বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া
ওয়ানডে ক্রিকেটে ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছে ১০৪ বার। ৬১ ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া, ভারত ৩৫। ৮টি ম্যাচের কোনো ফলাফল হয়নি। বিশ্বকাপে দুই দলের মুখোমুখি লড়াইয়ে অস্ট্রেলিয়ার দাপট আরও বেশি। ৯ ম্যাচের ৭টিতেই জিতেছে তারা, বাকি দুটি ম্যাচ ভারত। কিছু ম্যাচে ভারতকে একেবারে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। কিছু ম্যাচ দর্শকদের উপহার দিয়েছে ক্রিকেট রোমাঞ্চ১৯৮৩ বিশ্বকাপ গ্রুপ পর্বঅস্ট্রেলিয়া ১৬২ রানে জয়ীসকাল সব সময় দিনের সঠিক পূর্বাভাস দেয় না। টস জিতে ব্যাটিংয়ে নামা দলীয় ১১ রানে কেপলার ওয়েসেলসকে ফিরিয়ে দিয়েছিলেন কপিল দেব। ৪৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন ভারত অধিনায়ক। তবু ম্যাচটি ছিল শুধুই অস্ট্রেলিয়ার। ট্রেভর চ্যাপেলের ১১০ রানের কল্যাণে ৬০ ওভারে ৯ উইকেটে ৩২০ রানের পাহাড় গড়ে তারা। এরপর কেন ম্যাকলির মিডিয়াম ফাস্ট বোলিংয়ের সামনে অসহায় হয়ে পড়ে ভারত। ৩৯ রানে ৬ উইকেট নেন ম্যাকলি। ৩৭.৫ ওভারে ১৫৮ রানে অলআউট হওয়ার আগে ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত (৩৯) আর শেষ দিকে কপিলই (৪০) যা একটু লড়েছিলেন।১৯৮৩ বিশ্বকাপ গ্রুপ পর্বভারত ১১৮ রানে জয়ীডাবল লিগ পদ্ধতির গ্রুপ পর্বে এক সপ্তাহ পর আবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় ভারত। এবার অস্ট্রেলিয়াকেই উড়িয়ে দিল কপিলের ভারত। টস জিতে ব্যাটিংয়ে নামা ভারতকে এবার আর ভাঙতে পারেননি ম্যাকলি। ভারত কোনো ফিফটি ছাড়াই ২৪৭ রান করে। সর্বোচ্চ যশপাল শর্মার ৪০, দ্বিতীয় সর্বোচ্চ আসে অতিরিক্ত খাত (৩৭) থেকে। এরপর মদন লাল ও রজার বিনির মিডিয়াম পেসে অস্ট্রেলিয়া অলআউট হয়ে যায় ১২৯ রানে। অ্যালান বোর্ডার করেন সর্বোচ্চ ৩৬ রান। ২০ ও ২৯ রান খরচায় চারটি করে উইকেট নেন মদন লাল ও বিনি।১৯৮৭ বিশ্বকাপ গ্রুপ পর্বঅস্ট্রেলিয়া ১ রানে জয়ীমাদ্রাজে ক্রিকেট রোমাঞ্চ উপহার দিয়েছিল ম্যাচটি। তবে সবকিছু ছাপিয়ে এদিন বড় হয়ে উঠেছিল ভারত অধিনায়ক কপিল দেবের স্পোর্টসম্যানশিপ। জিওফ মার্শের সেঞ্চুরিতে (১১০) প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ২৭০ তোলে অস্ট্রেলিয়া। তবে দুই দল মাঝবিরতিতে যাওয়ার