বিশ্বকাপের আনন্দে মৌসুমি আয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের বাঁশির সুরে আজ মাতোয়ারা পুরো বাংলাদেশ। নিজ দেশে বিশ্বকাপ ক্রিকেট, তাই এবার আনন্দের কোনো কিছুতেই কমতি থাকা চলবে না। লাল-সবুজের পতাকা, জার্সি, টুপি আর মুখে রঙিন আঁকিবুঁকি নিয়ে সবাই ছুটছে স্টেডিয়ামের দিকে। আর যাঁরা টিকিট পাননি, তাঁদেরও যে খুব একটা মন খারাপ, তা কিন্তু নয়। রাস্তার মোড়ে মোড়ে বড় পর্দা কাঁপছে বিশ্বকাপের চার আর ছয়-এ। এ যেন স্টেডিয়ামের বাইরেও আর এক স্টেডিয়াম। এ স্টেডিয়ামের রূপ অবশ্য ভিন্ন। আনন্দ-উচ্ছ্বাস আর কোলাহলের ফাঁকে দেখা মিলবে বিভিন্ন দেশের পতাকা, হাতের-মাথার ব্যান্ড, রুমাল-জার্সি-টুপি বিক্রেতাদের। একেবারে রমরমা ব্যবসা!শুধু যে জীবিকা অর্জনের জন্য পথে পথে ফুটপাতে তাঁরা, তা কিন্তু নয়। রয়েছেন অনেক মৌসুমি ও শখের ব্যবসায়ীও। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেজেছেন আজ শখের বিক্রেতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনেই পাওয়া গেল এ অনুষদের শিক্ষার্থী আরিফকে। শখের বশেই তিনি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের আগে লাল-সবুজের কয়েকটি টুপি বানিয়েছিলেন, যেগুলো বিক্রির ভার দিলেন চারুকলার সামনেই একজনকে। ধুমধাম শেষ হয়ে গেল তা। এরপর তৈরি করে ফেললেন আরও কিছু টুপি। এর মধ্যে তিনটি রকমফের। তৈরির খরচের সঙ্গে যোগ করলেন অল্প কিছু লাভ। প্রতিদিনের বিক্রির পর বেশ ভালোই থাকে তাঁর লাভের অঙ্ক।আলী হোসেন। একেবারেই ক্ষুদ্র ব্যবসায়ী। কারওয়ান বাজারের ফুটপাতে একটি ছোট কাপড়ের দোকান। বিশ্বকাপ উপলক্ষে এক বন্ধুর পরামর্শে বঙ্গবাজার থেকে কিছু জার্সি এনে বিক্রি শুরু করেন। এখন তাঁর সময় বেশ ভালোই কাটছে।শুধু জার্সি-টুপি নয়, বিভিন্ন জায়গায় ফুটপাতে অথবা বড় পর্দায় খেলা দেখার জায়গায় চলছে খালেক, আবদুল ও নজরুলদের বিশ্বকাপের স্মারকসহ মাথা-হাতের ব্যান্ড, রুমাল, বাঁশি আর পতাকার ব্যবসা। কেউ কেউ আবার নেমেছেন সৃজনশীল কাজের মাধ্যমে আয় করতে। যেমন—চারুকলার চয়ন, ইমা রংতুলি নিয়ে শুরু করে দিয়েছেন বিশ্বকাপের স্মারক পতাকায় মুখচিত্র অঙ্কনের কাজ। সেই কাজ চলছে বাংলাদেশ-পাকিস্তান প্রস্তুতি ম্যাচের দিন থেকেই। মিরপুর স্টেডিয়ামের সামনে প্রথম দিনে মিনিট দশেকের মধ্যে উঠে এসেছে রংতুলির খরচ। এরপর থেকে চলছে তাঁদের শখের ব্যবসা। চারুকলার ছাত্রী ইমা বলেন, ‘শখ থেকেই শুরু করেছিলাম এ কাজ। এখন করতে বেশ আনন্দ পাচ্ছি, বিশেষ করে বাংলাদেশের উৎসবপ্রিয় মানুষগুলোর দেশের প্রতি প্রবল টান দেখে। প্রায় সবাই এসে বাংলাদেশের পতাকা আর বাঘ এঁকে দিতে বলে।’ চয়ন বলেন, ‘শখ আর আনন্দের পাশাপাশি এ মাসের হাতের খরচটা উঠে গেছে এরই মধ্যে। বিশ্বকাপ শেষে যা থাকবে তা দিয়ে একটা কিছু করা যাবে।’বিশ্বকাপ ক্রিকেট ২০১১-কে ঘিরে এর মধ্যে যাঁরা শুরু করে দিয়েছেন প্রয়োজন অথবা ছোট ছোট শখের ব্যবসা, তাঁরা তো আছেনই; আপনিও চাইলে যোগ দিতে পারেন এ মৌসুমি ব্যবসায়। এখনো আরও বেশ কিছু দিন ধরে চলবে বিশ্বকাপ ক্রিকেটের আসর। আপনার পছন্দ যদি হয় বিশ্বকাপের জার্সি, তবে চলে আসতে পারেন বঙ্গবাজারে। বিভিন্ন ধরন ও বয়সের জার্সি এখান থেকে কিনতে পারেন পাইকারি। একেবারে শুরুটা করতে পারেন ডজনখানেক দিয়ে।বিশ্বকাপের স্মারক বাঘ, আইসিসির লোগো, বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ নানা দেশের পতাকা, নানা আকারের পতাকা পেতে চলে যেতে পারেন গুলিস্তান সিনেমা হল মার্কেটে। এগুলোও পাওয়া যায় ডজন হিসাবে। চাইলে নিজেও তৈরি করে নিতে পারেন হাত ও মাথার ব্যান্ড।মোটা কাপড় অথবা চওড়া ইলাস্টিকের ওপর স্কিন প্রিন্ট পরিয়ে নিতে পারেন ‘জাগো বাংলাদেশ’, ‘গর্জে ওঠো বাংলাদেশ’ পতাকাসহ বিশ্বকাপের নানান স্মারক, লাল-সবুজ কাপড় কিনে নির্দিষ্ট মাপ ঠিক রেখে দর্জি দিয়ে বানিয়ে নিতে পারেন বিভিন্ন আকৃতির পতাকাও। অথবা নিজেই ডিজাইনার হয়ে বানাতে পারেন জার্সি।এ ছাড়া আপনি যদি শখের আঁকিয়ে হন, তাহলে স্টেশনারির দোকান থেকে পোস্টারের রং ও ফেব্রিকের রং আর তুলি কিনে হয়ে উঠতে পারেন শিল্পীও।শখ, আনন্দ আর আয়—এ তিনটি মিলে মন্দ কাটবে না এবারের বিশ্বকাপ ক্রিকেট ২০১১।