বিশ্বকাপ জয়ের সামর্থ্যই নেই ইংল্যান্ডের!
রোমাঞ্চ, নাটক, উত্তেজনা—অবশেষে সবকিছুর সমাপ্তি। চেহারাটাই বলে দিচ্ছিল তিনি বিধ্বস্ত। কণ্ঠ বলছিল তিনি ক্লান্ত। রোলার-কোস্টারের রোমাঞ্চকর অভিযান শেষ হয়েছে চরম হতাশায়। এই বিশ্বকাপে, হয়তো বা ওয়ানডেতেই, সব শেষ সংবাদ সম্মেলনে কোনো ভণিতা করলেন না অ্যান্ড্রু স্ট্রাউস। সোজাসাপ্টা জানিয়ে দিলেন, বিশ্বকাপ জয়ের সামর্থ্যই নেই তাঁর দলের!‘অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজে পারিনি, বিশ্বকাপেও আমরা ভালো খেলতে পারলাম না। গ্রুপ পর্বে আমরা লড়াইয়ের মানসিকতা দেখিয়েছি, হারার আগে হারিনি, সবই ভালো। তবে বাস্তবতা হলো, এই টুর্নামেন্ট জয়ের মতো রসদ আসলে আমাদের নেই’—মনে হতে পারে প্রত্যাশা আর প্রাপ্তির টানাপোড়েনে চরম হতাশ কোনো অধিনায়কের বক্তব্য। কিন্তু আবেগ বা হতাশা থেকে যে নয়, সেটা বুঝিয়ে দিয়েছেন স্ট্রাউস যুক্তি দিয়েই, ‘টুর্নামেন্টে যে দলগুলো ভালো করেছে, সবার বোলিং আক্রমণ দারুণ। আমাদের বোলিংয়ে ওদের মতো বৈচিত্র্য নেই। ওদের ব্যাটসম্যানরা নিয়মিত সেঞ্চুরি পেয়েছে, আমরা এটাও করতে পারিনি। এটাই বাস্তবতা।’স্ট্রাউসের এই আফসোস শুধুই আরও কিছু ভালো ক্রিকেটার না পাওয়ার। যাঁরা এখন আছেন, তাঁদের আত্মনিবেদন নিয়ে কোনো প্রশ্ন নেই ইংল্যান্ড অধিনায়কের। মনে করিয়ে দিয়েছেন ইতিহাসও, ‘ছেলেদের আত্মনিবেদন বা বিশ্বকাপ জয়ের ইচ্ছায় কোনো ঘাটতি নেই। আজও সবাই যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু প্রতিপক্ষ এতটাই শক্তিশালী ছিল যে আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে দেয়নি। তবে উপমহাদেশের কন্ডিশনে ইংল্যান্ড কিন্তু কখনোই খুব একটা ভালো করতে পারেনি। সত্যিই হতাশাজনক, আমাদের এর চেয়ে আরও অনেক ভালো করতে হবে।’স্বাভাবিকভাবেই উঠেছে ক্লান্তি-অবসাদ প্রসঙ্গও। গত অক্টোবরের শেষ দিকে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন। চার মাস পর দেশে ফিরে দুই দিন পরই ছুটতে হয়েছে বিশ্বকাপে। পরাজয়ে অবসাদের ভূমিকা স্বীকার করতে চাইলেন না স্ট্রাউস। তবে তাঁর উত্তর থেকেই আন্দাজ করা যায় মনের ভাবনা, ‘দেখুন, অস্ট্রেলিয়ায় গিয়ে আত্মনিবেদন ও একাগ্রতার সবটুকু দিয়ে পাঁচটি টেস্ট খেলা, এরপর মাত্র দুই দিন দেশে থেকেই বিশ্বকাপে ছুটে আসা। বাড়িতে সময় কাটানোর সুযোগই হয়নি, যেটা মোটেও ভালো কিছু হয়নি। একধরনের ক্লান্তি আপনি হয়তো অনেকের মধ্যেই দেখতে পাবেন। তবে আমি এটিকে অজুহাত বানাতে চাই না। স্বীকার করতে দ্বিধা নেই, আজকে (পরশু) আমরা স্রেফ উড়ে গেছি!’আপাতত উড়ে গেছে ইংলিশদের বিশ্বকাপও। আরও একটি বিশ্বকাপ শেষ হলো হতাশায়। পূরণ হলো একটা চক্রও। প্রথম পাঁচ বিশ্বকাপের প্রতিটিতেই সেমিফাইনালে উঠেছিল ইংল্যান্ড, পরের পাঁচটি বিশ্বকাপের একটিতেও ওঠা হলো না। কে জানে আদৌ আর কখনো হবে কি না!’