আগে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ২৬৮। কিন্তু বিরতিতে কপিল ধরিয়ে দেন একটি ভুল। ডিন জোনসের দুই ছক্কার একটিকে ৪ দিয়েছিলেন আম্পায়ার। ওটি ছক্কা ছিল বলে জানান তিনি। সুনীল গাভাস্কার (৩২ বলে ৩৭), শ্রীকান্ত (৮৩ বলে ৭০) ও নবজ্যোত সিং সিধুর (৭৯ বলে ৭৩) ভালো সূচনায় ২ উইকেটে ২০৭ রান তুলে ফেলেছিল ভারত। কিন্তু এই তিনজন আউট হয়ে যাওয়ার পর হুড়মুড় করে ভেঙে পড়ে ভারতের ব্যাটিং।১ বল বাকি থাকতে ২৬৯ রানে অলআউট হয়ে যায় তারা। যে ক্রেগ ম্যাকডারমট তাঁর প্রথম ৪ ওভারে ৩১ রান দিয়েছিলেন, সেই ম্যাক ডারমটই পরের স্পেলে আবির্ভূত হন ভারতের ঘাতক রূপে। ১০ ওভারে ৫৬ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি।১৯৮৭ বিশ্বকাপ গ্রুপ পর্বভারত ৫৬ রানে জয়ীডাবল লিগ পদ্ধতির গ্রুপ পর্বের দ্বিতীয় সাক্ষাতে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় কপিল দেবের ভারত। দিল্লির ফিরোজ শাহ কোটলার উইকেট ছিল স্ট্রোক প্লের জন্য আদর্শ, আউটফিল্ড ছিল দ্রুতগতির আর বাউন্ডারি সীমানাও ছিল ছোট। ভারত এর সদ্ব্যবহার করে ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৯ রান তুলে নেয়। হাফ সেঞ্চুরি করেন গাভাস্কার (৬১), সিধু (৫১), ভেংসরকার (৬৩) ও আজহারউদ্দিন (৫৪*)। জিওফ মার্শ (৩৩) ও ডেভিড বুনের (৬২) কল্যাণে ২ উইকেটে ১৩৫ রান তুলে ফেলেছিল অস্ট্রেলিয়া। তবে পরে ভারতের স্পিনে আটকে যায়। মনিন্দর সিংয়ের (৩ উইকেট) সঙ্গে উইকেট পাওয়ার উৎসবে যোগ দেন খণ্ডকালীন বোলার আজহারউদ্দিনও (৩ উইকেট)।১৯৯২ বিশ্বকাপ প্রথম রাউন্ডঅস্ট্রেলিয়া ১ রানে জয়ীব্রিসবেনে বৃষ্টি বাগড়া দিয়েছিল। তবে তা ভাসিয়ে নিতে পারেনি আরেকটি ক্রিকেট রোমাঞ্চ। ভারতের রান যখন ১৬.২ ওভারে ৪৫, তখন ম্যাচে হানা দেয় বৃষ্টি। নষ্ট হয়ে যায় ১৫ মিনিট। কাটা যায় ভারতের ৩ ওভার। তবে ২৩৮ রানের টার্গেট মাত্র ২ রান কমে হয়েছিল ২৩৬। সকালে মেঘ-বৃষ্টি ছিল না। তবে রোদেলা সকালেও অস্ট্রেলিয়ার ইনিংসকে আঁধার করে দিয়েছিলেন কপিল দেব। ৩১ রানের মধ্যে তিনি ফিরিয়ে দিয়েছিলেন টেলর ও মার্শকে। অবশেষে ডিন জোনসের ১০৮ বলে ৯০ রানের ইনিংস সেই আঁধার দূর করে দেয়। কিন্তু ভারত অধিনায়ক আজহারউদ্দিনের ৯৩ রানের ইনিংস ভারতকে যে আশার আলো দেখাচ্ছিল, সেটা কেড়ে নেন টম মুডি। ৫৬ রানে ৩ উইকেট নিয়ে ভারতকে ডোবান ১ রানের পরাজয়ের হতাশায়।