বিশ্বকাপে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ
অতীত লড়াইয়ের ইতিহাস দেখলে বিশ্বকাপে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ লড়াইকে অসম বলবেন অনেকেই। পৃথিবীর দুই প্রান্তের দুটি দল বিশ্বকাপে এ পর্যন্ত মুখোমুখি হয়েছে ৮ বার। এর ৬টিতেই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ২টি। আজ দুই দলের আরেকটা বিশ্বকাপ লড়াইয়ের আগে পেছন ফিরে দেখা যাক আগের আটটি লড়াই কেমন ছিল১৯৭৫ বিশ্বকাপ গ্রুপ পর্বওয়েস্ট ইন্ডিজ ১ উইকেটে জয়ীগ্রুপ পর্বে মহাপ্রতাপশালী ক্লাইভ লয়েডের দলের সামনে পড়ে পাকিস্তান কিন্তু উদ্ধত ফণা তুলেছিল। শেষ পর্যন্ত অবশ্য উত্তেজনায় ঠাসা বার্মিংহামের ম্যাচটি ১ উইকেটে জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। দারুণ রোমাঞ্চকর ম্যাচটি গড়িয়েছিল শেষ ওভারে। ২ বল বাকি থাকতে জেতে ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্ডি রবার্টস-কিথ বয়েস-হোল্ডারদের বোলিংকে তুচ্ছজ্ঞান করে মাজিদ খান, মুশতাক মোহাম্মদ ও ওয়াসিম রাজারা (তিনজনই করেছেন হাফ সেঞ্চুরি) ৬০ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছিলেন ২৬৬ রান।জবাব দিতে নেমে ফ্রেডেরিক, গ্রিনিজ, কালিচরন ও কানহাইরা সব আউট হয়ে ফেরেন বাজে শট খেলে। শেষ স্বীকৃত ব্যাটসম্যান বয়েস যখন ফেরেন, ওয়েস্ট ইন্ডিজ তখন ৮ উইকেটে ১৬৬। ২০৩ রানে পড়ে তাদের নবম উইকেট। সম্রাটের পতন দেখছিলেন তখন অনেকেই। কিন্তু ডেরেক মারে আর রবার্টসের মধ্যে যেন তখনই জেগে ওঠে সম্রাটের অহংবোধ। ৪৬তম ওভারে মারের সঙ্গে জুটি বাঁধেন রবার্টস। প্রায় ১৪ ওভার অবিচ্ছিন্ন থেকে তাঁরা তুলে নেন জয়ের জন্য প্রয়োজনীয় ৬৪ রান। তবে ৪৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারটি পান পাকিস্তানের সরফরাজ নওয়াজ। ১৯৭৯ বিশ্বকাপ সেমিফাইনালওয়েস্ট ইন্ডিজ ৪৩ রানে জয়ীগর্ডন গ্রিনিজ, ডেসমন্ড হেইন্স, ভিভ রিচার্ডস, ক্লাইভ লয়েড—এঁরা যখন ফর্মের তুঙ্গে থাকেন, সরফরাজ নওয়াজের আর কী করার থাকে! ১২ ওভারে ৭১ রান দিয়ে ১টি মাত্র উইকেট পেয়েছিলেন সরফরাজ। অধিনায়ক আসিফ ইকবাল ৫৬ রানে ৪ উইকেট পেলেও ওয়েস্ট ইন্ডিজ ঠিকই রানের পাহাড় গড়ে। গ্রিনিজ (৭৩) তাঁর নতুন ওপেনিং পার্টনার হেইন্সকে (৬৫) নিয়ে তুলে ফেলেছিলেন ১৩২ রান। ওয়েস্ট ইন্ডিজ যেন আগের বিশ্বকাপে পাকিস্তানের উদ্ধত আচরণের সমুচিত শিক্ষাই দিতে চাইছিল। গ্রিনিজ-হেইন্সের দুর্দান্ত উদ্বোধনী জুটিকে পুঁজি করে ৬০ ওভারে ৬ উইকেটে ২৯৩ রান করে লয়েডের দল।কিন্তু ব্যক্তিগত ১০ রানে ‘জীবন’ পাওয়া মাজিদ খান (৮১) ও জহির আব্বাসের (৯৩) ব্যাটে মাথা উঁচু করেই ওয়েস্ট ইন্ডিজের জবাব দিচ্ছিল পাকিস্তান। ১০ রানে প্রথম উইকেট পড়ার পর মাজিদ ও জহির দ্বিতীয় উইকেট জুটিতে ১৬৬ রান তুলে উইন্ডিজ অধিনায়ক লয়েডের কপালে ফেলেন দুশ্চিন্তার ভাঁজ। লয়েডের দুশ্চিন্তা দূর করেন কলিন ক্রফট ও ভিভ রিচার্ডস। ৩টি করে উইকেট নিয়ে পাকিস্তানের ইনিংস শেষ করে দেন তাঁরা ২৫০ রানে।