বিশ্বকাপেও তিনি টেন্ডুলকার
কখনো বিশ্বকাপ জেতা না হলেও তাঁর নামের মহিমা বারবার দেখেছে ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে বড় আসর। লিখেছেন আরিফুল ইসলাম‘ক্যারিয়ারের সবচেয়ে বড় অপূর্ণতা বিশ্বকাপ জিততে না পারা’—কতবার বলেছেন শচীন টেন্ডুলকার! কিন্তু এই অপূর্ণতা কী শুধুই তাঁর? টেন্ডুলকারের হাতে কখনো বিশ্বকাপ ওঠেনি, এটা কী বিশ্বকাপেরও একটা অপূর্ণতা নয়?ওয়ানডের প্রায় সব কটি ব্যাটিং রেকর্ডের মালিক যথারীতি বিশ্বকাপেরও একগাদা রেকর্ডের মালিক। পাঁচটি বিশ্বকাপ খেলেছেন, নিজের মতো করেই ছাপ রেখেছেন প্রতিটিতে। বিশ্বকাপকে উপহার দিয়েছেন স্মরণীয় সব মুহূর্ত। ওয়ানডের সবচেয়ে বড় টুর্নামেন্ট সমৃদ্ধ হয়েছে ব্যাটিং জিনিয়াসের নানা কীর্তিতে। এবারই যেমন বিশ্বকাপের প্রথম ম্যাচটায় বাংলাদেশের বিপক্ষে যখন মাঠে নামবেন, একটা রেকর্ডই ছোঁয়া হয়ে যাবে টেন্ডুলকারের। খেলা হয়ে যাবে ছয়টি বিশ্বকাপ। ১৯৯৬ থেকেই এই কীর্তিতে ‘একমাত্র’ হয়ে থাকা জাভেদ মিয়াঁদাদ পাবেন সঙ্গী। ১৯৯২ বিশ্বকাপ যখন খেলতে গেলেন, বয়স মোটে উনিশ ছুঁইছুঁই। ‘বিস্ময় বালকের’ কথা তত দিনে পুরো ক্রিকেটবিশ্ব জেনে গেছে। ‘পাজামা ক্রিকেট’ (ওয়ানডেকে তখন এ নামেই ডাকতেন অনেকে) তাঁর মতো এক প্রতিভাকে ধ্বংস করে দিতে পারে ভেবে বিশ্বক্রিকেটের গ্রেটরা বারবার বলছিলেন টেন্ডুলকারকে ওয়ানডেতে না খেলাতে। কিন্তু ভারতীয় দল তা শুনবে কেন, তত দিনে যে তিনি হয়ে উঠেছেন দলের অবিচ্ছেদ্য অংশ! বিশ্বকাপেও সেটার প্রমাণ দিলেন।যদিও বিশ্বকাপ তাঁকে মোটেও সাদরে বরণ করেনি। অভিষেক ম্যাচে নিজে করেছিলেন ৩৫, দলও হেরেছিল ইংল্যান্ডের কাছে। তবে বিশ্বকাপের সঙ্গে সখ্য গড়ে উঠতে সময় লাগেনি। সেবার যে দুটি ম্যাচ জিততে পেরেছিল ভারত, দুটিরই ‘সৌজন্য’ টেন্ডুলকার। পাকিস্তানের বিপক্ষে ধুঁকতে থাকা দলকে ২০০ পার করিয়েছিলেন অপরাজিত এক ফিফটি করে। পরে বল হাতে পাকিস্তানের সর্বোচ্চ স্কোরার আমির সোহেলকে আউট করে দূর করেছেন জয়ের পথে সবচেয়ে বড় বাধা। জিম্বাবুয়ের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ৩২ ওভারের ম্যাচে ব্যাট হাতে ৭৭ বলে ৮১। ভারত বৃষ্টি আইনে জয়ের আগে জিম্বাবুয়ের মাত্র একটি উইকেটই ফেলতে পেরেছিল, বোলারের নাম টেন্ডুলকার। পরে ৮৪ রানের আরেকটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন, তবে ওই বিশ্বকাপে তখন পর্যন্ত অপ্রতিরোধ্য নিউজিল্যান্ডের বিপক্ষে দলকে জেতাতে পারেননি। সব মিলিয়ে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের প্রতিকূল কন্ডিশনে দলের সর্বকনিষ্ঠ সদস্যের চেয়ে সেবার বেশি রান করতে পেরেছিলেন একমাত্র অধিনায়ক মোহাম্মদ আজহার উদ্দিনই।