বিশ্বকাপের এক্স-ফ্যাক্টর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭৫ থেকে ২০০৭—৩২ বছরে ৯টি টুর্নামেন্ট দেখে ফেলা ওয়ানডের বিশ্বকাপ কিন্তু সব সময় একই ধারায় চলেনি। একটু একটু করে এসেছে বৈচিত্র্য, দেখা গেছে নানা নানা উদ্ভাবনী চিন্তা। পোশাক আর বলের সঙ্গে বদলে গেছে অনেক কিছুই। যোগ হয়েছে রিভার্স সুইং, স্লোয়ার, সুপার সাব, পিঞ্চ হিটিং, সুইচ হিটিং, পাওয়ার প্লে, ডিসিশন রিভিউ সিস্টেম ইত্যাদি। টুর্নামেন্টের ফরম্যাটও বদল হচ্ছে নিয়তই। একই সমতলে দলগুলোও বদলে ফেলেছে নিজস্ব কৌশল। বিশ্বকাপের ইতিহাস বলছে, নতুন কোনো বুদ্ধি বা প্রতিপক্ষকে চমকে দেওয়ার মতো দলীয় পরিকল্পনাই ছিল শিরোপা জয়ের গোপন সূত্র বা ‘এক্স ফ্যাক্টর’। এই বৈচিত্র্য আর উদ্ভাবনী চিন্তা প্রথম তিন বিশ্বকাপে তেমন চোখে পড়েনি। পরিবর্তনের কিছুটা ছোঁয়া লাগল ১৯৮৩ বিশ্বকাপের শেষের দিকে এসে, যখন ভারতীয় মিডিয়াম পেসাররা হঠাৎ আবিষ্কার করলেন যে তাঁদের নিরীহ-দর্শন সিম বোলিংটাই কন্ডিশনের সহায়তায় হালকা সুইং করে ব্যাটসম্যানদের ভালোই বিপদে ফেলছে। আর এটাই শেষ পর্যন্ত ভারতকে এনে দিয়েছিল এক অবিশ্বাস্য শিরোপা।উপমহাদেশ বলে ১৯৮৭-এর বিশ্বকাপে প্রয়োজন ছিল নতুন কোনো কৌশলের। আর তাতেই দান মেরে দিলেন স্টিভ ওয়াহ! অলরাউন্ডার পরিচয়ে নিজের প্রথম বিশ্বকাপ খেলতে আসা স্টিভের মোক্ষম অস্ত্র হয়ে দাঁড়াল ‘স্লোয়ার ডেলিভারি’। শুরুর ১৭ বছর পর বিশ্বকাপ পা রাখল ওয়ানডের আঁতুড়ঘর অস্ট্রেলিয়ায়। ১৯৯২-এর বিশ্বকাপ যে শুধু নতুন একটা মহাদেশে পা রেখেছে তা-ই নয়, কেরি প্যাকারের দুঃসাহস যুগান্তর ঘটিয়ে দিয়েছে একদিনের ম্যাচের চরিত্র। সাদা পোশাক ছেড়ে বাহারি রঙের জার্সি, সাদা বল ছাড়াও ১৫ ওভারের বাধ্যবাধকতা যুক্ত হলো। তবে মনোযোগটা কেড়ে নিল মার্টিন ক্রোর নিউজিল্যান্ড। চিরকালের সাবধানী ওপেনিং ছেড়ে গ্রেটব্যাচের সেই শিকলছেঁড়া আগ্রাসন হিসাবনিকাশ পাল্টে দিচ্ছিল সবার। আবার ব্যাট করতে নেমেই দীপক প্যাটেল নামের এক অফ স্পিনারের মুখোমুখি হওয়াটাও ছিল এক নতুন অভিজ্ঞতা।