বিশ্বকাপে বিকল্প বিদ্যুতের খোঁজে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসাবোর আবুল বাশার গিয়েছিলেন গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে। আইপিএসের খোঁজখবর নিচ্ছিলেন তিনি। লোডশেডিংয়ের সময় বাতি ও পাখা সচল রাখার জন্য কি তাঁর আইপিএস কেনার চেষ্টা? তা নয়, উদ্দেশ্য জানা যাক তাঁরই ভাষ্যে, ‘আলো-বাতাসের জন্য আইপিএস কিনলে মাস দুয়েক আগে কিনতাম। তখন লোডশেডিং আরও বেশি ছিল। গরমও ছিল বেশি। টিভিতে যাতে বিশ্বকাপের খেলাগুলো ঠিকমতো দেখতে পারি, তার জন্য এখন আইপিএস দরকার।’ লোডশেডিংয়ের সময় খেলা দেখার জন্য অনেকেই আইপিএস কিনছেন বলে একাধিক ব্যবসায়ী জানান।অনেক ফুটবলপ্রেমী ছুটছেন জেনারেটর থেকে বিদ্যুৎ সরবরাহকারীদের কাছে। সামনে মোক্ষম সময় দেখে প্রস্তুত হয়ে আছেন আইপিএস ও জেনারেটর-বিক্রেতা এবং জেনারেটর থেকে বিদ্যুৎ সরবরাহকারীরা।পুরান ঢাকার ধোলাইখাল, কলতাবাজার, পাঁচ ভাই ঘাট লেন ও রোকনপুরে বিদ্যুৎ সরবরাহ করে থাকে এফ এম জেনারেটর। এর স্বত্বাধিকারী আসিফ আহমেদ জানান, মে মাসের শেষ সপ্তাহ থেকেই অনেকে খোঁজখবর নিচ্ছে, টেলিভিশন চালানোর জন্য জেনারেটর থেকে বিদ্যুৎ সরবরাহ নেওয়া যাবে কি না। সবারই উদ্দেশ্য নির্বিঘ্নে বিশ্বকাপের খেলা দেখা। শুধু বিশ্বকাপ চলার সময় টেলিভিশন চালানোর জন্য বিদ্যুৎ সরবরাহে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ জন্য টিভিপ্রতি নেওয়া হবে ৩০০ টাকা। তবে তাঁরা সর্বোচ্চ ২০ জনকে টিভি চালানোর জন্য জেনারেটরে বিদ্যুৎসেবা দিতে পারবেন।যাঁরা জেনারেটরে বিদ্যুৎ সরবরাহকারীদের ধরনা দিয়ে বিদ্যুৎসেবা পেতে চান না, তাঁরা নিজেরাই কিনে নিচ্ছেন ছোট্ট আকারের জেনারেটর। এ প্রসঙ্গে নবাবপুর রোডের জেনারেটর বিক্রয়কেন্দ্র বাতিঘরের ব্যবস্থাপক শহীদ উল্লাহ বলেন, ‘বিশ্বকাপের সময় আগেও টিভিতে খেলা দেখার জন্য অনেকে জেনারেটর কিনেছে। এ বছর লোডশেডিং বেশি। তাই জেনারেটর বেশি বিক্রি হওয়ার কথা। সেভাবে আমরা প্রস্তুতি নিয়েছি। বিশ্বকাপ শুরুর দুই-তিন দিন আগে বিক্রি বাড়বে বলে আশা করছি।’ তিনি জানান, ৬০০ ওয়াটের একটি জেনারেটর দিয়ে দুটি বাতি, দুটি পাখা ও একটি টেলিভিশন চালানো যাবে। এমন একটি জেনারেটর কিনতে খরচ পড়বে সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা। পেট্রলচালিত এই জেনারেটর চালানোর খরচ বেশি বলে তিনি জানান।সেবা সংস্থা কি প্রস্তুত?বিশ্বকাপ ফুটবল উপলক্ষে নগরে বিদ্যুৎ সরবরাহকারী দুই প্রতিষ্ঠান ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) লিমিটেড এবং ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানি (ডেসকো) লিমিটেডও বসে নেই। বিশ্বকাপে ফুটবলপ্রেমীদের তোপের হাত থেকে বাঁচতে খেলা চলার সময় লোডশেডিং কমানো যায় কি না, তা নিয়ে চিন্তাভাবনা করছে তারা।ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে লোডশেডিং কমানো কিংবা এর সূচি পাল্টানোর কোনো পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে ডিপিডিসির পরিচালক (অপারেশন) এফ এম ফরিদুল হক বলেন, ‘আমরা চাইব সবাই যাতে নির্বিঘ্নে টিভিতে খেলা দেখতে পারেন। কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং করতে হয়। বিদ্যুতের সরবরাহ না বাড়লে বিশ্বকাপের সময়ও লোডশেডিং করতে হবে। তবে খেলা চলার সময় লোডশেডিং এড়ানো কিংবা কমানো যায় কি না, তা সভার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।’ডেসকোর গ্রাহকদের আশার বাণী শোনালেন এর মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সিস্টেম কন্ট্রোল) মো. শাহজাহান মিয়া। তিনি জানান, মধ্যরাতের খেলা যাতে সবাই নির্বিঘ্নে দেখতে পারেন, সেভাবে তাঁরা প্রস্তুতি নিচ্ছেন। বিদ্যুতের সরবরাহ যদি বাড়ে, খেলার অন্যান্য সময়েও লোডশেডিং কমানো যাবে।বিশ্বকাপ চলার সময় নগরে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর বিষয়ে ঊর্ধ্বতন মহলে আলাপ-আলোচনা চলছে বলে একটি সূত্র জানায়। এ প্রসঙ্গে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপপরিচালক (কমার্শিয়াল অপারেশন) তসলিম হোসেন জানান, যেসব স্থানে লোকজন খেলা দেখে, খেলা চলার সময় সেখানে বিদ্যুৎ সরবরাহ কীভাবে বাড়ানো যায়, তার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ জন্য খেলা চলার সময় শিল্পগ্রাহকদের চেয়ে আবাসিক গ্রাহকদের বেশি সময় বিদ্যুৎ সরবরাহে প্রাধান্য দেওয়া হতে পারে।