১৯৮৩ বিশ্বকাপ সেমিফাইনালওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ীমহসিন খান ৫৭ ওভার পর্যন্ত উইকেটে থেকে ১৭৬ বল খেলে করেছিলেন ৭০ রান। পাকিস্তানের ইনিংসটাও ছিল ও রকমই ধীরগতির। ৮ উইকেটে ১৮৮ রান করে তারা, পুরো ইনিংসে বাউন্ডারি ছিল মাত্র দুটি। পাকিস্তানের এই রান ওয়েস্ট ইন্ডিজকে মোটেই দুশ্চিন্তায় ফেলতে পারেনি। রশিদ খান ও আবদুল কাদির ৫৬ রানের মধ্যে গ্রিনিজ-হেইন্সকে ফিরিয়ে দিলেও ভিভ রিচার্ডস (৯৬ বলে ৮০, ১১টি চার ও ২টি ছয়) ও গোমস (১০০ বলে ৫০) ৮ উইকেট ও ১১ ওভার ২ বল হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজকে পৌঁছে দেন জয়ের বন্দরে। ১৯৮৭ বিশ্বকাপ গ্রুপ পর্বপাকিস্তান ১ উইকেটে জয়ীশেষ ওভারের রোমাঞ্চে জেতে এবার পাকিস্তান। শেষ ওভারটি করেছিলেন রবার্ট-হোল্ডিং-মার্শালদের যোগ্য উত্তরসূরি কোর্টনি ওয়ালশ। শেষ বলে উইকেট থেকে বেরিয়ে আসা সেলিম জাফরকে রান আউট করেননি ওয়ালশ, স্পোর্টসম্যানশিপের দারুণ এক উদাহরণ হয়ে আছে এটি। আগের ৯ ওভারে ২৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। কিন্তু ওয়ালশের শেষ ওভারটি ছিল এ রকম—১১২৬২২! কাদিরের ব্যাট থেকে শেষ বলে আসে পাকিস্তানের জয়সূচক জোড়া রান। ইমরান খান (৪ উইকেট), সেলিম জাফর (৩ উইকেট) ও ওয়াসিম আকরামের (২ উইকেট) সুশৃঙ্খল বোলিংয়ে ৪৯.৩ ওভারে ২১৬ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ফিফটি করেছিলেন ফিল সিমন্স (৫০) ও ভিভ রিচার্ডস (৫১)। এরপর রমিজ রাজা-সেলিম ইউসুফের পর কাদির-সেলিম জাফরের দৃঢ়তায় বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম হারায় পাকিস্তান। ১৯৮৭ বিশ্বকাপ গ্রুপ পর্বওয়েস্ট ইন্ডিজ ২৮ রানে জয়ীপাকিস্তানের কাছে পরাজয়ের প্রতিশোধ দুই সপ্তাহ পরেই নিয়ে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ডাবল লিগ পদ্ধতির গ্রুপ পর্বে আবার দেখা হয় দুই দলের। করাচিতে এবার পাকিস্তানকে ২৮ রানে হারায় ভিভ রিচার্ডসের দল। আগের ম্যাচের পাকিস্তানকে এই ম্যাচে খুঁজে পাওয়া যায়নি। বোলাররা ওয়াইড, নো দেন ইচ্ছেমতো, ফিল্ডাররাও তেমনি রান ছাড়েন বাজে ফিল্ডিং করে। রিচি রিচার্ডসনের ১১০ রানের আর রিচার্ডসের ৬৭ রানের ইনিংসের পর ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে তৃতীয় সর্বোচ্চ আসে অতিরিক্ত খাত থেকে (৩০ রান)। ৫০ ওভারে ৭ উইকেটে ২৫৮ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। তবে মুদাসসর নজর (৪০) ও রমিজ রাজা (৭০) ভালো শুরুর পর একটা সময় মনে হচ্ছিল আরেকটা উইন্ডিজ-বধ কাব্য লিখে