বিশ্বকাপ ফুটবলে হামলার হুমকি দিল আল-কায়েদা
জুনে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলে হামলা চালানোর হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন আল-কায়েদার উত্তর আফ্রিকা শাখা। বিশ্বকাপে অংশগ্রহণকারী দল যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ড ছাড়াও আল-কায়েদার হিটলিস্টে আছে ফ্রান্স, জার্মানি ও বর্তমান চ্যাম্পিয়ন ইতালির ফুটবল দল। আল-কায়েদা ‘মুশতাকুন লেল জান্নাহ’ নামের এক জিহাদপন্থী অনলাইন ম্যাগাজিনে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, ‘ওই সব দেশ ইহুদিবাদী-ক্রুসেডারদের ইসলামবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।’ বিবৃতিতে বিশ্বকাপের একটি ম্যাচ চলাকালে সেখানে হামলা হলে কেমন দৃশ্যের অবতারণা হবে তার একটি বর্ণনা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘একবার চিন্তা করে দেখুন তো, মাঠে যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের খেলা চলছে, স্টেডিয়ামভর্তি দর্শক হই-হুল্লোড় করছে। এ সময় একটি বিকট বিস্ফোরণের শব্দে দর্শকদের আনন্দ মুহূর্তের মধ্যে বিষাদে পরিণত হয়েছে, স্টেডিয়ামজুড়ে চূড়ান্ত বিশৃঙ্খলা, শত শত মৃতদেহ এদিক-ওদিক ছড়িয়ে-ছিটিয়ে আছে।’ আগামী ১২ জুন দক্ষিণ আফ্রিকার রাস্টেনবার্গ শহরে যুক্তরাষ্ট্র-ইংল্যান্ড ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা।আল-কায়েদা আরও জানিয়েছে, এ ক্ষেত্রে তারা এক নতুন ধরনের বিস্ফোরক ব্যবহার করবে, বিশ্বকাপের নিরাপত্তাব্যবস্থা যা শনাক্ত করতে পারবে না। তাই সহজেই তা খেলার মাঠে নিয়ে যাওয়া যাবে। উল্লেখ্য, গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকা জানায়, তার নিরাপত্তা বাহিনী ২০১০ সালের বিশ্বকাপের সময় হামলা চালানোর আল-কায়েদার একটি পরিকল্পনা নস্যাত্ করে দিয়েছে। একটি মার্কিন গোয়েন্দা সংস্থার সহায়তায় তারা কয়েকজন আল-কায়েদা জঙ্গিকে গ্রেপ্তার করে, যাদের সবাই আল-কায়েদার সোমালিয়া ও মোজাম্বিক শাখার সদস্য। আগামী ১১ জুন জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকোর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ ফুটবলের আসর।—আইএএনএস/টাইমস অব ইন্ডিয়া