‘মুখে শহীদ মিনার এঁকে দেব?’ প্রশ্ন শুনে পেছনে তাকাল মাইশা ও জাওয়াদ। মঙ্গলবার দুপুরে মা-বাবার সঙ্গে বইমেলায় যাচ্ছিল ওরা। টিএসসির মোড় থেকে তাদের পিছু নেন আলপনা আঁকিয়েরা। অবশেষে মা-বাবার মন গলল। মাইশা জাতীয় পতাকা ও জাওয়াদ ক্রিকেট ব্যাট আর বল আঁকাল মুখে। ওরা দারুণ খুশি। অমর একুশে গ্রন্থমেলায় গতকালের দিনটা ছিল শিশুদের জন্য। বড়দের ভিড় নেই, নেই ধাক্কাধাক্কি। মা-বাবার হাত ধরে গুটিগুটি পায়ে ছোট্ট শিশুরা বিভিন্ন স্টলে ঘুরেছে, নিজেরা পছন্দ করে বই কিনেছে। বিভিন্ন স্টলের বিক্রেতারা জানান, সকালের দিকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় অনেক শিশু-কিশোর আসতে পারেনি। তবে এর পরও উপস্থিতি একেবারে মন্দ ছিল না।শিশুদের জন্য বই নেহাত কম নয়: শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী মালিহা আক্তার এসেছিল মা পারভিন আক্তারের হাত ধরে। স্টলে সে দেখছিল দি হরিপদ টিম বইটি। সঙ্গে থাকা মালিহার দাদি কোহিনূর বেগম বইটি খুলে দেখাতে চাইলে সে বিরক্ত হয়ে বলে, ‘আমাকেই দেখতে দাও।’ পাঠসূত্রের সামনে মালিহার জবাব স্মরণ করিয়ে দেয়—শিশুদেরও আলাদা একটা জগত্ আছে, চাহিদা আছে। শিশু-কিশোরদের জন্য তাদের উপযোগী বইয়ের প্রকাশনা অত্যন্ত জরুরি। মেলায় প্রতিবছরই শিশুদের জন্য আলাদা চত্বর থাকে। প্রকাশিত হয় অনেক ধরনের বই। কিন্তু এসব বই প্রকৃতই শিশুদের উপযোগী? বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক ওসমান গনি বলেন, ‘আমাদের এখানে শিশু-কিশোরদের প্রচুর বই প্রকাশ হয়, কিন্তু এসবে যত্ন নেই বিন্দুমাত্র। যেসব বই পাওয়া যায়, এর বেশির ভাগই বিদেশি বইয়ের অনুবাদ; ভুল বাক্য, ভুল বানানে ভরা, অনুবাদেও ভুল থাকে।’ বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বললেন, এ মুহূর্তে সবচেয়ে জরুরি, মুক্তিযুদ্ধের একদম সঠিক ইতিহাস নিয়ে ছোটদের জন্য বই লেখা। এই থাকা না-থাকার মধ্যেও বোঝা যায়, মেলায় শিশু-কিশোরদের বইয়ের একটা বিরাট চাহিদা আছে। অনেক স্টলের একটি অংশ শুধু শিশু-কিশোরদের বইয়ের জন্যই ছেড়ে দেওয়া হয়েছে। নজরুল মঞ্চের পেছনে পাশাপাশি বেশ কয়েকটি শিশুদের বইয়ের স্টল দেখা গেল। ওয়ার্ল্ড অব চিলড্রেনস বুকস, ইতি প্রকাশন, পাতাবাহার, ছোটদের মেলা, ঝিঙেফুল, কল্পদূত, ফুলকি বইঘর, মা প্রকাশনী, টইটম্বুর প্রভৃতি স্টলে দেখা গেল রংবেরঙের শিশুতোষ বই। গতকাল বিকেলে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনই শিশুদের বইয়ের চাহিদা থাকে। বড়রাও আসেন এসব স্টলে। ক্রিকেট-আনন্দ মেলাতেও: বিশ্বকাপ ক্রিকেটের উত্তাপ মেলা পর্যন্ত পৌঁছাবে না, তা হয় না। গতকাল ছিল বাংলাদেশ ও