বিশ্বকাপের খেলা দেখতে না পেরে বিক্ষুব্ধ দর্শকদের সড়ক অবরোধ, গাড়ী ভাঙচুর
বিশ্বকাপ ফুটবল আজ শনিবার রাতে আর্জেন্টিনার খেলা চলাকালে বিদ্যুত না থাকায় বিক্ষুব্ধ দর্শকেরা রাজধানীর বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর করেছে। এ সময় তারা বিদ্যুতের দাবিতে সড়কও অবরোধ করে রাখে। পুলিশ সূত্র জানায়, আজ রাতে খেলা চলাকালে রাজধানীর সায়েদাবাদ, মানিকনগর ও ধলপুরে বিদ্যুত ছিল না। টিভিতে খেলা দেখতে না পেরে রাত সাড়ে আটটার দিকে স্থানীয় কয়েকশ তরুন বিদ্যুতের দাবিতে লাঠি ও রড হাতে রাস্তায় নেমে আসে। বিক্ষুব্ধরা যানবাহন ভাঙচুর শুরু করে। এক পর্যায়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। রাত সাড়ে আটটা থেকে দশটা পর্যন্ত অচলাবস্থা চলার সময় আশপাশের সড়কগুলোতে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, থানা পুলিশের পাশাপাশি দাঙ্গা দমন বিভাগের সদস্যরা লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়। একই সময় শতাধিক লোক লাঠি হাতে বিদ্যুতের দাবিতে দয়াগঞ্জ সড়কে নেমে আসে। তারা দয়াগঞ্জ ব্রীজের নিচে পুলিশের একটি বাস ভাঙচুর করে। এ সময় বিক্ষুব্ধরা ওই সড়কে আরও কিছু গাড়ি ভাঙচুর করে।ওয়ারী বিভাগের পুলিশের উপ-কমিশনার তওফিক মাহবুব চৌধুরী প্রথম আলোকে বলেন, বিশ্বকাপ খেলা চলাকালে তার বিভাগের অন্যান্য এলাকার বিদ্যুত থাকলেও গেণ্ডারিয়ায় ছিল না। এ সময় বিক্ষুব্ধরা পুলিশের গাড়িসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। উপ কমিশনার জানান ধারণা করা হচ্ছে, এই এলাকায় ১৫-২০ টি গাড়ি ভাঙচুর হয়েছে। খেলা দেখতে না পেরে বিক্ষুব্ধ দর্শকরা বিদ্যুতের দাবিতে সবুজবাগের মাদারটেকের বিদ্যুত অফিস ঘেরাও করে বিক্ষোভ করে। থানার ওসি আসাদুজ্জামান জানান, বিক্ষোভ করলেও বিদ্যুত কার্যালয়ে ভাঙচুর হয়নি।বিদ্যুতের দাবিতে কয়েকশ যুবক মিরপুর ১ নম্বর থেকে কল্যাণপুর সড়কে অবরোধ করে রাখে। তারা এ সময় বিক্ষোভ করে। ফলে আশপাশের সড়কগুলোতে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, বিক্ষুব্ধরা রাস্তায় নামলেও কোনো ভাঙচুর করেনি। পরে পুলিশ বুঝিয়ে যুবকদের রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। বিদ্যুতের দাবিতে বিক্ষুব্ধ যুবকরা গাবতলীর বাবাড়ি ও মিরপুর সাড়ে ১১ নম্বরে নেমে গাড়ি ভাঙচুরে ঢিল ছোড়ে। পল্লবী থানার ভারপ্রাপ্ত (ওসি) জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কোনো যানবাহন ভাঙচুর হয়নি। এছাড়াও নগরীর নয়াবাজার, মুরগীটোলাসহ আরও কিছু এলাকায় বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুরের খবর পাওয়া গেছে।