১৯৯২-এ নিউজিল্যান্ড যেখানে শেষ করল, ১৯৯৬-এ এসে যেন ঠিক সেখান থেকেই শুরু করল শ্রীলঙ্কা। ১৫ ওভারের ফিল্ডিং-বাঁধা আর উপমহাদেশের মরা পিচে পিঞ্চ হিটিংয়ের পুরো ফায়দা নিলেন সনাৎ জয়াসুরিয়া আর রমেশ কালুভিতারানা নামের লঙ্কান দুই বিস্ফোরক ওপেনার। বোলারদের নিয়ে জয়াসুরিয়া আর কালুভিতারানার তাচ্ছিল্য শেষ হলে শুরু হতো অর্জুনা আর ডি সিলভাদের মিছরির ছুরির মতো ব্যাটিং। বোলারদেরও অবদান ছিল, তবে সেবার শ্রীলঙ্কার সাফল্যের ৭০ ভাগ কৃতিত্ব ব্যাটসম্যানদেরই। তাই অধিনায়ক রানাতুঙ্গা ঐতিহ্যকে (বা কিছুটা কুসংস্কার) বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফাইনালের মতো ম্যাচেও টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিয়ে সবাইকে চমকে দিলেন। আর লাহোরের গাদ্দাফির মত একপেশে ফাইনাল এর আগে কোনো বিশ্বকাপই দেখেনি! শ্রীলঙ্কার ওই চোখ-ধাঁধানো পারফরম্যান্সের পেছনে এক্স ফ্যাক্টর ছিল মূলত দুটি—শুরুতেই প্রতিপক্ষের বোলারদের এলোমেলো করে দেওয়া, আর যেকোনো রান তাড়া করার আকাশচুম্বী আত্মবিশ্বাস।বিশ্বকাপ আবার বিলেতে ফিরতেই শুরু পুরোনো পথচলা। প্রথম ১৫ ওভারের পিঞ্চ হিটিং শিকেয় উঠল, ব্যাটসম্যানরা মজল স্লগ ওভারের ব্যাটিংয়ে। পাকিস্তানের শেষ ১০ ওভারের ঝোড়ো ব্যাটিং আর সুইং-বান্ধব উইকেটে নিয়ন্ত্রিত বোলিংকে যখন ১৯৯৯ বিশ্বকাপের এক্স ফ্যাক্টর বলে মনে হচ্ছিল তখনই ভেলকি শেন ওয়ার্ন নামের লেগির। সিমিং কন্ডিশনেও যে স্পিন কার্যকর তার প্রমাণ রেখে সেমিফাইনাল আর ফাইনালে পরপর ম্যান অব দ্য ম্যাচ। কিন্তু তার পরও অস্ট্রেলিয়া এতদূর আসত না যদি ম্যাকগ্রা একাই গুঁড়িয়ে না দিতেন লারা আর টেন্ডুলকারের সব চেষ্টাকে; যদি না বরফমানব স্টিভ ওয়াহ হেডিংলিতে ১২০ রানের সেই কিংবদন্তি ইনিংসটা খেলতেন। আসলে ১৯৯৯-এর বিশ্বকাপের এক্স ফ্যাক্টর ছিল এই ‘দলীয় চেষ্টা’, সেমিতে ক্লুজনারের সেই উন্মত্ত দৌড়।এই টিম গেমের মন্ত্রটা পরেরবার সবচেয়ে বেশি জপছিল ভারত। সৌরভের নেতৃত্বে তরুণ আর অভিজ্ঞদের নিয়ে গড়া ভারতীয় দল ২০০৩ বিশ্বকাপে যেন ছিল এক সুতায় গাঁথা মালা। কিন্তু দুর্ভাগ্য তাদের। পন্টিংয়ের অতিমানবীয় ইনিংসে শেষ হয়ে যায় তাদের স্বপ্ন।