বিশ্বকাপের উত্তরাধিকার
বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ ব্যস্ত। প্রায় অর্ধশত (ঠিক করে বললে ৪৯টি) খেলার আটটি, যার মধ্যে আছে দুটি কোয়ার্টার ফাইনাল, আর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের জাঁকজমক নিয়ে বাংলাদেশ তিন দেশের এই প্রতিযোগিতার অন্যতম প্রধান আয়োজক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশাপাশি পুরো দেশের জনগণ সরাসরি না হলেও পরোক্ষভাবে প্রতিযোগিতার সফল অনুষ্ঠানের সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলেছে। প্রতিযোগিতার টিকিট নিয়ে রাতভর লাইন, মাশরাফিকে নিয়ে নড়াইলে হরতাল, সাংবাদিক-লেখকদের সার্বক্ষণিক বিচার-বিশ্লেষণ, সরকারি ও নগর প্রশাসনের সম্পৃক্ততা একটা জিনিসই প্রমাণ করে, আর তা হলো দেশের পুরো জনগোষ্ঠী বিশ্বকাপ ক্রিকেট নিয়ে এককাট্টা।এ ধরনের সংহতি আরও বিস্ময়কর লাগে এ জন্য যে, সামান্য লোকই খেলার মাঠে ঢুকতে পারবে। কিছু দেশবরেণ্য নাট্যব্যক্তিত্ব তো এরই মধ্যে ঘোষণা করেছেন, তাঁরা টিভিতেই খেলা দেখবেন। তাঁদের মতো দেশের প্রায় সবাই টিভির সামনেই বসবে। যদি ধরে নিই দেশের ১৫ কোটি লোকের মধ্যে অন্তত এক কোটি লোক খেলা দেখার সামর্থ্য রাখে, আর অন্তত অর্ধকোটির জন্য বিশ্বকাপ ক্রিকেট না দেখলেই নয়, সেখানে বাস্তবে প্রতিদিন মাত্র ২৫ হাজার দর্শক মাঠে গিয়ে খেলা দেখতে পারবে। আট দিনে এ সংখ্যা দাঁড়ায় দুই লাখে।এর পরও সবাই এই প্রতিযোগিতার জন্য উন্মুখ, সমগ্র জাতি যেন ফরাসি মনীষী এমিল দুর্খাইম বর্ণিত ‘সামবায়িক চৈতন্যের’ আচ্ছন্নতায়। একটা জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা আর ভেদাভেদের পরও গর্ব করার মতো সীমিত কিছু থাকলে তা নিয়ে যা হয়, বাংলাদেশে ক্রিকেট নিয়ে তা-ই হয়েছে; ক্রিকেট মেলবন্ধনের সেতুতে, একটা বিশ্বাসে, একটা অহংকারে পরিণত হয়েছে।রাতজাগা ওই টিকিটের লাইন আরও একটু কম ভিড়ের হতো, দর্শকেরা আরও কিছু আসন পেত, যদি পুরো স্টেডিয়ামে চেয়ার পাতা না হতো। আন্তর্জাতিক মান রক্ষা করতে গিয়ে উদ্বোধনীর বঙ্গবন্ধুসহ সব কটি স্টেডিয়ামেই ধারণক্ষমতা কমেছে। চেয়ার বসাতে গিয়ে রিও ডি জেনিরোর মারাকানায়, গ্লাসগোর আইব্রক্সে দর্শকসংখ্যা নেমেছে, এমনকি ঘরের পাশের কলকাতার ইডেন গার্ডেনের দর্শক ধারণক্ষমতা ৯০ থেকে ৬০ হাজারে কমেছে ঠিকই, কিন্তু আমাদের ছোট গ্যালারির মাঠে ওই কাজটি করতে গিয়ে সংখ্যাটা প্রাদেশিক বা বিভাগীয় পর্যায়ে নিয়ে আসা হয়েছে। বোর্ড আর জাতীয় ক্রীড়া পরিষদ আরেকটু আগে থেকে তৎপর হলে যে বিপুল সরকারি অর্থ বরাদ্দ ছিল, তা দিয়েই সব কটি স্টেডিয়ামের গ্যালারিতে সম্ভবপর জায়গায় একটা করে নতুন ফ্লোর যোগ করা যেত। আমাদের জায়গা কম। তাই নতুন জমি নষ্ট না করে পুরোনো স্টেডিয়াম নিয়ে এভাবেই এগোতে হবে। এমসিজি বা হতভাগা ইডেন গার্ডেনস দেখে আসতে পারেন কর্তারা।এ সুযোগ হাতছাড়া করা ঠিক হয়নি। আমরা তো অনেক আগে থেকেই জানতাম বিশ্বকাপ বাংলাদেশে হতে যাচ্ছে। এবং তা করতে পারলে টিকিটের হাহাকার কিছুটা হয়তো কমত; আর এক শক্তিমান লেখক মন্ত্রী ও আমলাদের খোঁচা দিয়ে যে উপসম্পাদকীয় লিখেছেন, তারও হয়তো প্রয়োজন হতো না। সোজা কথায়, আমাদের প্রয়োজন ২৫ হাজার দর্শকের বিভাগীয়-প্রাদেশিক স্টেডিয়ামের জায়গায় লাখ দর্শকের স্টেডিয়াম। ১৫ কোটি লোকের দেশে ২৫ হাজার লোকের স্টেডিয়ামকে জাতীয় স্টেডিয়াম বলে আত্মতুষ্টি ও আত্মপ্রবঞ্চনার কী হেতু থাকতে পারে?