সেই শুরু। টেন্ডুলকার এরপর বিশ্বক্রিকেটকে যেমন রাঙিয়ে গেছেন, তেমনি রাঙিয়েছেন বিশ্বকাপকেও। কিন্তু শিরোপা অধরাই থেকে গেছে। এক আসরে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়লেন ১৯৯৬ বিশ্বকাপে, কিন্তু দেশের মাটিতে দল ছিটকে গেল সেমিফাইনালেই। আলোচিত সেই সেমিফাইনালেও টেন্ডুলকার যতক্ষণ ছিলেন, জয়ের পথে ছিল ভারত। ৬৫ রান করে তিনি আউট হতেই হুড়মুড় করে ভেঙে পড়ল গোটা দল। এক আসরে সবচেয়ে বেশি রানের রেকর্ড নতুন করে লেখালেন ২০০৩ বিশ্বকাপে, এবার দল হারল ফাইনালে। পুরো টুর্নামেন্টে চোখ ধাঁধানো ব্যাটিং করে ফাইনালে আউট হলেন মাত্র ৪ রান করে। তবে ম্যাচ তো আসলে শেষ হয়ে গিয়েছিল প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৩৫৯ করার পরই!মাঝে ১৯৯৯ বিশ্বকাপেও বিশ্বকে উপহার দিয়েছিলেন আরেকটি বিস্ময়। প্রিয় বাবার মৃত্যুশোক পরাজিত হয়েছিল দেশপ্রেমের কাছে। বিশ্বকাপের মাঝখানে মারা গেলেন বাবা। ক্রিকেটবিশ্ব অবাক হয়ে দেখল, বাবাকে চিতায় তুলে দিয়ে ইংল্যান্ডে ফিরেই কীভাবে ব্যাট হাতে ঝড় তুললেন টেন্ডুলকার, করলেন অসাধারণ এক সেঞ্চুরি! একমাত্র গত বিশ্বকাপটাই তিনি শুধু ভুলে যেতে চাইবেন। ব্যর্থতার দায় কিছুটা তাঁরও। কিন্তু কোচ গ্রেগ চ্যাপেলকে নিয়ে দলের ভেতরে অস্বস্তি, জোর করে টেন্ডুলকারকে চারে খেলানো, গুমোট ড্রেসিং রুম—সব মিলিয়ে শুধু টেন্ডুলকার কেন, গোটা ভারত দলেরই দুঃস্বপ্নের বিশ্বকাপ ২০০৭। তার পরও বিশ্বকাপে একেবারেই কিছু না করলে কি আর হয়! ৩টি মাত্র ম্যাচ ছিল, তার একটিতে করেছিলেন ২৯ বলে ৫৭!সব মিলিয়ে ব্যক্তিগত অর্জনের খেরোখাতায় বিশ্বকাপেও টেন্ডুলকার সবাইকে ছাড়িয়ে অনেকটা ব্যবধানে। কিন্তু বিশ্বকাপের ট্রফিটা যদি শেষ পর্যন্ত না ছোঁয়া হয়, ক্যারিয়ার শেষে পেছন ফিরে তাকালে ব্যক্তিগত এই অর্জনগুলো গর্বের পাশাপাশি একটা যন্ত্রণাও যে দেবে! বিশ্বকাপ নিশ্চয়ই এটা চাইবে না। বিশ্বকাপকে যিনি দুই হাত ভরিয়ে দিয়েছেন, বিশ্বকাপ কেন তাঁর হাতকে শূন্য রাখবে!