বিশ্বকাপকে জাগিয়ে তোলা এক ‘টাই’
এ শুধুই একটা ক্রিকেট ম্যাচ নয়। তার চেয়েও বেশি কিছু। ক্রিকেট তার অপার রহস্যময়তা নিয়ে হাজির এখানে। এ এমন এক ম্যাচ, স্বর্গের লোকজনও যা চেটেপুটে খাবে। কল্পনাবিস্তারী কোন ঔপন্যাসিকেরই বা সাধ্য আছে এমন একটা পাণ্ডুলিপি লেখেন!‘টাই’ ম্যাচ ক্রিকেট কম দেখেনি। বিশ্বকাপও তো দেখেছে বিখ্যাত সব ‘টাই’। ১৯৯৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। ২০০৩-এ শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে প্রভাব বিচারে এই দুটি টাই এগিয়ে থাকতে পারে, কিন্তু শুধুই আলাদা একটা ক্রিকেট ম্যাচ হিসেবে বিবেচনা করলে এই ‘টাই’-ই থাকবে এক নম্বরে। ৩৩৮ রানে ‘টাই’—চিন্নাস্বামী স্টেডিয়ামের ভাগ্যবান দর্শকেরা সর্বকালের সেরা ওয়ানডে ম্যাচই দেখে ফেললেন কি না, এই আলোচনাও হচ্ছে।দুই ইনিংসের বিরতিতে ভারতই জিতবে কি না, এ নিয়ে কোনো আলোচনাই হচ্ছিল না। কত রানে জিতবে, প্রশ্ন ছিল এটাই। ওয়ানডেতে তিন শর বেশি হলেই ম্যাচ শেষ—এই দিন গত হয়েছে অনেক দিনই। তাই বলে ভারতীয় কন্ডিশনে ইংল্যান্ড ৩৩৮ তাড়া করে জিতবে! ভাই, আপনি খুব রসিক মানুষ!যেটিকে মনে হচ্ছিল রসিকতা, সেটিই সবচেয়ে সম্ভাব্য ফল হয়ে দেখা দিল ইংল্যান্ড ইনিংসের মাঝপথে। ৪৩তম ওভার আসতে আসতে পুরো উল্টো দৃশ্যপট। ইংল্যান্ড তো জিতছেই। কত উইকেটে, সেটিই প্রশ্ন। ৪৪ বলে চাই ৫৮ রান। হাতে ৮ উইকেট এবং ব্যাটিং পাওয়ার প্লে। অ্যান্ড্রু স্ট্রাউসের ব্যাট মনে হচ্ছে আড়াই ফুট চওড়া। ইয়ান বেলের ফুট দুয়েক।এর পরই নাটকের শুরু। প্রথম ৭ ওভারে ৫৩ রান দিয়ে উইকেটশূন্য জহির খান শেষ স্পেল করতে এসে পর পর দু বলে তুলে নিলেন বেল আর স্ট্রাউসকে। তাতে কী, তার পরও তো কলিংউড আছেন। প্রিয়র আছেন। ব্যাটিং পাওয়ার প্লেটাও সঙ্গে সঙ্গেই নিয়ে ফেলল ইংল্যান্ড। কিন্তু ক্রিকেট-বিধাতা যে নিজের হাতে এই ম্যাচের পাণ্ডুলিপি লিখেছেন! সেটি অনুমানের সাধ্য কার! পরের ওভারে কলিংউডকেও ফেরালেন জহির খান। ৬ বলে মাত্র ১ রান দিয়ে বাঁহাতি পেসারের ৩ উইকেট। প্রিয়রকে ফেরালেন হরভজন।ঘুমিয়ে পড়া চিন্নাস্বামী স্টেডিয়ামে তখন বাঘের গর্জন। জয়ের ছবি আঁকতে আঁকতে হঠাৎই ইংল্যান্ড দেখছে অবশ্যম্ভাবী পরাজয়ের ধেয়ে আসা। অবশ্যম্ভাবীই তো! শেষ ৩ ওভারে চাই ৩৪ রান। শেষ ২ ওভারে পাহাড়টা আরও উঁচু। ২৯ রান। কে করবেন? ব্রেসনান? সোয়ান? শেহজাদ? এত সহজ!না, ২৯ তাঁরা করতে পারেননি। তবে ২৮ করলেন। তাতেই লেখা হয়ে গেল এই ক্রিকেট-মহাকাব্য।৪৯তম ওভারে সোয়ান আর ব্রেসনান চাওলাকে একটি করে ৬ মারলেন। শেষ বলে বোল্ডও হলেন ব্রেসনান। শেষ ওভারে চাই ১৪ রান। সোয়ানই ইংল্যান্ডের ভরসা। অথচ কাজের কাজটা করলেন আজমল শেহজাদ। স্টুয়ার্ট ব্রড অসুস্থ বলে সুযোগ পেয়েছেন। বোলার শেহজাদ আসল কাজটা করলেন ব্যাটিংয়ে। মুনাফের প্রথম বলে ২ রান, দ্বিতীয় বলে ১। তৃতীয় বলে স্ট্রাইক পেয়েই শেহজাদ নিখুঁত ক্রিকেটিং শটে লং অনের ওপর দিয়ে মেরে দিলেন ছক্কা। পরের বলে উইকেটকিপারের গ্লাভসে বল রেখেই বাই ১ রান। ২ বল, ৪ রান। পঞ্চম বলে ২। শেষ বলে ইংল্যান্ডের চাই ২ রান। সোয়ান নিতে পারলেন ১। টাই!