বিশ্বকাপ পোকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ খেলার সময় ছোট-বড় সবাই আমরা পাগল হয়ে উঠি বিভিন্ন দলের সমর্থন জানানোর জন্য। মানুষের মধ্যে এই বিশ্বকাপপ্রীতি থাকলেও পোকাদের মধ্যেও যে বিশ্বকাপপ্রীতি আছে, তা কি জানেন? মেঘালয়ের রি-ভয় জেলার সাইদেন এলাকায় সিকাডা পরিবারের অন্তর্ভুক্ত ক্রেমিস্টিকা নামের একধরনের পোকা আছে, যাদের দেখে সহজেই অনুমান করা যায় বা বোঝা যায় যে এরা বিশ্বকাপপ্রেমী। অর্থাৎ বিশ্বকাপ খেলা যেমন চার বছর পর পর হয়, ক্রেমিস্টিকা নামের এই পোকারাও বিশ্বকাপ খেলা শুরু হওয়ার প্রায় এক মাস আগে থেকেই মাটি ফুঁড়ে বেরিয়ে আসতে শুরু করে। এই পোকারাও মাটির নিচ থেকে বেরিয়ে আসতে শুরু করেছে ঠিক চার বছর পর। প্রতিবারই এরা চার বছর পর পর অর্থাৎ বিশ্বকাপ ফুটবল খেলার প্রায় এক মাস আগে থেকে মাটির নিচ থেকে বের হতে শুরু করে এবং এবারও এর ব্যতিক্রম হয়নি। স্থানীয় প্রাণীবিদ বি খারবুলি বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ায় এই সিকাডা প্রজাতির প্রায় আড়াই হাজার পোকা রয়েছে। তাঁরা দেখেছেন, ক্রেমিস্টিকা গোত্রের এই পোকা প্রতিবারই চার বছর পর পর বিশ্বকাপ খেলা শুরুর ঠিক আগ দিয়ে মাটির নিচ থেকে বের হয়ে আসে। এলাকাবাসীর কাছে তাই এরা বিশ্বকাপ পোকা নামেই ব্যাপক পরিচিতি লাভ করেছে। ১৯৯৮ সালের বিশ্বকাপ খেলা থেকেই মেঘালয়ের রি-ভয় জেলার সাইদেন এলাকার জনগণ সর্বপ্রথম এই পোকার আবির্ভাব দেখেছে। অদ্ভুত এসব পোকার গায়ের রং ধূসর সবুজ এবং শরীরের দুই পাশে সাদা সাদা দাগ রয়েছে। এরা সাধারণত বাঁশের কঞ্চিতে বাসা বাঁধে। এদের আচার-আচরণও অদ্ভুত। পুরুষ পোকা ঝোপের ভেতর থেকে তীব্র সুরে ডাকে। সেই ডাকে সাড়া দেয় স্ত্রী পোকা। সবচেয়ে বিস্ময়কর ও মজার ব্যাপার হচ্ছে, এরা প্রতিবছর বিশ্বকাপ শুরুর প্রায় এক মাস আগে দলবেঁধে বাসা থেকে বের হয় এবং বিশ্বকাপ শেষ হওয়ার প্রায় এক মাসের মধ্যে নিজ নিজ ঘরে ফিরে যায়। আরও একটি মজার খবর কি জানেন? ক্রেমিস্টিকা নামের এ পোকাটি খেতেও নাকি খুব সুস্বাদু। ওখানকার অধিবাসীরা বেশ তৃপ্তিসহকারে এই পোকা ভাজা ও ঘন্ট করে খেয়ে থাকে। শুধু তা-ই নয়, পাখি ও মাছও এই পোকাটি খেতে বেশ পছন্দ করে। আর এ পোকা ধরাটাও কিন্তু সহজ কাজ নয়। রসনা তৃপ্তিতে এই পোকার ব্যাপক চাহিদা থাকায় স্থানীয় বাজারে প্রতি কেজি পোকা বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ রুপিতে। প্রদীপ সাহা