বিশ্বকাপ বিষম চাপ
বিশ্বকাপ মানেই ৩২ দল আর ৬৪টি ম্যাচ নয়। সেই গণ্ডি ছাড়িয়ে বিশ্বকাপ হয়ে ওঠে বর্ণিল মহোৎসব। বিশ্বকাপ কাভার করতে গিয়ে কাছ থেকে সেই উৎসব দেখেছেন পবিত্র কুন্ডু। সেই অভিজ্ঞতা নিয়ে এই ধারাবাহিক রচনাবিশ্বকাপ নিয়ে বাংলাদেশের উত্তেজনাটা সারা বিশ্বের কাছেই একটা দ্রষ্টব্য। এবার তো বাংলাদেশের গায়ে বিশ্বকাপ-জ্বর এসে গেল অনেক আগে। সেই জ্বরে আক্রান্ত আমি এ দেশের সাংবাদিকদের মধ্যে সবার আগে পৌঁছে গেলাম দক্ষিণ আফ্রিকায়। বিশ্বকাপ শুরু হতে তখনো এক সপ্তাহ বাকি। গিয়ে আবিষ্কার করলাম, সারা বিশ্বেরই অগ্রবর্তী সাংবাদিক বহরের একজন আমি। সকার সিটি স্টেডিয়ামের অ্যাক্রিডিটেশন সেন্টারে সাকল্যে শ-দেড়েক সাংবাদিকের লাইন। ফিফার কাগজখানি দেখেই ওয়েব ক্যামেরার সামনে একেকজনকে বসিয়ে দেওয়া হচ্ছে, একেবারেই সাম্প্রতিক ছবি নেওয়ার জন্য। সুন্দর পাসপোর্ট সাইজের পরিপাটি ছবির দরকার নেই। ফিফা চায় বর্তমানকে। আপনার চুল উষ্কখুষ্কই থাক, কিংবা বিমান-ভ্রমণের ক্লান্তি মুখশ্রীকে ধ্বস্ত-বিধ্বস্ত করে দিক—ওয়েব ক্যামেরার ওই ক্লিকটাই সই। কয়েক মিনিটের মধ্যেই ছবি হয়ে গেল, তৈরি হয়ে গেল পরিচয়পত্র। গলায় উঠে গেল বিশ্বকাপের রক্ষাকবচ। যেটি ছাড়া আপনি মূল্যহীন। বাইরে বেরোতে চাইলেই গলায় ওটা ঝোলানো লাগবে। আপনি এখন চেনা বামুন, ওটা আপনার পৈতা। কিন্তু পরিচয়পত্র সব সময় ঝুলিয়ে রাখার একটা বিপদও ছিল। প্রবাসী বাংলাদেশি বন্ধুরা পইপই করে সাবধান করে দিতেন, ফিফা অ্যাক্রিডিটেশন কার্ড রাস্তাঘাটে অন্তত যেন না দেখাই। ওটা দেখলেই দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ মানুষের কাছে তুলে ধরা যে আমি দেশটিতে আগন্তুক। আর আগন্তুক মানেই ছিনতাইকারীর কবলে পড়ার আশঙ্কা। এমনকি জীবনটাকেই মেলে দেওয়া বন্দুকের সামনে। ধরে নেওয়া গেল, এমনটা ঘটল না। সবই অমূলক। তা হলেও সমস্যা একটা ছিল এবং সেটির মুখোমুখি হতেই হয়েছে। পরিচয়পত্র দেখে সুবিধাবঞ্চিত কৃষ্ণাঙ্গরা ভেবেছে আমি বিশ্বকাপের কোনো কেউকেটা। এর কাছেই ম্যাচের টিকিট পাওয়া যাবে। টিকিটের জন্য কত যে ‘আবদার’ শুনতে হয়েছে! জোহানেসবার্গের যে হোটেলে থাকতাম, সেই হোটেলের সামনে এক নাছোড়বান্দা তরুণের সামনে পড়লাম একদিন। একটা ম্যাচ টিকিট তাকে দিতেই হবে। যতই বলি টিকিট দেওয়ার ক্ষমতা আমার নেই, সে আরও জড়িয়ে ধরে। শেষমেশ বলে, ‘তাহলে গলায় ঝোলানো আপনার কার্ডটা আমাকে দিন, ওটা নিয়েই খেলা দেখতে যাব।’ ওতে যে আমার ছবি লাগানো, এটা যে শুধু সাংবাদিক গ্যালারিতে ঢোকার প্রবেশাধিকার দেয়, কে তাকে বোঝাবে! আমাকে এসে উদ্ধার করলেন এক প্রবাসী। বিনা মূল্যে তাঁর কাছ থেকে জুটল কিছু অমূল্য উপদেশ, ‘খবরদার বাইরে এভাবে কার্ড বের করবেন না। কখন কী ঘটে যায়, আপনি বুঝতেও পারবেন না। এরা (কৃষ্ণাঙ্গরা) একেবারে নির্বোধ।’ আমি হাঁফ ছেড়ে বাঁচি, আর মনে মনে বলি, ‘এদের বুদ্ধি কম বলেই এ দেশে চুটিয়ে ব্যবসা করা যায়, এক টাকার জিনিস ১০ টাকায় বিক্রি করে রোজগার করা যায় রাশি রাশি টাকা।’ পরিচয়পত্রটা শার্টের নিচে লুকিয়ে রাখাটা সেই থেকে অভ্যেস হয়ে গেল। সেই অভ্যেসের জন্য খানিকটা দুর্ভোগও পোহাতে হলো বিশ্বকাপের শেষ দিন। জ্যাকেট ও শার্টের নিচে ঢাকা পড়ে গিয়েছিল ওটা। কিন্তু স্টেডিয়ামের প্রবেশদুয়ারে এসে তড়িঘড়ি করে খুঁজে পেতে হলো দেরি। বিশাল শরীরের এক কৃষ্ণাঙ্গ পুলিশ আমাকে লাইন থেকে সরিয়ে দিলেন পাশে। ততক্ষণে গোটা বিশ্বের জনস্রোত এসে মিলেছে সেখানে। সাদা-কালো-বাদামি রঙের বিশ্বমানব। লাইনের অনেক পেছনে দাঁড়িয়ে যখন সকার সিটির ভেতরে ঢুকতে পারলাম, পেরিয়ে গেছে এক ঘণ্টা! বিশ্বকাপ ফুটবল কত বড় এবং কত কঠিন তা বোধ হয় সাংবাদিকেরা বুঝতে পারে হাড়ে হাড়ে। আর যদি সেই সাংবাদিক হয় সময়ের হিসাবে চার ঘণ্টা এগিয়ে থাকা দেশের, তাহলে রবীন্দ্রনাথ দিয়ে যান সত্যোপলব্ধি, ‘সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম’।জানালার পর্দা সরিয়ে নতুন সকালের যে আলো দেখতাম তাতে আসলে থাকত বাংলাদেশের প্রখর রোদের তাপ। কেননা, দক্ষিণ আফ্রিকায় সকাল ৮টা মানেই ঢাকায় দুপুর ১২টা। চার পাতার ‘বিশ্বকাপের বাঁশি’ প্রায় প্রেসে যাওয়ার পথে। প্রথম আলো অফিস থেকে ক্রীড়া সম্পাদকের এসএমএস হয়তো এসে জমে রয়েছে সেলফোনে, ‘আজ কী কী পাঠাবেন?’ ওদিকে আমি তখনো ইন্টারনেটে গিয়ে মিডিয়া চ্যানেলটা খুলে দেখার সুযোগ করে উঠতে পারিনি। মিডিয়া চ্যানেল আবার কী জিনিস? এটা হলো বিশ্বকাপের একটা ওয়েবসাইট। যেখানে নিবন্ধিত সাংবাদিকেরাই কেবল নিজস্ব পাসওয়ার্ড ব্যবহার করে ঢুকতে পারেন। ওতেই জানিয়ে দেওয়া হয় দিনের কর্মসূচি। আজ কোন দল কোন মাঠে অনুশীলন করছে, অনুশীলনটা উন্মুক্ত না বদ্ধদুয়ার, কোন দলের কখন সংবাদ সম্মেলন ইত্যাদি ইত্যাদি। একদিন তো মিডিয়া চ্যানেল খুলেই দেখলাম, ব্রাজিলের উন্মুক্ত অনুশীলন শুরুর বাকি আর মাত্র ১ ঘণ্টা। গায়ে জামাকাপড় চাপিয়েই ২৫ কিলোমিটার দূরের গন্তব্যে ছুটতে হলো তৎক্ষণাৎ। সেই যাওয়াটাও মসৃণ ভাবার কোনো কারণ নেই। দক্ষিণ আফ্রিকায় পরিবহনসুবিধা ছিল ভয় আর আতঙ্কে মোড়া। সঠিক ট্যাক্সিচালক আপনি খুঁজে পেলেন কি না, সেটি খুব গুরুত্বপূর্ণ। এ রকম ভয়-আতঙ্ককে নিত্যসঙ্গী করেই বিশ্বকাপ কাভার করতে হয়েছে। ছুটে বেড়াতে হয়েছে শত শত মাইল দূরবর্তী ভেন্যু থেকে ভেন্যুতে। পার করতে হয়েছে ৩৭টি দিন। বিশ্বকাপ অনেক বড়, কিন্তু কত বড় চাপেরও যে সে সাংবাদিক ছাড়া আর কে বেশি বুঝেছে!