১০০ ওভারের মহারণ শেষে কোনো দলই বিজয়ী নয় এবং এই ম্যাচে এটিই ন্যায্য বিচার। ইংল্যান্ড হারলেও অন্যায় হতো, ভারত হারলেও। এ এক আশ্চর্য ম্যাচ, দুই অধিনায়কই যেখানে প্রকারান্তরে বলছেন, এই ম্যাচে জয় পেলে তা হতো অন্যায়। মিশ্র অনুভূতির কথা বারবার বললেন মহেন্দ্র সিং ধোনি। অ্যান্ড্রু স্ট্রাউসের ব্যতিক্রমী প্রতিক্রিয়া, ‘খুশিও। আবার দুঃখিতও।’খুশি—হারতে হারতে না হারায়। দুঃখিত—জিততে জিততে না জেতায়। কয়টা ম্যাচ সম্পর্কে এমন বলা যায়! এ এমন এক ম্যাচ, যেখানে রোমাঞ্চকর সমাপ্তির ছায়ায় ঢাকা পড়ে যায় দুই ওপেনারের অসাধারণ দুটি সেঞ্চুরি। বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটি শুধুই নিজের করে নেওয়া শচীন টেন্ডুলকারের ১১৫ বলে ১২০। যেটির জবাব অ্যান্ড্রু স্ট্রাউসের ১৪৫ বলে ১৫৮।টেন্ডুলকারের সেঞ্চুরির তাৎপর্য শুধুই এক ম্যাচ ছাপিয়ে বিশ্বকাপ ইতিহাসে পরিব্যাপ্ত। স্ট্রাউসেরটা তা নয়। তাতেও কি সেটির মহিমা কমে! বিশ্বকাপে তাঁর প্রথম সেঞ্চুরি। সেটিতেই ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড। আগের রেকর্ডটি সেই ১৯৭৫ বিশ্বকাপে ডেনিস অ্যামিসের ১৩৭। সেটিও এই ভারতের বিপক্ষেই। একেবারে বিশ্বকাপের প্রথম ম্যাচে।শুরুর আগেই এই বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচের মর্যাদা পেয়ে গিয়েছিল এটি। ইংল্যান্ড-ভারত এমনিতেই বড় ম্যাচ। বিশ্বকাপের প্রেক্ষাপটে ঐতিহাসিকও। বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলেছে এই দু দল। সেই ম্যাচে ৬০ ওভার ব্যাটিং করে সুনীল গাভাস্কারের অপরাজিত ৩৬ চিরকালীন ‘ক্রিকেটীয় রূপকথা’ হয়ে আছে। বিশ্বকাপে ইংল্যান্ডকে পেলে ভারতীয়দের অবশ্য সেই ম্যাচের কথা মনে পড়ে না। মনে পড়ে উপমহাদেশে প্রথম বিশ্বকাপের সেমিফাইনাল। ফাইনালে ভারতকে বরণ করে নিতে সেজেগুজে বসে ছিল ইডেন গার্ডেনস। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে গ্রাহাম গুচের সুইপে সেই স্বপ্নের সলিল সমাধি হয়েছিল আরব সাগরে।ভারতের মাটিতে বিশ্বকাপে আরেকটি ভারত-ইংল্যান্ড ম্যাচের আগেও ২৪ বছর আগের সেই বিয়োগগাথার স্মৃতিচারণা হয়েছে অনেক ভারতীয় সাংবাদিকের কলমে। তবে এই ম্যাচের ‘সবচেয়ে আলোচিত’ হয়ে যাওয়ার কারণ এই নস্টালজিয়া নয়। বিতর্ক আর বিতর্ক। কলকাতার ম্যাচ চলে এল বেঙ্গালুরুতে, যা নিয়ে এই ম্যাচের আগের দিনও অনেক প্রশ্নের উত্তর দিতে হলো আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাতকে। সাত-আট হাজার টিকিটের জন্য লাইনে দাঁড়ানো কয়েক গুণ বেশি দর্শকের ওপর পুলিশের নির্বিচার লাঠিপেটার দৃশ্য কাল ম্যাচ শুরুর আগেও দেখিয়ে গেল ভারতীয় টিভি চ্যানেলগুলো। ‘টিকিট কেলেঙ্কারি’র ব্যাখ্যা চেয়ে খোদ আইসিসির সভাপতিকে আইসিসির আইনি কর্মকর্তার চিঠি দেওয়ার নজিরবিহীন ঘটনাও ঘটেছে এই ম্যাচকে ঘিরে। এসব অক্রিকেটীয় ব্যাপার-স্যাপার। খাঁটি ক্রিকেটামোদীদের মনে বিরক্তি উৎপাদক ছাড়া আর কিছু নয়। ক্রিকেট কথা বলবে ব্যাটে-বলে। ওয়ানডে ক্রিকেট রোমাঞ্চকর সমাপ্তিতে। এই ম্যাচ তা-ই বলল। সব বিতর্ক মাটি চাপা দিয়ে জাগিয়ে তুলল বিশ্বকাপকে।‘মধুর তোমার শেষ যে না পাই’—লাইনটা কি ক্রিকেট নিয়েই লিখেছিলেন উনি!