বিশ্বকাপে বাজি ধরায় ৫ হাজারের অধিক লোক গ্রেপ্তার
বিশ্বকাপ ফুটবল চলাকালে অবৈধভাবে বাজি ধরায় এশিয়াজুড়ে পাঁচ হাজারের অধিক লোককে গ্রেপ্তার করেছে ইন্টারপোল। এ সময় চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে ৮০০টি অবৈধ জুয়ার আড্ডায় অভিযান চালিয়ে প্রায় ১০ মিলিয়ন ডলার জব্দ করা হয়েছে।সোগা-৩ নামে ইন্টারপোল পরিচালিত এ অভিযানে নগদ অর্থ ছাড়াও গাড়ি, ব্যাংক কার্ড, কম্পিউটার ও মোবাইল ফোন জব্দ করে পুলিশ। অবৈধ এই জুয়ার আড্ডাগুলোতে ১৫৫ মিলিয়ন ডলারেরও বেশি লেনদেন হয়েছে বলে জানিয়েছে ইন্টারপোল। এ অভিযানের ফলে চক্রগুলোর সংঘটিত অপরাধ রোধ করার ক্ষেত্রেও দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে বলে মনে করেন ইন্টারপোলের পুলিশ বিভাগের প্রধান জঁ-মিশেল লোউবটিন। এর আগে ২০০৭-০৮ সালে সোগা-১ ও সোগা-২ নামে দুটি অভিযান চালায় ইন্টারপোল। এ তিনটি অভিযানে সব মিলিয়ে প্রায় সাত হাজার লোককে গ্রেপ্তার এবং ২৬ মিলিয়ন ডলার জব্দ করেছে বলে জানিয়েছেন জঁ-মিশেল লোউবটিন।