আসলে অসিরা এমনই। বড় কোনো উপলক্ষে তারা জ্বলে উঠবেই। ১৯৮৭-এ ফাইনালে ডেভিড বুন, ১৯৯৯ সালে ওয়ার্ন, ২০০৩-এ পন্টিং আর ২০০৭-এ গিলি—ভাগ্যদেবীর যেন অন্যায় পক্ষপাতিত্ব অস্ট্রেলিয়ার প্রতি। তৃতীয়বারের মতো উপমহাদেশে পা রেখেছে বিশ্বকাপ। চিরাচরিত ন্যাড়া উইকেটে প্রথম ১৫ ওভারে তুলে মারার কৌশল আবার দেখা যেতেই পারে। তবে শেষের দিকে ৫ ওভার ব্যাটিং পাওয়ার প্লের কথা মাথায় রেখে দলগুলো শুরুতেই লাগামহীন আক্রমণে কিছুটা ছাড় দিতে পারে। সেই সঙ্গে ইনিংসের ঠিক কোন সময়ে পাওয়ার প্লেটা নেওয়া উচিত সেটা নিয়েও নতুন কোনো উদ্ভাবনী চিন্তা দেখা যেতে পারে। মোট ৪৯টা ম্যাচের মধ্যে মাত্র ১১টা সকালে শুরু হবে, বাকি ৩৮টা, বিশেষ করে সব নকআউট ম্যাচই হবে কৃত্রিম আলোয়। পড়ন্ত শীতে সন্ধ্যার পর শিশিরভেজা উইকেট আর আউটফিল্ডের আচরণ নিয়ে দলগুলো অবশ্যই অবগত। নিকট অতীতে দেখিয়েছে এই সমস্যায় তিনশর বেশি রানও তাড়া করতে তেমন বেগ পেতে হয়নি।গত তিনবারের সুপার সিক্স বা সুপার এইট বাদ দিয়ে এবার নকআউট শুরু হয়ে যাচ্ছে প্রথম রাউন্ডের পরই। ভারত-পাকিস্তানের মতো দর্শক টানা দলগুলিকে ধরে রাখতে এবারের ফরম্যাটটা করা হয়েছে ১৯৯৬-এর মতো। প্রতিটি দল নিজেদের গ্রুপে ৬টা করে ম্যাচ খেলবে, তারপর শীর্ষ ৮ দল খেলবে কোয়ার্টার ফাইনালে। এতে ভালো-খারাপ দুটোই আছে। দুর্দান্তভাবে নকআউটে আসা একটি দল বাদ পড়ে যেতে পারে কোয়ার্টার ফাইনালেই। আবার গ্রুপে ধুঁকতে থাকা কোনো দল নকআউটের দুটি ম্যাচ জিতে উঠে যেতে পারে ফাইনালে। বিশেষ দিনে বিশেষ কোনো পারফরম্যান্স টুর্নামেন্টের গতি পাল্টে দিতে পারে। রানরেট অনুকূলে থাকলে ৭ ম্যাচে মাত্র ৪ জয় নিয়েই যেকোনো দল সেমিতে পৌঁছে যেতে পারে। আর এ কারণেই সাকিব-তামিমদের স্বপ্নের পরিধিটা ‘যেকোনো কিছু হতে পারে’ পর্যন্ত যাচ্ছে!হঠাৎ নামা বৃষ্টি যে ডাকওয়ার্থ-লুইস সাহেবদের শরণাপন্ন করবে না, গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না। যেহেতু ডি-এল পদ্ধতিতে লক্ষ্য নির্ধারণে ব্যাটিং পাওয়ার প্লে বাকি থাকা বা না থাকাটা ধর্তব্য নয়, তাই রান তাড়া করার সময় বৃষ্টির সম্ভাবনা দেখলেই অবস্থা বুঝে ব্যাটিং পাওয়ার প্লেটা নিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। কারণ বৃষ্টি বেশি ওভার কাটা নিলে ব্যাটিং পাওয়ার প্লেটা নাও পাওয়া যেতে পারে।তা হলে কী ধরে নেওয়া যায়? ব্যাটিং পাওয়ার প্লে আর স্পিন বোলিংই হতে যাচ্ছে এবারের বিশ্বকাপের এক্স ফ্যাক্টর।ওয়েবসাইট অবলম্বনে