বিশ্বকাপ ফুটবল খেলার দিন যত ঘনিয়ে আসছে, দলের সমর্থন নিয়ে কথার ঝড় ততই বেড়ে চলছে। বর্তমানে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার প্রতিটি হাটবাজার এবং বন্দরে এমনকি চায়ের দোকানের আলোচনা শুধু বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে। উপজেলার ফুটবলপ্রেমীদের মধ্যে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকই লক্ষণীয়। উপজেলার এসব ফুটবলপ্রেমী দুই গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। কেউ বলছে এবার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে, আবার অন্যরা বলছে ব্রাজিলই চ্যাম্পিয়ন হবে। দুই দলের ভক্তরাই এসব উপজেলায় শত শত পতাকা উড়িয়ে এলাকা ছেয়ে ফলেছে। পাল্লা দিয়ে কে কত পতাকা উড়িয়ে সমর্থন প্রকাশ করতে পারে, এখন সে প্রতিযোগিতা চলছে। একত্রে খেলা উপভোগ করার জন্য নতুন টিভি ক্রয় করছে অনেকে। আর্জেন্টিনাকে কেন সমর্থন করেন এ বিষয়ে গৌরনদীর আশোকাঠী ব্যবসায়ী সমিতির সভাপতি মো. দেলোয়ার হোসেন সরদার বলেন, ‘আর্জেন্টিনা মানে ম্যারাডোনা। আর এই ম্যারাডোনার খেলা বিশ্বখ্যাত হওয়ায় তাঁর দলকে ভালোবাসি।’ আর্জেন্টিনার ভক্ত আগৈলঝাড়া উপজেলা সদরের চায়ের দোকানদার আলামিন বলেন, ‘বিশ্বকাপ খেলা শেষ না হওয়া পর্যন্ত ব্রাজিলের সমর্থকদের কাছে আমি চা বিক্রি করব না।’ গৌরনদী পৌর সুপার মার্কেটের ব্যবসায়ী ইমতিয়াজ আহম্মেদ কোরাইশী ব্রাজিলের ৪০ ফুট লম্বা একটি পতাকা বানিয়েছেন। এ ছাড়া ব্রাজিলের জার্সি ক্রয় করে তিনি সমর্থকদের মধ্যে বিতরণ শুরু করেছেন।