১৯৯৬ বিশ্বকাপ গ্রুপ পর্বঅস্ট্রেলিয়া ১৬ রানে জয়ীমুম্বাইতে নৈশালোকের প্রথম আন্তর্জাতিক ম্যাচটি আলোকিত হয়ে উঠেছিল দুই দলের ব্যাটসম্যানদের দারুণ কয়েকটি ইনিংসেও। বিশ্বকাপে প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা দ্বিতীয় সেঞ্চুরি করেন মার্ক ওয়াহ। তাঁর অসাধারণ ব্যাটিংয়ে পুরো ৫০ ওভার খেলে অস্ট্রেলিয়া অলআউট হয় ২৫৮ রানে। নিজের মাঠে ম্যাকগ্রা-ওয়ার্নদের শাসন করে ৮৪ বলে ৯০ রানের (১৪ চার, ১ ছয়) দুর্দান্ত এক ইনিংস খেলেন শচীন টেন্ডুলকার। তবে শেষ পর্যন্ত জয় হয় মার্ক ওয়াহদেরই। ডেমিয়েন ফ্লেমিংয়ের দুর্দান্ত বোলিংয়ে ২ ওভার আগেই ২৪২ রানে অলআউট হয়ে যায় ভারত। ৩৬ রানে ৫ উইকেট নেন ফ্লেমিং।১৯৯৯ বিশ্বকাপ সুপার সিক্সঅস্ট্রেলিয়া ৭৭ রানে জয়ীগ্লেন ম্যাকগ্রার অসাধারণ চারটি ওভার ম্যাচটিকে নিয়ে যায় ভারতের দৃষ্টিসীমার বাইরে। মার্ক ওয়াহর ৯৯ বলে ৮৩ রানের ইনিংসে কেনসিংটন ওভালে ২৮২ রান তোলে অস্ট্রেলিয়া। এই রান তাড়া করতে নেমে সপ্তম ওভারেই ১৭ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ভারত। টেন্ডুলকার, দ্রাবিড় ও আজহারউদ্দিনকে তুলে নেন ম্যাকগ্রা। আর সৌরভ শিকার হন ফ্লেমিংয়ের। এরপর অজয় জাদেজা (১০০*) ও রবিন সিংয়ের (৭৫) দুটি ইনিংস শুধু পরাজয়ের ব্যবধানই কমায়। ৪৮.২ ওভারে ২০৫ রানে অলআউট হয়ে যায় ভারত।২০০৩ বিশ্বকাপ গ্রুপ পর্বঅস্ট্রেলিয়া ৯ উইকেটে জয়ীসেঞ্চুরিয়নে ভারত অসহায় হয়ে পড়েছিল ম্যাকগ্রার সুইং, ব্রেট লির গতি আর গিলেস্পির লাইন-লেংথের কাছে। একটি মাত্র উইকেট পেলেও ৮ ওভারে মাত্র ২৩ রান দেন ম্যাকগ্রা। ব্রেট লি ও জেসন গিলেস্পি নেন তিনটি করে উইকেট। ভারত অলআউট হয়ে যায় ১২৫ রানে। সর্বোচ্চ ৩৬ রান করেন টেন্ডুলকার। অর্ধেকেরও বেশি ওভার হাতে রেখে মাত্র ১ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।২০০৩ বিশ্বকাপ ফাইনালঅস্ট্রেলিয়া ১২৫ রানে জয়ীপ্রতিশোধের সুযোগ ভারত পেয়ে গিয়েছিল ফাইনালে। কিন্তু রিকি পন্টিংয়ের অধিনায়কোচিত ব্যাটিং শিরোপাটা দৃষ্টিসীমার বাইরে নিয়ে যায় ভারতের। জহির-শ্রীনাথ-হরভজনদের শাসন করে ১২১ বলে ১৪০ রানের ইনিংস খেলেন পন্টিং। এর সঙ্গে ডেমিয়েন মার্টিন (৮৪ বলে ৮৮*) ও গিলক্রিস্টের (৫৭) হাফ সেঞ্চুরি ৩৫৯ রানের পাহাড় তুলে দেয় অস্ট্রেলিয়াকে। সেই পাহাড় ডিঙাতে গিয়ে ২৩৪ রানে অলআউট ভারত। সর্বোচ্চ ৮২ রান করেন শেবাগ। ভারতের ইনিংসে আর কোনো ফিফটি নেই। আবিদুল ইসলাম