তাই যাতে কোনো ধরনের নিরাপত্তাসংকট তৈরি না হয়, সেজন্য এ সময় শহরের নিরাপত্তা-ব্যবস্থা আরও শক্ত করতে হবে। জানা গেছে, সভায় বিভিন্ন দেশের ক্রিকেট খেলোয়াড়ের পাশাপাশি তাঁদের সফরসঙ্গী ও সমর্থকদেরও নিরাপত্তা নিশ্চিতের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সতর্ক ও তত্পর থাকতে বলা হয়েছে। একই সঙ্গে বিশ্বকাপ চলাকালে ঢাকা শহরকে যানজটমুক্ত রাখতেও প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে।এ ছাড়া, বৈঠকে সাম্প্রতিক সময়ের চাঞ্চল্যকর অপরাধমূলক ঘটনাগুলোর বিষয়ে পুলিশ প্রশাসনের নেওয়া পদক্ষেপের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় চাঞ্চল্যকর মামলাগুলোর তদন্ত আরও জোরদার করতে বলা হয়েছে। একই সঙ্গে যেসব ঘটনায় কর্তব্যরত পুলিশ হতাহত হয়েছে, সে সব ক্ষেত্রে বেশি গুরুত্ব্ব দিয়ে তল্লাশি ও তদন্তকাজ চালানোরও সুপারিশ করা হয়।কমিটির সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, হাবিবুর রহমান, নুরুল ইসলাম সুজন, সানজিদা খানম, সফিকুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইউনুসুর রহমান, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (প্রশাসন) এ কে এম শহীদুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।