বিশ্বকাপ নিয়ে বিতর্কে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ফুটবল খেলায় জয়-পরাজয় নিয়ে কথাকাটাকাটির জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে পাবনার চাটমোহর উপজেলার মহেলা গ্রামে। গতকাল বুধবার দিবাগত রাতে স্পেন ও জার্মানির সেমিফাইনাল খেলা শেষে এ ঘটনা ঘটে।একাধিক প্রত্যক্ষদর্শী জানান, মাহেলা গ্রামের আফতাব আলী (৬০) ও তাঁর ভাতিজা দেলোয়ার হোসেন (৩০) স্থানীয় মহেলা বাজারে বিশ্বকাপ ফুটবলের স্পেন ও জার্মানির সেমিফাইনাল খেলা দেখছিলেন। স্পেন জার্মানিকে ১-০ গোলে হারায়। এ নিয়ে স্পেনের সমর্থক চাচা জার্মানির সমর্থক ভাতিজাকে কটাক্ষ করে কথা বলেন। এতে তাঁদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। খেলা শেষে চাচা বাড়ি পৌঁছালে ভাতিজা পেছন থেকে তাঁর মাথায় লাঠি দিয়ে আঘাত করে পলিয়ে যান। এতে আফতাব আলী গুরুতর আহত হলে রাতেই তাঁকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে তাঁর মৃত্যু হয়।এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম বলেন, বিশ্বকাপের খেলা দেখা নিয়ে কথাকাটাকাটির পর ভাতিজার লাঠির আঘাতে চাচা আফতাব আলীর মৃত্যু হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।