বিশ্বকাপ ট্রফির ঢাকা দর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ট্রফি ঢাকায় এসেছে গতকাল না পরশু? যেটা এসেছে সেটাই আসল ট্রফি তো! এসব ধোঁয়াশার মধ্যেই কাল বৃহস্পতিবার ঢাকায় পথযাত্রায় ঘুরল ২০১১ বিশ্বকাপের ট্রফি। আসল ট্রফির সঙ্গে কিছু অমিল থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটি (এলওসি) এটাকেই দাবি করছে বিশ্বকাপের আসল ট্রফি বলে।এলওসির টুর্নামেন্ট পরিচালক আলী আহসান জানিয়েছেন, মূলত আইসিসির দুই স্পনসর হিরো হোন্ডা ও পেপসির প্রচারণার কাজেই বিশ্বকাপের ট্রফি ঢাকায় এসেছে। কাল সারা দিন এই ট্রফি নিয়ে প্রচারণা চালাল হিরো হোন্ডা। ৯ ফেব্রুয়ারি একইভাবে প্রচারণা চালাবে পেপসি। ১৭ ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানের আগে ট্রফি নিয়ে পথযাত্রা করার পরিকল্পনা আছে বিসিবিরও।কাল সকালে মোটরসাইকেল শোভাযাত্রাসহ হিরো হোন্ডার রোড শো শুরু হয় অ্যাটলাস বাংলাদেশের টঙ্গীর কার্যালয় থেকে। সেখান থেকে উত্তরা, কুড়িল বিশ্বরোড, রামপুরা টেলিভিশন ভবন, পুলিশ কমিশনারের কার্যালয়, হাইকোর্ট, টিএসসি, শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি, ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়াম, সংসদ ভবন, আইডিবি ভবন হয়ে সন্ধ্যায় ট্রফি পৌঁছে বিসিবি অফিসে। পথযাত্রার মাঝে মূল বিরতিটা ছিল বিটিভি ভবন, পুলিশ কমিশনারের কার্যালয়, ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়াম ও আইডিবি ভবনে। এসব জায়গায় ট্রফি ঘিরে চলেছে ছবি তোলার উৎসব। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে হিরো হোন্ডা আয়োজিত একটা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মূল আকর্ষণই হয়ে দাঁড়াল এই ট্রফি।বিসিবি থেকে বলা হয়েছে, ট্রফিটা আজকের মধ্যেই চলে যাবে ভারতে। ফিরে আসবে ৮ ফেব্রুয়ারি। ৯ ফেব্রুয়ারি ট্রফি নিয়ে প্রচারণা চালাবে পেপসি। তবে বোর্ডের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান পর্যন্ত বাংলাদেশেই থাকছে ট্রফিটা। তা সেটা আসল ট্রফিই হোক কিংবা নকল।