বিশ্বকাপের আগে ইনজুরিতে ওয়েন রুনি
ইংলিশ লিগের শিরোপা জয় করা হলো না ম্যানচেস্টার ইউনাইটেডের (ম্যানইউ)। এক পয়েন্টে এগিয়ে থেকে শিরোপা ছিনিয়ে নিয়েছে চেলসি। ১৯তম লিগ শিরোপার স্বাদ নিতে না পেরে ম্যানচেস্টার ইউনাইটেড যখন শোকের অনলে পুড়ছে তখন আশঙ্কা ভর করেছে ইংল্যান্ড দলে। ম্যানইউর হারের কারণে নয়, ইংল্যান্ডের আশঙ্কা ওয়েন রুনিকে নিয়ে। ইংল্যান্ডের এই তারকা ফুটবলার গতকাল রোববার ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইংলিশ লিগের শেষ ম্যাচে খেলতে নেমে আঘাত পান। অথচ আর মাত্র এক মাস পর দক্ষিণ আফ্রিকায় বসতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের আসর।রুনির আঘাতের কথা নিশ্চিত করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার অ্যালেক্স ফার্গুসন নিজেই। রয়টার্সকে তিনি বলেন, ‘কুঁচকির আঘাতে পড়েছেন রুনি। এ সমস্যা তাঁর আগেও ছিল।’ তবে এ আঘাতের কারণে ইংল্যান্ডের দুশ্চিন্তা করার কারণ নেই জানিয়ে ফার্গুসন বলছেন, ‘আমি মনি করি না, এটা বড় ধরনের কোনো আঘাত। ইংল্যান্ডের হয়ে মাঠে নামতে রুনির সমস্যা হবে না।’ ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ যতই আশ্বস্ত করুক না কেন, ইংল্যান্ডের জন্য রুনির আঘাত অনেক বড় দুশ্চিন্তার খবর। মঙ্গলবার বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের দল ঘোষণা করতে যাচ্ছে ইংল্যান্ড। আর আসছে বিশ্বকাপে রুনি ছাড়া ইংল্যান্ড দল ভাবাই যায় না। ইংল্যান্ডের কোচ ফ্যাবিও ক্যাপেলো তাই রুনির আঘাতের বিষয়ে বিস্তারিত জানার অপেক্ষায় আছেন।