পাকিস্তানের প্রস্তুতিমূলক ম্যাচ। বিকেলের দিকে মেলামাঠে বিচ্ছিন্ন জমে ওঠা আড্ডাগুলোতে গিয়ে দেখা যায়, নতুন বইয়ের পাশাপাশি ক্রিকেট নিয়েও আলোচনা চলছে। বুঝতে বাকি রইল না, ক্রিকেটের আনন্দ মেলাকেও ছুঁয়েছে। মুখে উলকি আঁকার মধ্যেও ছিল ক্রিকেটের ছোঁয়া। গতকাল সকালেই মেলা শুরু হলেও সন্ধ্যায় পুরোপুরি জমে ওঠে। সন্ধ্যা সাতটায়ও যত দূর চোখ গেছে, কেবল মানুষ আর মানুষ। বইপ্রেমীদের সারি পৌঁছে গেছে উত্তরে টিএসসির মোড় ও দক্ষিণে দোয়েল চত্বর পর্যন্ত। পয়লা ফেব্রুয়ারি বইমেলা শুরুর পর এত দিন প্রায় ফাঁকা ছিল দুই পাশের ফুটপাতের জায়গাগুলো। কাল সেই ফুটপাতেও ভিড় দেখা গেল। এসেছে আরও ১১২ বই: বাংলা একাডেমীর জনসংযোগ কমকর্তা মুর্শিদুদ্দিন আহম্মদের দেওয়া হিসাব অনুযায়ী মেলায় গতকাল মোট ১১২টি নতুন বই এসেছে। এর মধ্যে রয়েছে প্রথমা প্রকাশন থেকে রেজাউর রহমানের সাপ, আগামী প্রকাশনী থেকে নাসির আলী মামুন ও সাখাওয়াত টিপুর চাঁড়ালনামা, অ্যাডর্ন পাবলিকেশন্স থেকে মোমিনুল হকের আলেয়ার আলো, মৃত্যুঞ্জয় রায়ের তুষার তীর্থ, হাবীবুল্লাহ সিরাজীর যমজ প্রণালী, বিপ্রদাশ বড়ুয়ার কালো নদী, ঐতিহ্য থেকে রেজাউর রহমানের ঐ বয়োযবনিকা, আবদুশ শাকুরের কাঁটাতে গোলাপও থাকে, গোলাম শফিকের যখন স্বাধীনতা অনিবার্য হয়ে পড়ে, অনুপম প্রকাশনী থেকে সুমন্ত রায়ের একাত্তরের শিশু, অনিন্দ্য প্রকাশ থেকে মো, শহীদুল্লাহ সিকদারের চর্ম ও যৌন রোগ চিকিত্সা, শুভ্র প্রকাশ থেকে সিমু নাসেরের তিতিরের বর্ণমালা, স্কয়ার পাবলিকেশন্স থেকে সৈয়দ নুরুল ইসলামের এইতো সময়, আল আমীন প্রকাশন থেকে টোকন ঠাকুরের সুই ও ব্লেড, রেজা ঘটকের সাধু সংঘ, বাংলা প্রকাশ থেকে আহসান হাবীবের হাইপোথিসিস, অবসর থেকে প্রদীপ রায় ও মালবিকা বিশ্বাসের পরিভাষা অভিধান (কলা ও সামাজিক বিজ্ঞান), পার্ল পাবলিকেশন্স থেকে সিরাজুল ইসলাম চৌধুরীর দুই যাত্রায় এক যাত্রী, উত্স প্রকাশন থেকে সুমনকুমার দাশ সম্পাদিত আরকুম শাহ সমগ্র ইত্যাদি। মেলা মঞ্চের আয়োজন: বিকেলে গ্রন্থমেলার মূলমঞ্চে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে ‘রবীন্দ্রনাথের চিত্রকলা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর। আলোচনা করেন অধ্যাপক আবুল মনসুর, শিল্প-সমালোচক মইনুদ্দীন খালেদ এবং অধ্যাপক শরীফ আতিক-উজ-জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল রবীন্দ্রসংগীত ও নৃত্য পরিবেশনা। আজও মেলা শুরু হবে সকালে। আজ শিশু প্রহরের দ্বিতীয় দিন। বেলা ১১টা থেকে তিনটা পর্যন্ত অভিভাবক নিয়ে শিশুরা ঘুরে বেড়াতে পারবে মেলায়। বেলা তিনটায় সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।