ফেলতে পারে পাকিস্তান। কিন্তু প্যাট্রিক প্যাটারসন (৩ উইকেট), কোর্টনি ওয়ালশ (২) ও উইনস্টন বেঞ্জামিন (৩) ম্যাচ ঘুরিয়ে দেন ওয়েস্ট ইন্ডিজের দিকে। ১ উইকেটে ১২৮ রান তোলা পাকিস্তান অলআউট হয়ে যায় ২৩০ রানে। ১৯৯২ বিশ্বকাপ প্রথম রাউন্ডওয়েস্ট ইন্ডিজ ১০ উইকেটে জয়ীএই বিশ্বকাপের চ্যাম্পিয়ন পাকিস্তান। তবে নিজেদের প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গিয়েছিল ইমরান খানরা। তাও আবার ১০ উইকেটে। শেষ ১০ ওভারে ৮১ রান নিয়েছিল পাকিস্তান। তবু ৫০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে তাদের স্কোর ২২০! প্রথম দিকের ধীর ব্যাটিংই ডোবায়। সেঞ্চুরিয়ান রমিজ রাজা তাঁর ১০২ রানের ইনিংসটি খেলেছিলেন ১৫৮ বলে। পাকিস্তানের করা এই রান ৪৬.৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে তুলে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। তবে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটিটি ছিল তিনজনের। ৮৮ রান করে আহত হয়ে অবসর নেন ব্রায়ান লারা। এরপর ম্যাচ শেষ করেন হেইন্স (৯৩) ও রিচার্ডসন (২০)। ১৯৯৯ বিশ্বকাপ গ্রুপ পর্ব পাকিস্তান ২৭ রানে জয়ীকার্টলি অ্যামব্রোস, কোর্টনি ওয়ালশ আর মারভিন ডিলনের দুর্দান্ত বোলিংয়ে প্রথমে ব্যাটিংয়ে যাওয়া পাকিস্তান অসহায়ই হয়ে পড়েছিল। ৪২ রানে হারায় ৩ উইকেট। অধিনায়ক ওয়াসিম আকরাম ব্রিস্টলের মেঘে ঢাকা আকাশের নিচে টস জিতে কেন ব্যাটিং নিলেন, এই নিয়ে চলে প্রবল সমালোচনা! পরে অবশ্য পাকিস্তানের লম্বা ব্যাটিং লাইনআপ ৮ উইকেট হারিয়ে ২২৯ রানে তুলতে পারে। শেষ ৪৮ বলে ৮০ রান তোলে তারা। ওয়েস্ট ইন্ডিজ একজন বোলার কম নিয়ে খেলাতেই সুবিধা পায় পাকিস্তান।স্লিপের ওপর দিয়ে তাঁকে ছয় মেরে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শুরু করা ক্যাম্পবেলকে পরের ওভারেই বোল্ড করেন শোয়েব আথতার। ওয়েস্ট ইন্ডিজের টপঅর্ডারে শিবনারায়ণ চন্দরপল ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি পাকিস্তানের গতির কাছে। একা লড়াই করে চন্দরপল (৭৭) শুধু পরাজয়ের ব্যবধানই কমাতে পারেন। ২০০৭ বিশ্বকাপ গ্রুপ পর্বওয়েস্ট ইন্ডিজ ২৭ রানে জয়ী২০০৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ আগের প্রতাপ হারিয়ে সাধারণ এক দল। তার পরও পাকিস্তানকে এ ম্যাচে জিততে দিলেন না মারলন স্যামুয়েলস, ডোয়াইন স্মিথ ও ডোয়াইন ব্রাভো। স্যামুয়েলসের ৭০ বলে ৬৩ রানে (৫ চার ও ৩ ছয়) ৯ উইকেটে ২৪১ তুলেছিল উইন্ডিজ। মাঝারি মানের এই স্কোর তাড়া করতে গিয়ে হুড়মুড় করে ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং। ৬ উইকেট হারিয়ে ফেলে তারা ১১৬ রানে। পরে অবশ্য শোয়েব মালিকের (৫৪ বলে ৬২) দৃঢ়তায় ১৮৭ রান তুলতে পারে পাকিস্তান। আবিদুল ইসলাম