উদ্বোধনীর সাংস্কৃতিক যজ্ঞ নিশ্চয়ই সবাইকে মাতাবে। অন্তত পক্ষে প্রথম আলোর কল্যাণে যে প্রাক-বিবরণ পাওয়া গেছে, তার ভিত্তিতে এ কথা নির্দ্বিধায় বলা চলে। খেলার মতো সংস্কৃতিও মানুষকে এক করে। আয়োজক তিনটি দেশের শিল্পীদের ও বাইরের গায়কদের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে যথার্থতা দেবে। তবে অনুষ্ঠানটি কি বেশি দীর্ঘ হতে যাচ্ছে? বক্তাদের উচিত হবে অল্প কয়েকটি শব্দে সীমিত থাকা। মনে রাখা দরকার, দুনিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক গেমসের প্রধান অতিথি গেমসের উদ্বোধন করেন মাত্র এ কয়টি কথা দিয়ে: ‘আমি অমুক নগরের অমুক নম্বর গেমসের উদ্বোধন ঘোষণা করছি।’ ভবিষ্যতে উদ্বোধনী অনুষ্ঠান মাগরিবের আজান বা ক্ষেত্রমতো এশার আজানের পর শুরু করলে বিরতি ছাড়াই একনাগাড়ে চালিয়ে নেওয়া সম্ভব হবে। পৃথিবীর কোথাও এ-জাতীয় অনুষ্ঠানে বিরতি হয় না। আর অনুষ্ঠান সন্ধ্যার কিছু পরে একটু দেরিতে শুরু হলে কারও কোনো ক্ষতি হওয়ার কথা নয়।নতুন অবকাঠামো তৈরি না হোক, অবকাঠামো উন্নয়নের কাজটি এবারে যথেষ্ট গুরুত্ব পেয়েছে। পুরো স্টেডিয়ামের গ্যালারি চেয়ার দিয়ে ভরা এ দেশের ক্রীড়াসংস্কৃতিতে এই প্রথম। তবে বেশ কিছু প্রয়োজনীয় কাজের পাশাপাশি অপ্রয়োজনীয় কাজও হয়েছে বৈকি। এর স্বাভাবিক কোটা নিয়ে বিদ্যমান মনস্তত্ত্বে সন্তাপ নিষ্প্রয়োজন। তবু প্রত্যাশা করব, বিশেষত, ইট-সুরকি-সিমেন্ট-বালুর কাজে স্বচ্ছতার প্রয়োজনীয়তা ও উপস্থিতি এবার সবচেয়ে বেশি। ভালো কাজগুলো, যেমন গ্যালারির সর্বত্র চেয়ার, আসন্ন দিনগুলোতে ঠিকভাবে রক্ষিত হবে, খেলার প্রেমিকেরা তা-ই প্রত্যাশা করবেন। প্রেস বক্স, প্লেয়ার চেঞ্জিং রুম, টয়লেট-সুবিধা, যা এ উপলক্ষে নতুন করে হয়েছে, তার রক্ষণাবেক্ষণ সঠিক পরিকল্পনা মোতাবেক করা হোক, সবাই তা চাইবে; প্রিয়জনদের অনুগ্রহ বণ্টনের ফর্মুলা ধরে যেন তা না হয়।উপসংহারে বলা যায়, বিশ্বকাপ ২০১১-এর অভিজ্ঞতা অমূল্য সম্পদ হয়ে থাকবে। এবারের অর্জনকে সুসংহত করতে হবে। ক্রিকেট বোর্ডের রয়েছে দক্ষ পেশাদার কর্মী বাহিনী ও অগণিত অপেশাদার নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠক। এক বিপুলসংখ্যক খণ্ডকালীন স্বেচ্ছাসেবীও প্রশিক্ষিত হয়েছেন। বাংলাদেশের জনগণ ক্রিকেট প্রেমের যে দৃষ্টান্ত রেখেছে ও রাখতে যাচ্ছে, তা থেকে ভবিষ্যতে হয়তো আরও বড় দায়িত্ব পালনের জন্য, অর্থাৎ এককভাবে বিশ্বকাপ করার ডাক তারা পাবে। অল্প জনসংখ্যার ওয়েস্ট ইন্ডিজ যদি সফল আসর চালাতে পারে, বাংলাদেশের বিপুল জনগোষ্ঠী কেন তা পারবে না। ওয়েস্ট ইন্ডিজ বিষয়টি এত গুরুত্বের সঙ্গে নিয়েছিল যে ২০০৭-এর বছর খানেক আগে ত্রিনিদাদ-টোবাগোর পার্লামেন্ট ঠিকভাবে বিশ্বকাপ চালানোর জন্য এক আইনও পাস করেছিল।উপরন্তু, অনেক সাময়িক চাকরি তৈরি, বিশাল উৎসুক কর্মী বাহিনীকে বৃহত্তর চ্যালেঞ্জের মুখোমুখি করা, ক্রিকেটের বিশ্বমানের কর্মযজ্ঞে দেশের অন্যান্য খেলার সংগঠনগুলোর জন্য দৃষ্টান্ত স্থাপন, সীমিত আকারে হলেও পর্যটন-সম্ভাবনার প্রচার তথা বাংলাদেশকে পর্যটক-গন্তব্য হিসেবে এক ধাপ এগিয়ে নেওয়া, সর্বোপরি ক্রীড়াঙ্গনে সঠিক আর্থিক ব্যবস্থাপনার প্রশিক্ষণ—এসবই হবে এই বিশ্বকাপের রেখে যাওয়া উত্তরাধিকার।